বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

চ্যানেল আই প্রাঙ্গণে ‘রংতুলিতে মুক্তিযুদ্ধ

69247_e4বিনোদন প্রতিবেদক : প্রবীণ বরেণ্য শিল্পীদের তুলির আঁচড়ে ক্যানভাসে উদ্ভাসিত হলো নবীনের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা। গতকাল মহান স্বাধীনতা দিবস উপলক্ষে চ্যানেল আই প্রাঙ্গণে অনুষ্ঠিত হলো চ্যানেল আই আয়োজিত ‘রংতুলিতে মুক্তিযুদ্ধ’। এ আয়োজনটির পৃষ্ঠপোষকতা করেছে আইএফআইসি ব্যাংক। বরেণ্য ৫০ চিত্রশিল্পীর অংশগ্রহণে বেলা ২টা ৩০ মিনিট থেকে এ আয়োজন শুরু হয়ে চলে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত। এবারের অনুুষ্ঠানটি উৎসর্গ করা হয় প্রয়াত চিত্রশিল্পী কাইয়ুম চৌধুরীর স্মরণে। মুক্তিযুদ্ধবিষয়ক এ চিত্রকলা অনুষ্ঠানের উদ্বোধন করেন শিক্ষাবিদ বোরহানউদ্দিন খান জাহাঙ্গীর। এ অনুষ্ঠানে মুক্তিযুদ্ধ জাদুঘরকে দেয়া হয় সম্মাননা। মুক্তিযুদ্ধ জাদুঘর ট্রাস্টি বোর্ডের সদস্য সারোয়ার আলী এবং তারিক আলীর হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, পরিচালনা পরিষদের সদস্য আবদুর রশীদ মজুমদার, জহির উদ্দিন মাহমুদ মামুন, মুকিত মজুমদার বাবু এবং আইএফআইসি ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক হাইকেল হাশমী। চিত্রাঙ্কনের পাশাপাশি মূল মঞ্চে দেশাত্মবোধক সংগীত পরিবেশন করেন রেজওয়ানা চৌধুরী বন্যা ও সুরের ধারার শিল্পীরা। আবৃত্তি করেন কবি আসাদ চৌধুরী, হাবিবুল্লাহ সিরাজী ও হাসান আরিফ। চ্যানেল আই পুরো অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করে। অনুষ্ঠানে চিত্রাঙ্কন করেন মনিরুল ইসলাম, বীরেন সোম, সৈয়দ ইকবাল, মনিরুজ্জামান, আবদুল মান্নান, শেখ আফজাল, সব্যসাচী হাজরা, খালিদ মাহমুদ মিঠু, বিপাশা হায়াত, নাসিম আহমেদ নাদভী, নাঈমা হক, রফি হক, রেজাউন নবী, সোহানা শাহরীন, আলপ্তগীন তুষার, সৈয়দ জাহিদ ইকবাল, অনুকূল চন্দ্র মজুমদার, মো. জহির উদ্দিন, হামিদুজ্জামান খান, লায়লা শারমীন, রণজিৎ দাস, জাহিদ মুস্তাফা প্রমুখ। শিল্পীরা অঙ্কিত ছবির বিষয়বস্তু অতিথিদের মধ্যে উপস্থাপন করেন। অনুষ্ঠানে শিশু একাডেমির খুদে আঁকিয়েরা চিত্রাঙ্কনে অংশ নেয়। এ আয়োজনে সহযোগিতা করে গ্যালারি চিত্রক। ছবিগুলোর বিক্রির অর্থ থেকে সরাসরি ৫০ ভাগ দেয়া হবে যুুদ্ধাহত খেতাবধারী মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধ জাদুঘরকে। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন আফজাল হোসেন। প্রযোজনা করেন আমীরুল ইসলাম।