বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সুতায় ঝুলছে নেতানিয়াহুর ভাগ্য

image_1134_170925আন্তর্জাতিক ডেস্ক : ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে টাইমস ম্যাগাজিন উপাধি দিয়েছিল 'কিং বিবি'। লিকুদ পার্টির এই কিং ইসরাইলের রাজত্ব করছেন নয় বছর ধরে। প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন তিন মেয়াদে। কিন্তু মঙ্গলবার অনুষ্ঠিত দেশটির পার্লামেন্ট নির্বাচনে এই কিং বিবির চতুর্থ মেয়াদে নির্বাচিত হওয়া নিয়ে সংশয় রয়েছে। হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস দেয়া এই নির্বাচনে ভোটগ্রহণ শেষ হয়েছে মঙ্গলবার। আর মঙ্গলবারই জানা যাবে ফল। এর আগ পর্যন্ত সুতায় ঝুলে থাকবে বেনিয়ামিন নেতানিয়াহুর ভাগ্য। তবে ভাগ্যের শিকে ছিঁড়লে তিনিই হবেন সবচেয়ে বেশিদিন ইসরাইলের প্রধানমন্ত্রীর দায়িত্বে থাকা নেতা। আর সেটা হতে ভোটের আগের দিন আমেরিকা-ইউরোপের সঙ্গে সম্পর্ক খারাপ হওয়ার ঝুঁকি নিয়েও ভোটারদের প্রলুব্ধ করতে বেশ কিছু প্রতিশ্রুতি দেন তিনি। সংবাদসূত্র : বিবিসি, আল-জাজিরা, রয়টার্স
আমেরিকার সঙ্গে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিভিন্ন ইস্যুতে সম্পর্ক খারাপ হওয়ার মধ্যেই ইসরাইলে মঙ্গলবার অনুষ্ঠিত হয় পার্লামেন্ট নির্বাচন। এদিন স্থানীয় সময় সকাল ৭টা থেকেই ১০ হাজারেরও বেশি ভোটকেন্দ্রে ভোট দিতে শুরু করেন ইসরাইলি ভোটাররা। স্থানীয় সময় রাত ১০টা পর্যন্ত চলে ভোটগ্রহণ। নির্বাচনে ভোট দেন প্রায় ৬০ লাখ ভোটার। দেশটির নিয়ম অনুসারে প্রাপ্তবয়স্ক নাগরিকদের স্বয়ংক্রিভাবে ভোটার হিসেবে নিবন্ধিত করা হয়। সেনাসদস্য, কারাবন্দি এবং প্রতিবন্ধী সবাই ভোট দিতে পারেন দেশটির ১২০ সদস্যের পার্লামেন্ট 'নেসেট'র প্রতিনিধি নির্বাচনের জন্য। এদিন অন্য ভোটারদের পাশাপাশি প্রধানমন্ত্রী পদের জন্য শক্ত দুই প্রতিদ্বন্দ্বীই জেরুজালেমে দুটি পৃথক কেন্দ্রে ভোট দেন। সকালে পশ্চিম জেরুজালেমে সপরিবারে ভোট দেন দেশটির বর্তমান প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তার প্রধান প্রতিদ্বন্দ্বী আইজ্যাক হেরজগও জেরুজালেমের একটি কেন্দ্রে ভোট দেন।
নির্বাচনী লড়াইয়ে বর্তমান প্রধানমন্ত্রী নেতানিয়াহু চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী পদে নির্বাচিত হতে লড়াই করছেন। তবে তাকে বেশ শক্ত প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়তে হয়েছে বলে ভোট চলাকালীন ধারণা করা হচ্ছে। নেসেটে প্রতিনিধি নির্বাচনে ক্ষমতাসীন লিকুদ পার্টি ও মধ্য-বামজোটের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে বলে আভাস মিলেছে নির্বাচন-পূর্ব জরিপগুলোয়। বিভিন্ন জরিপে দেখা গেছে, নেতানিয়াহুর লিকুদ পার্টির চেয়ে অল্পকিছু আসন বেশি পাওয়ার সম্ভাবনা রয়েছে হেরজগ-লিভনির নেতৃত্বাধীন লেবার পার্টি এবং জিওনিস্ট জোটের। বেনিয়ামিন নেতানিয়াহুর চতুর্থ মেয়াদে নির্বাচিত হওয়াটা এই শক্ত প্রতিদ্বন্দ্বিতার কবলে পড়ে অনিশ্চয়তার মুখে পড়ে গেছে।
এবারের নির্বাচনী প্রচারে অর্থনীতি ও জীবনযাত্রার মান একটি গুরুত্বপূর্ণ ইস্যু ছিল। এ ছাড়া ফিলিস্তিনি প্রশ্নটিও উভয় দলের জন্য গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে দেখা দিয়েছে। এসব বিষয়ে নির্বাচনী প্রচারের জন্য নেতানিয়াহুর বিরুদ্ধে বেশ আটঘাট বেঁধেই নেমেছিল আইজ্যাক হেরজগ (৫৪) এবং জিপি লিভনির মধ্য-বামপন্থী জোট। মাত্র কয়েক মাস আগে নেতানিয়াহুর সমালোচনা করায় মন্ত্রিসভা থেকে বহিষ্কৃত এই দুই নেতা জোর প্রচারণা চালিয়েছেন। তারা ভোটারদের জীবনমান ও দেশটিতে বসবাসের উচ্চব্যয় নিয়ে বিভিন্ন প্রতিশ্রুতি দিয়েছেন। এসব বর্তমান যুগের তরুণ ভোটারদের আকৃষ্ট করতে পারে, যার পূর্বাভাস সর্বশেষ জরিপগুলোতে দেখা গেছে।
এর পাশাপাশি ফিলিস্তিন ও ইরানের পরমাণু চুক্তি ইস্যুতে নেতানিয়াহুর একগুঁয়েমি এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে সম্পর্ক নষ্টের বিষয়টি তুলে ধরেও প্রচারণা চালাচ্ছেন তারা। মধ্য-বামপন্থী জিওনিস্ট নেতা আইজ্যাক হেরজগ নির্বাচনে জয়ী হলে ফিলিস্তিন ও আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে সুন্দর সম্পর্ক পুনরুদ্ধারের সর্বোচ্চ প্রচেষ্টা চালানোরও ঘোষণা দিয়েছেন।
তবে শেষ মুহূর্তে ভোটারদের মনযোগ টানতে বেশ বড় রকমের ঝুঁকিই নিয়েছেন নেতানিয়াহু। তিনি সোমবার সর্বশেষ সময়ের প্রচারণায় ঘোষণা দেন, আবার নির্বাচিত হলে ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠিত হতে দেবেন না তিনি। এ ছাড়া নতুন করে আরো অনেক ইহুদি বসতি নির্মাণের প্রতিশ্রুতিও দিয়েছেন ভোটারদের। নিশ্চিতভাবেই এসব প্রতিশ্রুতি পূরণ করতে গেলে তার সঙ্গে আমেরিকা-ইউরোপের শক্তিগুলোর সম্পর্ক আরো খারাপ হয়ে পড়বে। যার ফলে আন্তর্জাতিক অঙ্গনে বেশ চাপের মুখে পড়তে পারেন নেতানিয়াহু। কিন্তু ভোটের লড়াইয়ে জিততে বড় এই ঝুঁকিটুকু নিয়েছেন 'কিং বিবি'। তিনি আশা করছেন, অন্তত ইহুদি আবেগ কাজে লাগিয়ে হলেও চতুর্থ মেয়াদের এই নির্বাচনী বৈতরণী পার হয়ে যাবেন। মঙ্গলবার ভোটগ্রহণ শেষ হওয়ার পর এখন অপেক্ষা বুধবারের (স্থানীয় সময় মঙ্গলবার গভীর রাত) ফল ঘোষণার। আর তাতেই জানা যাবে, ইহুদি রাষ্ট্রটির ক্ষমতায় আবারো আসছেন কিং বিবি, না-কি নতুন প্রধানমন্ত্রী হয়ে তেল আবিবের মসনদে বসছেন আইজ্যাক হেরজগ।