প্রস্তুত সুজানা
বিনোদন প্রতিবেদক : মডেলিংয়ের মাধ্যমে ক্যারিয়ার শুরু করেছিলেন মডেল-অভিনেত্রী সুমাইয়া জাফর সুজানা। উল্লেখযোগ্য সংখ্যক বিজ্ঞাপনে মডেল হয়ে আলোচিতও হয়েছেন তিনি। ক্যারিয়ারের দীর্ঘ পথচলায় বরাবরই কাজের মান বজায় রেখে মিডিয়ায় সরব ছিলেন সুজানা। কিন্তু হালের চিত্রটা অনেকটা আগের চাইতে আলাদাই বলা চলে। অভিনয় করছেন, বিজ্ঞাপনেও কাজ করছেন। কিন্তু নেই আগের মতো কাজের গতি। একসময় যেখানে একাধিক বিজ্ঞাপনে কাজ করতেন এখন সে তুলনায় উপস্থিতি নেই তার। গত ফেব্রুয়ারি মাসের শেষ দিকে একটি খাদ্যজাত পণ্যের বিজ্ঞাপনের মডেল হন সুজানা। এর মধ্য দিয়ে প্রায় তিন বছর পর কোন বিজ্ঞাপনে কাজ করলেন এ মডেল- অভিনেত্রী। এ প্রসঙ্গে সুজানা বলেন, দীর্ঘদিন নানা কারণে মডেলিংয়ে দর্শক দেখতে পায়নি আমাকে। সেসব কারণের মধ্যে উল্লেখযোগ্য হলো মানসম্পন্ন পণ্যের মডেল হওয়ার প্রস্তাব না পাওয়া। কারণ আমি বিশ্বাস করি গৎবাঁধা অনেক কাজ না করে একটি ভাল পণ্যের বিজ্ঞাপনের মডেল হলে অন্তত মান ধরে রাখা যায়। আর যে কারণে প্রস্তাব পেয়েও নিজেকে গুটিয়ে রেখেছিলাম। অবশ্য বিজ্ঞাপনের কাজ না করলেও নাটকে নিয়মিত ছিলেন সুজানা। তবে সেটাও সংখ্যায় অনেক কম। গেল বছর থেকে এ পর্যন্ত হাতেগোনা কিছু নাটকে কাজ করেছেন তিনি। তার মধ্যে গেল জানুয়ারিতে ‘গন্তব্য নিরুদ্দেশ’ নামে একটি ধারাবাহিকে অভিনয় করেছেন। এর আগে একটি টেলিছবিতে অভিনয় করেছেন সুজানা। পাশাপাশি প্রচার চলতি ধারাবাহিক ‘অপূর্বা’ ও ‘ঘোমটা’-তে অভিনয় করছেন তিনি। যেখানে সমসামায়িক অন্য তারকারা নিয়মিত কাজ করছেন সেখানে তার উপস্থিতি অনেকটাই ক্ষীণ। এদিকে গেল বছরই আগস্ট মাসে সংগীত তারকা হৃদয় খানের সঙ্গে তার দীর্ঘ প্রেম বিয়েতে রূপ নেয়। সে সময় থেকে পারিবারিক নানা ব্যস্ততার কারণে সুজানার আরও বেশি দূরত্ব তৈরি হয় মিডিয়ার সঙ্গে। কাজ করছেন তো করছেন না-এমন অবস্থা। বিয়ের পর হানিমুন আর এখানে সেখানে ঘুরে বেড়িয়েই বেশি সময় কেটেছে সুজানার। এ প্রসঙ্গে তিনি বলেন, বিয়ের পর থেকে কিছুটা অনিয়মিত হয়ে পড়েছিলাম। কাজ করার সুযোগ হয়ে ওঠেনি। হানিমুন করতে দেশের বাইরে যেতে হয়েছে। এরপর ব্যক্তিগত নানা ব্যস্ততা সামনে চলে এলো। অবশ্য এখন অনেকটা গুছিয়ে উঠেছি। নিয়মিত কাজ করার জন্য আমি প্রস্তুত। আগের মতোই মিডিয়ায় সরব থাকার জন্য সব চেষ্টা চালিয়ে যাচ্ছি। আশা করছি দর্শক আমাকে ফের নিয়মিত পর্দায় দেখতে পাবেন। সেটা হোক বিজ্ঞাপন কিংবা নাটকের মাধ্যমে। ১৩ বছর আগে শখের বসে নিজের কিছু ছবি তুলেছিলেন সুজানা। সে ছবিটি এক পরিচিতের মাধ্যমে বিজ্ঞাপন নির্মাতা আফজাল হোসেনের কাছে পৌঁছে। সে সময় আফজাল হোসেন তার নির্মিতব্য ‘সানক্রেস্ট কোলা’র বিজ্ঞাপনের জন্য এক মিষ্টিমুখের সন্ধান করছিলেন। সুজানাকে পেয়ে যেন সব কিছু ব্যাটে-বলে মিলে গেল। কিছু দিনের মধ্যেই সুজানার ডাক পড়লো আফজাল হোসেনের ওই বিজ্ঞাপনে মডেল হওয়ার জন্য। এর পরই মিডিয়াতে পথচলা শুরু হয় তার। সেই ধারাবাহিকতায় সানক্রেস্ট-২, হাইসেন্স টিভি, ও কনকা ফ্রিজের মডেল হন সুজানা। পাশাপাশি হুইল, ম্যাটাডোর কলম, তিব্বত স্নো, ড্যানিশ বিস্কুটসহ অনেক বিজ্ঞাপনের মাধ্যমে আলোচনায় আসেন তিনি। মোস্তফা সরয়ার ফারুকীর পরিচালনায় ‘একান্নবর্তী’ ধারাবাহিকের মধ্য টিভি নাটকে অভিষেক ঘটে সুজানার। এরপর ‘দ্বিতীয় জীবন’, ‘হাইওয়ে টু হ্যাভেন’, ফিফটিসহ বেশকিছু নাটকে অভিনয় করেন তিনি।











