শেষপর্যন্ত কি প্রার্থী হতে পারবেন ‘পলাতক’ বিএনপি নেতারা?
ডেস্ক রির্পোট : ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির যেসব নেতা মনোনয়নপত্র জমা দিয়েছেন তাঁদের মধ্যে হাতে গোনা কয়েকজন ছাড়া অন্যদের প্রত্যেকের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। নাশকতা আর গাড়ি পোড়ানোসহ বিভিন্ন ঘটনায় দেড় হাজারের বেশি মামলা রয়েছে নির্বাচনে অংশ নেয়া তিন শতাধিক প্রার্থীর বিরুদ্ধে। গ্রেপ্তার হওয়ার ভয়ে বিএনপির ওই নেতারা পালিয়ে বেড়াচ্ছেন। পালিয়ে থেকেই তাঁরা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছেন। তবে তারা কি আসলেই নির্বাচনে অংশ নিতে পারবেন?
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র পদপ্রার্থী হতে চান বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। দুর্নীতি দমন কমিশনের (দুদক) এর দায়ের করা প্লটের মামলায় বিএনপির স্থায়ী কমিটির এই সদস্যের বিরুদ্ধে গত ২৪ ফেব্রুয়ারি নিম্ন আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। এই পরোয়ানার পর তিনি আদালতে হাজির হয়ে এখনো জামিন নেননি। দুদকের আইনজীবি অ্যাডভোকেট মো. খুরশিদ আলম খান প্রিয়.কমকে বলেন, ‘মির্জা আব্বাস যদি পলাতক থাকেন তবে নির্বাচন কমিশনে তার নমিনেশন গ্রহণযোগ্য হবে না। তাই নির্বাচনে অংশগ্রহণ করতে হলে তাকে নিম্ন আদালত থেকে জামিন নিয়ে নির্বাচন কমিশনকে নিশ্চিত করতে হবে।’
অপরদিকে প্রবীণ আইনজীবী ব্যারিস্টার রফিকুল হক প্রিয়.কমকে বলেছেন, ‘দণ্ড বা ওয়ারেন্ট স্থগিত হলে তবেই মেয়র-কাউন্সিলর প্রার্থীরা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন। আর যাদের বিরুদ্ধে করা মামলায় এখনও কোন বিচারিক সিদ্ধান্ত হয়নি তারাও অংশ নিতে পারবেন। ওয়ারেন্ট হয়ে পলাতক থাকলে তাকে স্থায়ী জামিন নিয়ে তবেই নির্বাচন করতে হবে।’
মনোনয়ন জমা দেয়া হয়েছে দক্ষিণ সিটি কর্পোরেশনে বিএনপি সমর্থিত আরেক সম্ভাব্য প্রার্থী নাসির উদ্দিন পিন্টুর পক্ষেও। পিন্টুর বিষয়ে অপরদিকে ব্যারিস্টার রফিকুল হক প্রিয়.কমকে বলেন, বলেন, ‘উনি আপিল করেছেন, আপিল নিস্পত্তি না হওয়া পর্যন্ত নির্বাচনে অংশ নেয়ার সুযোগ রয়েছে। তবে নির্বাচন কমিশনার যদি তার প্রার্থীতা বাতিল করে দেয় তাহলে তাকে আদালতের শরণাপন্ন হতে হবে। কারণ তাকে জার্জমেন্ট সাসপেশন (স্থগিত) করতে রিট করতে হবে। আদালত যদি তা মঞ্জুর করেন তবেই তার পক্ষে নির্বাচনে অংশগ্রহণ করা সম্ভব হবে।’
যদিও এ বিষয়ে নাসির উদ্দিন পিন্টুর আইনজীবি আমিনুল ইসলাম প্রিয়.কমকে বলেন, ‘আমরা মনে করি তার নমিনেশন বৈধ হবে। এই বিষয়ে কোর্টের জার্জমেন্টও আছে। আমরা নমিনেশন যাচাই-বাছাইয়ের দিন আগামী ১ এপ্রিল আমরা নির্বাচনে কমিশনে উপস্থিত থাকবো। যদি কমিশন বাতিল করে দেয় তবে নির্বাচন বিধি অনুযায়ী, রিটার্নিং অফিসারের কাছে আবেদন করবো।’ নির্বাচন আইন ২০০৯ অনুযায়ী তাৎক্ষণিকভাবে আবেদন করা যাবে ও পরে নির্বাচন ট্রাইবুনালে রিট আপিল করা যাবে জানিয়ে তিনি বলেন, ‘যেহেতু আপি পেন্ডিং আছে তাই তিনি অযোগ্য হওয়ার কোন কারণ নেই। ফলে প্রয়োজনে আমরা উচ্চ আদালতের শরণাপন্ন হবো।’
এ বিষয়ে বিডিআর হত্যা মামলার রাষ্ট্রপক্ষের নিয়োজিত আইনজীবি ডেপুটি অ্যাটর্নি জেনারেল কে এম জাহিদ সরওয়ার প্রিয়.কমকে বলেন, ‘সাজা ভোগ করলে কেউ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। তাই নাসির উদ্দিন পিন্টুর ক্ষেত্রে বাঁধা আছে, কারণ তিনি সারাপ্রাপ্ত। তিনি বলেন, নির্বাচন কমিশন যদি নমিনেশন বাতিল করে দেয় তবে তাকে বিডিআর মামলায় সাসপেনশন চাইতে হবে। সাজা স্থগিত রাখার জামিন চাইতে হবে। এ নিয়ে আইন আছে, তাই আবেদন করতে পারবেন তিনি। তবে আদালত যদি তা গ্রহণ করে তবেই কেবল নির্বাচন করার সুযোগ পাবেন তিনি।’
একইভাবে বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন প্রিয়.কম-কে বলেন, ‘যারা আসামী আছে সাজা হয়নি তাদের ব্যাপারে কোন অসুবিধা নেই। তারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে। তবে যারা কোন মামলায় ফেরারী আসামী হয়ে আছে, ওয়ারেন্ট হয়েছে তাদের ক্ষেত্রে সমস্যা আছে। তবে ওয়ারেন্টের বলে তাকে ফেরারী দেখালেই হবে না। ওয়ারেন্টের বদলে তাকে ধরতে গেলে পাইনি, তাকে ৩০দিনের মধ্যে হাজির করতে বলা হয়ছে। হয়তো সেক্ষেত্রে সরকার পক্ষ বলার চেস্টা করবে ফেরারী আসামী হিসেবে।’
সবমিলে আদালত আর সরকারের ভূমিকার মধ্য দিয়েই নির্ধারিত হবে; আইনের চোখে পলাতক বিএনপি নেতারা সিটি নির্বাচনে প্রার্থী হতে পারবেন কিনা।











