মায়েদের সচেতনতায় চিত্রনায়িকা মৌসুমী
বিনোদন প্রতিবেদক : জাতিসংঘের একটি অঙ্গ প্রতিষ্ঠান ইউএনএফপিএ। প্রতিষ্ঠানটি বিশ্বব্যাপী তারকাদের সহায়তায় মানুষের কল্যাণে নানা ধরনের সচেতনতামূলক কাজ করে থাকে। তারই ধারাবাহিকতায় প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে কর্মজীবী মাসহ সব মায়েদের শিশুকে বুকের দুধ (শালদুধ) খাওয়ানোর ব্যাপারে গণসচেতনতা গড়ে তুলতে কাজ করছে। ইউএনএফপিএর হয়ে এ পর্যন্ত পিএসএম-এ (পাবলিক সার্ভিস ম্যাসেজ) কথা বলেছেন, হলিউড তারকা অ্যাঞ্জেলিনা জোলি, বলিউড অভিনেত্রী কাজল ও টুইংকেল খান্না। বাংলাদেশের তারকাদের মধ্যে ইউএনএফপিএ সম্প্রতি এক জরিপ চালিয়েছে। এতে জনপ্রিয় তারকা হিসেবে চিত্রনায়িকা মৌসুমীর নাম উঠে এসেছে। সেই বিবেচনায় বাংলাদেশ থেকে শিশুকে মায়েদের শালদুধ খাওয়ানোর বিষয়ে 'পিএসএম'-এ সংক্ষেপে কথা বলেছেন মৌসুমী। গত শুক্রবার বিষয়টি ভিডিও আকারে ধারণের কাজ সম্পন্ন হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের আওতাধীন 'ক্রিয়েটিভ মিডিয়ার' ব্যানারে এটি নির্মাণ করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী লুসি তৃপ্তি গোমেজ। এপ্রিলের প্রথম সপ্তাহ থেকে বিটিভিসহ দেশের বিভিন্ন চ্যানেলে এটি প্রচার শুরু হবে। এমন একটি কাজে নিজেকে সম্পৃক্ত রাখতে পেরে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী মৌসুমী বলেন, 'এর আগেও আমি জনকল্যাণমূলক ও মানুষের সচেতনতামূলক কাজে অংশগ্রহণ করেছি। শুধু শিল্পী হিসেবেই নয়; একজন সচেতন মানুষ হিসেবে সমাজের মানুষের প্রতি দায়বদ্ধতা ও ভালোবাসা থেকে আমি এসব কাজ আগ্রহ নিয়ে অংশগ্রহণ করছি। তারই ধারাবাহিকতায় শিশুকে মায়েদের শালদুধ খাওয়ানোর বিষয়ে জনসচেতনতা তৈরিতে ইউএনএফপিএ'র হয়ে কাজ করেছি। আশা করি, গণমাধ্যমগুলোতে ভিডিওটি প্রচারের পর মায়েরা এ বিষয়ে আরো বেশি সচেতন হবেন।' ক্যারিয়ারের শুরু থেকেই মৌসুমী তার 'মৌসুমী ওয়েলফেয়ার ফাউন্ডেশন', 'ইউনিসেফ'সহ আরো বিভিন্ন প্রতিষ্ঠানের হয়ে সমাজ সচেতনতামূলক কাজে অংশগ্রহণ করে আসছেন। এসিড দগ্ধ, অবহেলিত শিশু, প্রতিবন্ধী শিশু, অবহেলিত মায়েদের জন্য নানা ধরনের কার্যক্রমেও অংশগ্রহণ করেছেন তিনি। এদিকে, মৌসুমী তার নির্দেশিত চলচ্চিত্র 'শূন্য হৃদয়'র কাজ শেষ করেছেন। খুব শিগগিরই এর ডাবিং করবেন তিনি। পাশাপাশি তিনি মুশফিকুর রহমান গুলজারের 'মন জানে না মনের ঠিকানা' ও বেলাল আহমেদের 'ভালোবাসবোই তো' চলচ্চিত্রের কাজ সম্পন্ন করেছেন। এছাড়া হাবিবুল ইসলাম হাবিবের 'রাত্রির যাত্রী'র নিয়মিত শুটিং করছেন। নারগিস আক্তার পরিচালিত 'মেঘলা আকাশ' চলচ্চিত্রে অভিনয়ের জন্য মৌসুমী ২০০২ সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। ২০১৩ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কারে চাষী নজরুল ইসলামের 'দেবদাস' ছবিতে অভিনয়ের জন্য আবারো তিনি একই সম্মাননায় ভূষিত হতে যাচ্ছেন।











