শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

একাকিত্ব থেকে মুক্তি পেতে যা করবেন

news-image

লাইফস্টাইল ডেস্ক : মানুষের জীবনে অন্যতম সমস্যা হচ্ছে নিঃসঙ্গতা বা একাকিত্ব অনুভব করা। করোনার এই দিনে সামাজিক দূরত্ব রক্ষা করতে গিয়ে সেটি আরও বেড়েছে বলতে গেলে।

এই আধুনিক সমাজে কর্ম ব্যস্ততায় নানাভাবে মানুষের দিন কাটলেও, সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেকে সুখী হিসেবে দেখাতে চাইলেও কখন যে সে ভেতরে ভেতরে একা একটা মানুষ হয়ে উঠেছে নিজেও জানে না।

২০১৮ সালে যুক্তরাষ্ট্রের কাইজার ফ্যামিলি ফাউন্ডেশন (কেএফএফ) এক জরিপে দেখায় যে, এই নিঃসঙ্গতা আসলে একটা মহামারির চেয়েও কম নয়।

সামাজিক বিচ্ছিন্নতা তাকে শারীরিকভাবেও দুর্বল করে তোলে। মানসিকভাবে বিপর্যস্ততার পাশাপাশি শরীরে অনেক রোগ বাসা বাধে।

এমন পরিস্থিতিতে কীভাবে ভাল থাকা যায়, কীভাবে একাকিত্ব দূর করা যায় এ নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে গুড হাউজ কিপিং নামে একটি লাইফস্টাইল বিষয়ক সাইট।

একাকিত্ব গোপন না করা

সমস্যাটি প্রকাশ করাকে অনেকেই ভয়ঙ্কর, লজ্জাজনক এবং আত্ম-পরাজিত বোধ করেন। তবে শুরুতেই এ নিয়ে কাছের কাউকে খুলে বললে এই সমস্যা শক্তভাবে বাসা বাধতে পারে না।

অ্যারিজোনা বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ ও মনোবিজ্ঞান বিভাগের অধ্যাপক কোরি ফ্লয়েড বলেন, যুক্তরাষ্ট্রে নিঃসঙ্গতা সমস্যাটিকে অনেকটা কলঙ্কজনক মনে করা হয়ে থাকে। এটি নিঃসঙ্গতাকে গোপন করতে বা এড়াতে আরও উত্সাহিত করে। এ ক্ষেত্রে আমাদের নিজের সঙ্গে সৎ হতে হবে এবং শুরুতেই এটি প্রকাশ করতে হবে কাছের কারও সাথে।

ব্যস্ততা কমিয়ে দিন

আপনি যদি প্রায়শই ব্যস্ত থাকেন, তাহলে সারাদিনের কাজের লিস্টটা ছোট করে ফেলুন। ব্যস্ততার কারণে আপনি সামাজিকভাবে বিচ্ছিন্ন হয়ে পড়ছেন। অতিরিক্ত কাজের বোঝা কমিয়ে কয়েকটা দিন নিজেকে সময় দিন। এতে আপনি গান শুনতে পারেন, সুইমিং করতে পারেন, কোথায় ঘুরতে যেতে পারেন বা সিনেমা দেখতে যেতে পারেন।

অন্যর প্রতি সদয় হোন

মানুষের প্রতি সহানুভূতি আচরণের মাধ্যমেও আপনি একাকিত্ব থেকে রেহাই পেতে পারেন। নিজের বাইরেও আরও মানুষের প্রতি নজর দিন। অন্যের অসহায়ত্বের সময় তার পাশে দাঁড়ান। কোনো সামাজিক কর্মকাণ্ডেও নিজেকে যুক্ত করতে পারেন। এতে আপনার মধ্যে এক ধরনের তৃপ্তিবোধ তৈরি হবে।

কৌতূহলী হন, বেশি বেশি প্রশ্ন করুন

.নিজের নিঃসঙ্গতা নিয়ে নিজেই নিজেকে প্রশ্ন করুন। কোথায় আপনার সমস্যা হচ্ছে সেটি বের করার চেষ্টা করুন। কীভাবে এই সমস্যা থেকে বেরিয়ে আসবেন সেটি ভাবুন।

সৃজনশীল কিছুর সঙ্গে যুক্ত হওয়া

সৃজনশীল বা সৃষ্টিশীল কিছুর সঙ্গে যুক্ত হতে পারেন আপনি। কোনো মিউজিক ইন্সট্রুমেন্ট শিখতে পারেন। কোনো থিয়েটার দলে যোগ দিতে পারেন। ছবি আঁকার চেষ্টাও করতে পারেন।