দেলোয়ার জাহান ঝন্টুর ‘এপার ওপার’
বিনোদন প্রতিবেদক : গান মহরতের মাধ্যমে শুরু হলো অলটাইম হিট ডিরেক্টর দেলোয়ার জাহান ঝন্টুর পরিচালনায় ৬৯ নম্বর ছবি ‘এপার ওপার’। রোববার সন্ধ্যায় শ্রুতি রেকর্ডিং স্টুডিওতে দুই জনপ্রিয় শিল্পী এস আই টুটুল এবং কনাকে দিয়ে একটি গান রেকর্ডিংয়ের মাধ্যমে ‘এপার ওপার’ ছবির কাজ আনুষ্ঠানিকভাবে শুরু করেন বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি দেলোয়ার জাহান ঝন্টু। একুশে পদকপ্রাপ্ত গীতিকার গাজী মাজহারুল আনোয়ারের লেখা এই গানের সুর ও সংগীত পরিচালনা করেন আনোয়ার জাহান নান্টু। প্রেমের ছবি ‘এপার ওপার’-এর প্রধান দুটি চরিত্রে অভিনয় করবেন বাপ্পি ও আঁচল। গান রেকর্ডিংয়ের আগে নায়িকা আঁচলের আনা কেক কেটে মহরত ঘোষণা করেন পরিচালক দেলোয়ার জাহান ঝন্টু, প্রযোজক কাজী ইসলামের স্ত্রী মিসেস ইসলাম ও নায়িকা আঁচল। উপস্থিত ছিলেন চলচ্চিত্র প্রযোজক পরিচালক জাহানগীর আলম জাহানগীর, ইফতেখার জাহান, মেহেদী হাসান, সিদ্দিকা মনির, ছবির অন্যতম দুই শিল্পী সেলিম আহমেদ ও সাদমান সামির, চিত্রগ্রাহক হাননান সেরনিয়াবত, অভিনেতা পরিচালক সাইমন জাহানসহ অনেকেই। সচেতন ফিল্ম মিডিয়ার ব্যানারে নির্মীয়মান ‘এপার ওপার’ ছবির বিভিন্ন চরিত্রে অভিনয় করবেন বাপ্পি, আঁচল, আলীরাজ, সাদমান সামির, সেলিম আহমেদ, আহমেদ শরীফ প্রমুখ। ছবির কাহিনী, চিত্রনাট্য, সংলাপ রচনা ও পরিচালনা করবেন দেলোয়ার জাহান ঝন্টু, চিত্রগ্রহণে হান্নান সেরনিয়াবাত, স্থিরচিত্রে বিরাজ, ব্যবস্থাপনায় নুরুন্নবী। অনেক শিল্পী কুশলী ও পরিচালকের আবিষ্কারক দেলোয়ার জাহান ঝন্টু বলেন, পরিচ্ছন্ন একটি প্রেমের গল্প নিয়ে নির্মাণ হবে ‘এপার ওপার’। সিনেমার বর্তমান দর্শকদের পছন্দকে গুরুত্ব দিয়ে ‘এপার ওপার’ নির্মাণ হবে বলে তিনি জানান।











