শুক্রবার, ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সারাদেশে কালবৈশাখী ঝড়ে দুই দিনে নিহত ৩৪

strom 1_0ডেস্ক রির্পোট : সারাদেশে আকস্মিক কালবৈশাখীর ঝড়ে গত দুই দিনে অন্তত ৩৪ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন দেড় শতাধিক। এর মধ্যে শুধু বগুড়া শহর ও এর পার্শ্ববর্তী বিভিন্ন থানায় নিহত হয়েছেন ১৯ জন। রাজধানী ও রাজশাহীতে পৃথকভাবে ৯ জন মারা যান। কালবৈশাখীর আঘাতে বোরো ফসল ও ঘর-বাড়ির ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়। গাছপালা ভেঙে বিপর্যস্ত হয়ে পড়ে বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা। অনেক এলাকায় এখনও বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়নি।
কুষ্টিয়ায় নিহত ৩

কুষ্টিয়া সদর উপজেলার কয়েকটি ইউনিয়নে গতকাল রোববার রাত তিনটার দিকে বয়ে যাওয়া কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টিতে আহত হয়ে তিন ব্যক্তি মারা গেছেন।

সদর উপজেলার সহকারী ভূমি কর্মকর্তা উত্তম বড়ুয়া এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। নিহত ব্যক্তিদের মধ্যে একজন দেয়াল চাপায়, একজন টিনের চাল ফুটো হয়ে শিলার আঘাতে ও অন্যজন বজ্রপাতে মারা গেছেন। নিহত ব্যক্তিদের নাম-পরিচয় তাৎক্ষণিক ভাবে জানা যায়নি। তিনি জানান, ঝড় ও শিলাবৃষ্টিতে এ উপজেলার উজানগ্রাম, আইলচারা, ঝাউদিয়াসহ আরও কয়েকটি ইউনিয়নে শতাধিক বাড়িঘরের টিনের চাল শিলার আঘাতে দুমড়ে-মুচড়ে গেছে। একই সঙ্গে সহস্রাধিক হেক্টর জমির ফসল নষ্ট হয়ে গেছে।

উজান গ্রামের বাসিন্দা মো. উকিল জানান, রাত তিনটার দিকে হঠাৎ করে ঝড় শুরু হয় ও শিলা পড়তে শুরু করে। শিলার আঘাতে ঘরের টিন দুমড়ে-মুচড়ে গেলে তিনি স্ত্রী-সন্তানসহ চৌকির নিচে লেপ মুড়ি দিয়ে আশ্রয় নেন।

কুষ্টিয়ার জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন সকাল থেকে ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
রাজধানী

গত শনিবার সন্ধ্যার পর রাজধানী ঢাকাসহ বিভিন্ন জেলায় গাছ বা দেয়ালচাপা পড়ে এ হতাহতের ঘটনা ঘটে। ঝড়ের সঙ্গে বৃষ্টিপাত ও শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে ফসলের। উপড়ে পড়েছে অসংখ্য গাছপালা। বিধ্বস্ত হয়েছে কয়েক হাজার কাঁচা ঘরবাড়ি। এ ছাড়া দেশের অনেক জেলায় ঘটনার পর থেকে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে।

ঢাকার সদরঘাটে নদী পারাপারের সময় ঝড়ের কবলে পড়ে হানিফ শেখ (৪০) নামে একজন মারা গেছেন। ঝড় আঘাত হানার পর শনিবার দিনগত রাত পৌনে ২টার দিকে রাজধানীর বিজয় সরণি এলাকায় বিলবোর্ড মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মিজানুর রহমান (৩৯) ও আব্বাস আলী (৩০) নামে ২ শ্রমিক নিহত হন।
বগুড়ায় নিহত ১৪

কালবৈশাখী ঝড়ে বগুড়ায় নারী ও শিশুসহ চৌদ্দজন মারা গেছেন। আহত হয়েছেন বেশ কয়েকজন। জেলার বিভিন্ন উপজেলায় কালবৈশাখি ঝড়ে লণ্ড ভণ্ড হয়েছে শতাধিক টিনের ঘর বাড়ি আর গাছপালা। পাশাপাশি শিলা বৃষ্টিতেও ক্ষয়ক্ষতি হয়েছে ব্যাপক। ঝড় শনিবার সন্ধ্যা ৬টা থেকে শুরু হওয়া ঝড় বৃষ্টি চলে সন্ধ্যা পৌনে ৭টা পর্যন্ত। এর মধ্যে ৬টা ১ মিনিট থেকে ৬টা ১৩ মিনিট পর্যন্ত ঝড়ের সময় বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ৯৯ দশমিক ৯ কিলোমিটার।

বগুড়া সদর উপজেলায় ঝড়ের সময় নিজ বাড়িতে মারা যান মৃত আবদুল ওয়াহেদ সরকারের স্ত্রী আজিরন বিবি (৪০), নজরুল ইসলামের শিশুকন্যা নীলা (৩ মাস), শাজাহান মিয়ার ছেলে মো. রজব (১৫) ও আইজলের ছেলে মো. পলাশ (১৮)।

এ ছাড়া শাজাহানপুর উপজেলায় লুৎফর রহমানের ছেলে আবদুল মান্নান ওরফে ফাননা (৩৫), মৃত তায়েব আলীর স্ত্রী রাবেয়া বেওয়া (৬৫) ও বাবলু মিয়ার ছেলে পায়েল ওরফে বুদার (১৬) মৃত্যু হয়েছে।

সারিয়াকান্দিতে ঝড়ের কবলে পড়ে মৃত্যু হয়েছে ফুলবাড়ী বাজারের নূরু প্রামাণিকের ছেলে চা বিক্রেতা সুজন মিয়া (৩০), একই ইউনিয়নের মাঝিপাড়া এলাকার সিজান চন্দ্র বর্মণের ছেলে সুবল চন্দ্র বর্মণ (২৫) ও নারচী ইউনিয়নের নারচী গ্রামের ইয়াদ আলীর স্ত্রী শান্তা বেগমের (২৫)।

কাহালু উপজেলায় ঝড়ে মারা গেছেন আবদুর সাত্তারের ছেলে আজিজুল (১৯) ও আবেদ আলীর ছেলে ইসমাইল হোসেন (৩৮)।

ধুনট উপজেলায় ঝড়ে মারা গেছেন ফয়েজ প্রামাণিকের ছেলে আফজাল হোসেন (৬০) নামে এক ব্যক্তি।

সোনাতলা উপজেলায় মৃত মকো প্রামাণিকের স্ত্রী ফিরোজা বেওয়া (৫৫) ঝড়ের আঘাতে মারা গেছেন।

গাবতলী উপজেলায় আছরউদ্দিন ওরফে আসাদের স্ত্রী সামিয়া বেগম ওরফে আসমা (৩২) নামে এক কালবৈশাখী ঝড়ে নিহত হয়েছেন।
রাজশাহীতে নিহত ৩

ঝড়ের কবলে পড়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফোকলোর চত্বরে অজ্ঞাতপরিচয় এক বৃদ্ধ ভিক্ষুক মারা গেছেন। বাঘা উপজেলার পাকুরিয়ায় ঝড়ে দেয়ালচাপা পড়ে জাহানারা বেগম (৬৫) নামে এক মহিলার মৃত্যু হয়েছে। একই উপজেলার কিশোরপুর গ্রামে নদীতে মাছ ধরে ফেরার পথে নৌকা বাঁধতে গিয়ে পাড় ধসে মারা গেছেন এমাজউদ্দিন (৪৫) নামে এক জেলে মারা গেছেন।

গোদাগাড়ি উপজেলায় ঝড়ের সময় মাটির দেয়ালচাপা পড়ে মনোয়ারা বেগম (৪৫) এক ব্যক্তি মারা গেছেন।

পবা উপজেলায় আবুল হোসেন নামে এক ব্যক্তি ঝড়ের কবলে পড়ে মারা গেছেন।

এছাড়া ঝড়ে আম, লিচুসহ ফসলের ব্যাপক ক্ষতির আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। এছাড়া মহানগরীর সাহেব বাজার, গোরহাঙ্গা রেলগেট, নওদাপাড়া, বায়া, বিমানবন্দর থানার মোড়, শালবাগান এবং লক্ষ্মীপুর এলাকার রাস্তার ধারের বিভিন্ন গাছপালা ভেঙে গেছে। বিভিন্ন এলাকায় সাইনবোর্ড ভেঙে গেছে। পাশাপাশি ক্ষতিগ্রস্ত হয়েছে রাস্তার পাশের অস্থায়ী দোকান।

মহানগরীর বাইরে রাজশাহীর তানোর, গোদাগাড়ী, পবা, পুঠিয়া, বাগমারা, বাঘা, চারঘাট ও মোহনপুর উপজেলায় ঝড়ে আম, লিচু বাগান ও পানের বরজের ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। কিছু স্কুল-কলেজের টিন উড়ে গেছে। কাঁচা ঘরবাড়ি ভেঙে যাওয়ার খবর পাওয়া গেছে।
পাবনায় নিহত ১

পাবনায় রাত সাড়ে ৮টার দিকে চাঁদমারী এলাকায় ঝড়ে গাছের নিচে চাপা পড়ে জামেল উদ্দিন (৮০) নামে এক বৃদ্ধ চা বিক্রেতার মৃত্যু হয়েছে।
নওগাঁয় নিহত ১, আহত ১৫

নওগাঁর মান্দা উপজেলার মহানগর গ্রামে ঝড়ের কারণে দেয়াল ধসে শাহনাজ বেগম (৩৫) নামে এক মহিলার মৃত্যু হয়েছে। এ সময় আরও অন্তত ১৫ জন আহত হন।
দিরাই (সুনামগঞ্জ) নিহত ১

সুনামগঞ্জের দিরাই উপজেলার চরনারচর ইউনিয়নের কার্ত্তিকপুর গ্রামে কালবৈশাখী ঝড়ে ঘর ধসে পড়ে ফারজানা নামের এক বছর বয়সী এক শিশু মারা গেছে।
নাটোরে নিহত ২

কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টির সময় নাটোরে বজ্রপাতে গুরুদাসপুর উপজেলার খুবজীপুর ইউনিয়নের পিপলা গ্রামে খোকন আলী ( ১৯) নামে এক কলেজছাত্র ও সিংড়া উপজেলার দেওলা গ্রামে রাবিয়া বেগম ( ৩০) এক নারীর মৃত্যু হয়েছে।

এছাড়া ঝড় ও শিলাবৃষ্টিতে অর্ধশতাধিক কাঁচা ঘর-বাড়ি বিধ্বস্ত হয়েছে। পাশাপাশি আম, কাঁঠাল ও ধানসহ বিভিন্ন ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এসময় গাছপালা এবং বিদ্যুতের খুঁটি উপড়ে পড়ায় জেলার বিভিন্ন স্থানে বন্ধ রয়েছে বিদ্যুৎ সরবরাহ।
সিরাজগঞ্জে নিহত ২, নিখোঁজ ১

বজ্রপাতে ও নৌকাডুবির কারণে ২ জন নিহত ও একজন নিখোঁজ রয়েছে। নিহতদের মধ্যে বজ্রপাতের কারণে উল্লাপাড়া উপজেলার দুর্গাপুর গ্রামের আবদুস সবুরের ছেলে ফজলার রহমান (৪৫) মারা গেছেন এবং কাজিপুরে যমুনা নদীতে নৌকাডুবির উপজেলার পীরগাছা গ্রামের মোজাম্মেল হক (৫৫) নিহত ও একই গ্রামের আবদুল খালেক নিখোঁজ রয়েছেন।
জগন্নাথপুরে নিহত ১

গত শনিবার রাতে সাড়ে ৯টায় বয়ে যাওয়া কালবৈশাখী ঝড়ে উপজেলার বিভিন্ন গ্রামের সহস্রাধিক কাঁচা ঘর বিধ্বস্ত হয়েছে। ঘরের নিচে পড়ে মারা গেছেন পৌর এলাকার শেরপুর গ্রামের নূরজাহান বিবি (৭৫) নামের এক বৃদ্ধ মহিলা। তিনি তছর উল্যার স্ত্রী।
সাঘাটায় নিহত ১

সাঘাটায় ঝড়ে নৌকাডুবিতে এক গৃহবধূ নিহত হয়েছেন। গতকাল তার লাশ উদ্ধার করেছে। নিহত গৃহবধূর নাম সাহানা বেগম ।

নিহতের পারিবারিক সূত্র জানায়, গত শনিবার সকালে সাহানা বেগম তার স্বামী আমিনুল ইসলামের সঙ্গে সাঘাটা উপজেলার হলদিয়া ইউনিয়নের নলছিয়া গ্রামের যমুনা নদীর চরের জমিতে পিয়াজ তুলতে যান। সন্ধ্যায় বাড়ি ফেরার পথে মাঝ নদীতে প্রচণ্ড বাতাসে নৌকাটি ডুবে যায়।
নরসিংদীতে নিহত ১

নরসিংদী সদর উপজেলার পাঁচদোনায় প্রচণ্ড ঘূর্ণিঝড়ে গাছের নিচে চাপা পড়ে আলাল মিয়া (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। গত শনিবার রাত ৮টার দিকে ঝড়ের সময় রাস্তা দিয়ে বাড়ি যাবার পথে হঠাৎ একটি গাছ ভেঙে আলাল মিয়ার উপরে পড়লে তিনি মারা যান।
মেহেরপুরে ফসল ও ঘরবাড়ির ব্যাপক ক্ষয়ক্ষতি

কালবৈশাখী ঝড়ে মেহেরপুরের বিভিন্ন অঞ্চলে ফসল ও ঘরবাড়ির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

ঝড়ে মেহেরপুর-কুষ্টিয়া মহাসড়কের গাংনী উপজেলার চোখ তোলার মাঠ ও বাঁশবাড়িয়া মাঠের মধ্যে রাস্তার ওপর গাছপালা ভেঙে পড়ে।

এতে অন্তত অর্ধশতাধিক বাস-ট্রাকসহ অন্যান্য যানবাহন আটকে পড়ে। পরে গাছপালা সরিয়ে যান চলাচলের ব্যবস্থা করা হয়।

এদিকে, ঝড়ের কবলে পড়ে মাঠের সবজিসহ বিভিন্ন ফসল ও উঠতি ধানের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

এছাড়া প্রবল ঝড়ে জেলার বিভিন্ন এলাকায় গাছপালাসহ বেশ কয়েক স্থানে কাঁচা ঘরবাড়ি ভেঙে পড়েছে বলে খবর পাওয়া গেছে।

জেলা প্রশাসক মাহমুদ হোসেন জানান, বিভিন্ন এলাকার ঝড় ও শিলাবৃষ্টিতে ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে খোঁজ নেওয়া হচ্ছে।
জামালপুরে পাঁচ শতাধিক কাঁচা ঘরবাড়ি বিধ্বস্ত

জামালপুরের পাঁচ উপজেলায় কালবৈশাখী ঝড়ের আঘাতে পাঁচ শতাধিক কাঁচা ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে।

সন্ধ্যা পৌনে ৭টার দিকে ঝড় শুরু হয়। ঝড়ের সঙ্গে বিভিন্ন স্থানে শিলাবৃষ্টি হয়েছে। এতে মেলান্দহ, মাদারগঞ্জ, ইসলামপুর, দেওয়ানগঞ্জ ও বকশিগঞ্জ এলাকায় ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।

সংশ্লিষ্ট উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও প্রশাসনের কর্তা ব্যক্তিরা প্রাথমিক ক্ষয়ক্ষতির বিষয়টি নিশ্চিত করেন।

সদরপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মিজানুর রহমান লেবু জানান, এ ইউনিয়নে দুই শতাধিক কাঁচা ঘর বিধ্বস্ত হয়েছে।
আবারও কালবৈশাখীর আশঙ্কা

শনিবার তাণ্ডবের পর রবিবারও দেশের বিভিন্ন অঞ্চলের উপর দিয়ে কালবৈশাখী বয়ে যাওয়ার আশঙ্কা জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

এক সতর্কবাণীতে আবহাওয়া অধিদফতর জানিয়েছে, আজ (রবিবার) দুপুর দেড়টা থেকে পরবর্তী ১৫ ঘণ্টার মধ্যে রাজশাহী, পাবনা, বগুড়া, যশোর, কুষ্টিয়া, ফরিদপুর, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও সিলেট অঞ্চলসমূহের উপর দিয়ে কালবৈশাখী ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ সময় অস্থায়ীভাবে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বা কোথাও কোথাও আরও বেশি বেগে বাতাস বয়ে যেতে পারে।

সেই সাথে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা-বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলেও সতর্কবাণীতে বলা হয়েছে।