ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফেরদৌস, ঋতুপর্ণা
বিনোদন প্রতিবেদক : কলা ভবনের সিঁড়ি বেয়ে উঠতে যাচ্ছেন নায়ক ফেরদৌস। তাঁর পাশ থেকে আনমনে হেঁটে যাওয়া দুই তরুণীর একজন অন্যজনকে টেনে থামাল। ফিসফিসিয়ে বলল, ফেরদৌস! ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রাক্তন শিক্ষার্থী ফেরদৌস। প্রধান বক্তা হিসেবে কথা বললেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের টেলিভিশন ও চলচ্চিত্র অধ্যয়ন বিভাগের ব্যবস্থাপনায় আয়োজিত ‘নির্মাতার চোখে অভিনয়’ শিরোনামের সেমিনারে। গতকাল সোমবার দুপুরে মুজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনের এই সেমিনারে আরেক বক্তা ছিলেন কলকাতার অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। যদিও বক্তব্যের সময় তিনি বললেন, ‘দুই বাংলা’কে আলাদা করে দেখেন না তিনি। আন্দামানের এক দুর্গম এলাকায় চলছিল তাঁর শুটিং। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকে সাড়া দিতেই হাজির হয়েছেন তিনি। পথে বদল করতে হয়েছে চারটি বিমান।
প্রিয় অভিনেত্রীকে সামনে পেয়ে আত্মহারা টেলিভিশন ও চলচ্চিত্র বিভাগের শিক্ষার্থী দীপ্ত। জিজ্ঞেস করলেন, বাণিজ্যিক ছবি আর আর্টফিল্মে অভিনয়ে কোনো তারতম্য করেন কি না? ঋতুপর্ণা বললেন, ‘শিল্পীর কাছে সব প্ল্যাটফর্মই সমান।’ বিভাগের শিক্ষার্থীদের নানা প্রশ্নের জবাব দিতে গিয়ে তিনি আরও বললেন, ‘অভিনয় বা ফিল্ম কোনো ম্যাজিক নয়। এটা শেখার জন্য অপেক্ষা করতে হবে, ধৈর্য ধরতে হবে। যে অপেক্ষা প্রেমিক-প্রেমিকাকে করতে হয়। অভিজ্ঞতা বাড়তে থাকলে কাজও ভালো হতে থাকবে।’
নায়ক ফেরদৌস আফসোস করে বললেন, ‘আমাদের সময়ে চলচ্চিত্র বিভাগটি ছিল না। তোমাদের আমার ঈর্ষা হয়। তবে অনেক ভালো পরিচালকের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা থেকে অনেক কিছু শিখেছি। বাস্তবিক সেই শিক্ষাটা অনেক কাজে লেগেছে।’
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সহ-উপাচার্য গোলাম রহমান। সেমিনারে সভাপতিত্ব করেন টেলিভিশন ও চলচ্চিত্র বিভাগের চেয়ারপারসন শফিউল আলম ভূঁইয়া।
আরেফিন সিদ্দিক বলেন, ‘ইতিহাসের নানা ঘাত-প্রতিঘাতে দুই বাংলার মাঝে সীমারেখা রচিত হয়েছে। সাংস্কৃতিক বন্ধনের মাধ্যমে আমরা সেই সীমানা অতিক্রমের চেষ্টা করব।’ শফিউল আলম জানান, এই বিভাগের সঙ্গে দুই বাংলার নির্মাতা, অভিনেতার পাশাপাশি ওপার বাংলার ফিল্ম ইনস্টিটিউটগুলোর একটা সেতুবন্ধের চেষ্টা চলছে।











