ডিসি অফিস, আওয়ামী লীগ কার্যালয়ে আগুন, গুলি, গ্রেপ্তার ৩ শতাধিক
ডেস্ক রির্পোট : পুলিশ ও আওয়ামী লীগের সঙ্গে সংঘর্ষ, ডিসি অফিস চত্বরে আওয়ামী লীগ কার্যালয় ও গাড়িতে আগুন, ককটেল বিস্ফোরণ, গণগ্রেপ্তার, বিক্ষিপ্ত মিছিল-সমাবেশের মধ্য দিয়ে ২০ দলীয় জোটের লাগাতার অবরোধের ৭১তম দিন অতিবাহিত হয়েছে। সংলাপ ও মধ্যবর্তী নির্বাচনের দাবিতে চলমান এ কর্মসূচি চলাকালে গতকাল বড়লেখায় দুর্বৃত্তের আগুনে একটি মিনিবাস ভস্মীভূত হয়। হরিরামপুরে আওয়ামী লীগ কার্যালয়ে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। সরিষাবাড়ীতে আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষে এক এসআইসহ ১০ জন আহত হন। কুড়িগ্রামে জামায়াত-শিবিরের সঙ্গে পুলিশের সংঘর্ষে একজন গুলিবিদ্ধ হয়। এদিকে বরাবরের মতো গ্রেপ্তার অভিযান অব্যাহত থাকে। গতকাল সন্ধ্যার পূর্ববর্তী ২৪ ঘণ্টায় রাজধানীসহ সারা দেশে তিন শতাধিক নেতাকর্মী গ্রেপ্তার হয়েছেন বলে জোটের সূত্রে দাবি করা হয়। এদিকে রাজধানীর শাহবাগ এলাকায় দুটি ককটেল বিস্ফোরণ ঘটেছে। তবে কোন হতাহতের খবর পাওয়া যায়নি। গতকাল সন্ধ্যা সাড়ে ৭টায় শাহবাগ মোড়ে দুর্বৃত্তরা দুটি ককটেল বিস্ফোরণ ঘটায়। এতে ওই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ ছাড়া রাজধানীর পৃথকস্থানে অভিযান চালিয়ে বিএনপির ৯ নেতাকর্মীকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশ। সোমবার রাত থেকে গতকাল সকাল ৯টা পর্যন্ত অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। ডিএমপি জানায়, অবরোধ ও নাশকতার অভিযোগে সন্দেহভাজন হিসেবে বিএনপির ৯ নেতাকর্মীকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে নাশকতার মামলা আছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।
স্টাফ রিপোর্টার, যশোর থেকে জানান, যশোর ডিসি অফিস চত্বরে বোমার বিস্ফোরণ ঘটেছে। এ হামলায় সিরাজুল ইসলাম নামে এক ব্যক্তি বোমার স্প্লিন্টারে আহত হন। গতকাল রাতে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাত আটটার দিকে ডিসি অফিস চত্বরের মালখানার সামনে বিকট শব্দে একটি বোমার বিস্ফোরণ ঘটে। এ সময় চত্বরের দক্ষিণ পাশের পার্কের চায়ের দোকানে বসা সিরাজুল নামে এক ব্যক্তি আহত হন। স্প্লিন্টারটি তার পায়ের নিচের দিকে আঘাত করে। সিরাজুল দড়াটানার পপুলার লাইব্রেরির কর্মচারী।
যশোরের এনডিসি আবদুল মালেক ঘটনার সত্যতা স্বীকার করেছেন। এ বিষয়ে যশোর কোতোয়ালি থানার ওসি শিকদার আক্কাস আলী বলেন, একটি বোমা বিস্ফোরণের শব্দ শুনেছি। যশোর কালেক্টরেট ভবনে জেলা প্রশাসকের কার্যালয়সহ সরকারি একাধিক দপ্তর রয়েছে।
স্টাফ রিপোর্টার, কুড়িগ্রাম থেকে জানান, হরতালের সমর্থনে কুড়িগ্রাম সদরের পাটেশ্বরী বাজার এলাকায় গতকাল সকালে জামায়াত-শিবির মিছিল করলে পুলিশ বাধা দেয়। বিক্ষুব্ধ জামায়াত-শিবিরের কর্মীরা পুলিশের ওপর ইট-পাটকেল নিক্ষেপ করলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। একপর্যায়ে পুলিশ মিছিল ছত্রভঙ্গ করতে সাত রাউন্ড শটগানের গুলি এবং এক রাউন্ড টিয়ার শেল নিক্ষেপ করে। এ ঘটনায় জামায়াত নেতা ও পরমালী ইবতেদায়ি মাদরাসার সুপার আবদুল হক (৫৪) গুলিবিদ্ধ হয়েছেন। এ ছাড়া পুলিশের হামলায় আহত হন আরও ১০ জন। আহতরা সবাই পলাতক। ঘটনার পর ওই এলাকায় বাড়ি বাড়ি তল্লাশি চালায় পুলিশ। এ সময় শিবিরের কর্মী এরশাদুল হক, শহিদুল ইসলাম ও জামায়াতের কর্মী আবদুল জলিলকে আটক করা হয়।
কুড়িগ্রাম সদর থানার ওসি মুর্শেদুল করিম মোহাম্মদ ইসতেশাম জানান, সকাল সাড়ে ৭টায় জেলা জামায়াতের সেক্রেটারি আবদুল মজিদ ফারুকী, ব্যাপারীপাড়া গোলজারিয়া বালিকা দাখিল মাদরাসার সুপার মাওলানা নিজামউদ্দিন ও ভোগডাঙ্গা ইউনিয়ন জামায়াতের আমীর আবদুল হাইয়ের নেতৃত্বে হরতাল সমর্থনে পাটেশ্বরী বাজারে লাঠি মিছিল বের হয়। পুলিশ মিছিলে বাধা দিলে তারা ইটপাটকেল নিক্ষেপ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ৭ রাউন্ড রাবার বুলেট ও এক রাউন্ড টিয়ার শেল নিক্ষেপ করে।
সিরাজগঞ্জ প্রতিনিধি জানান, সদর উপজেলার ছোনগাছা ইউনিয়নের ভাটপিয়ারী ভূমি অফিসের উপসহকারী নজরুল ইসলামকে আটক করেছে পুলিশ। গতকাল সকালে শহরের জানপুর মহল্লা থেকে তাকে আটক করা হয়। সদর থানার ওসি হাবিবুল ইসলাম জানান, ভূমি কর্মকর্তা নজরুলকে নাশকতা ও জামায়াত সম্পৃক্ততার অভিযোগে আটক করা হয়।
স্টাফ রিপোর্টার, খুলনা থেকে জানান, খুলনা প্রেস ক্লাবের ভিআইপি প্রেস কনফারেন্স রুমের দোতলায় দুষ্কৃতকারীরা বোমা হামলা চালিয়েছে। বোমার স্প্লিন্টারে কনফারেন্স রুমের ওয়াল ক্ষতিগ্রস্ত এবং আইটি রুমের জানালার কাচ ভেঙে গেছে। তবে কোন হতাহতের ঘটনা ঘটেনি। সোমবার রাতে এ ঘটনা ঘটে। এদিকে বোমা হামলার প্রতিবাদে গতকাল বেলা ১১টায় ক্লাব চত্বরে এক সমাবেশ হয়। সমাবেশ থেকে সমাবেশে বক্তারা হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। এদিকে সোমবার রাতে খানজাহান আলী থানা পুলিশ কুয়েট ছাত্রশিবিরের সভাপতি জাহাঙ্গীর আলমসহ ৫৬ জনকে গ্রেপ্তার করেছে।
রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি জানান, উপজেলার উত্তর বাগুয়ার চর গ্রামের ইসলামী সভা থেকে ১৬ মহিলাকে আটক করেছে পুলিশ। তাদের মধ্যে ৭টি শিশুও রয়েছে। গতকাল দুপুরে ওই গ্রামের ওমর আলীর বাড়িতে মহিলারা ইসলামী সভার আয়োজন করে। সভায় ইসলাম ধর্ম সম্পর্কে বক্তব্য দিচ্ছিলেন উপজেলার পাখিউড়া গ্রামের রাবেয়া খাতুন নামের এক মহিলা। এ সময় পুলিশ তাদের গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়।
স্টাফ রিপোর্টার, নোয়াখালী থেকে জানান, হরতালের সমর্থনে নোয়াখালীতে বিক্ষোভ মিছিল করেছে জেলা যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা। গতকাল সকাল ৭টায় জেলা শহরের মাইজদী বাজার এলাকার ভূমি অফিসের সামনের সড়ক থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে নেতৃত্ব দেন জেলা যুবদল নেতা নিজাম উদ্দিন মধু, শহর যুবদল নেতা সেলিম, শহর স্বেচ্ছাসেবক দল নেতা মনির হোসেন, নোয়াখালী কলেজ ছাত্রদল নেতা আনোয়ার হোসেন রকি প্রমুখ।
সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি জানান, হরতালে মোটরসাইকেল চলতে বাধা দেয়াকে কেন্দ্র করে আওয়ামী লীগ-বিএনপির মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া, সংঘর্ষ, পুলিশের ফাঁকা গুলিতে এক এসআইসহ ১০ জন আহত হয়েছেন। গতকাল সরিষাবাড়ী পৌরসভার আরামনগর এলাকায় এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ছয় রাউন্ড রাবার বুলেটের ফাঁকা গুলি ছোড়ে। এ সময় বাজারের ৫ শতাধিক দোকানপাট বন্ধ করে দেন ব্যবসায়ীরা।
ওয়ার্ড যুবলীগ নেতা সুজন মিয়া মোটরসাইকেলযোগে ভাজন ডাক্তারের মোড়ে গেলে মোটরসাইকেল আটক করে চাবি নিয়ে যায় হরতালকারীরা। এ ঘটনায় দুই পক্ষের ইটপাটকেল নিক্ষেপ ও অটোরিকশা ভাঙচুরের ঘটনা ঘটে। এ ছাড়া ভুরারবাড়ী গ্রামের বিএনপি সমর্থক মজনু মিয়া ও ধানাটা গ্রামের আওয়ামী সমর্থক টিক্কা মিয়া পাওনা টাকা নিয়ে কথাকাটাকাটি হয়। পরে দুই গ্রামবাসীর মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ছয় রাউন্ড গুলি ছোড়ে। ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপে সরিষাবাড়ী থানার এসআই সাদেক দেওয়ানসহ ১০ জন আহত হন।
গোমস্তাপুর (চাঁপাই নবাবগঞ্জ) প্রতিনিধি জানান, গোমস্তাপুরে এক জামায়াতের কর্মীকে আটক করেছে পুলিশ। সোমবার রাতে উপজেলার রহনপুর ইউনিয়নের তেঁতুলতলা গ্রাম থেকে তাকে আটক করা হয়।
বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি জানান, সোমবার রাতে দুর্বৃত্তের দেয়া আগুনে একটি মিনিবাস (সিলেট জ-১১-০৮১৮) ভস্মীভূত হয়েছে। এ সময় বাসের ভেতর থেকে বের হওয়ার সময় দুই হেলপার আহত হয়েছেন। সোমবার রাত ১১টার দিকে শহরের ইন্টারন্যাশনাল স্কুলের সামনে পার্কিং করা মিনিবাসে দুর্বৃত্তরা পেট্রল ছিটিয়ে অগ্নিসংযোগ করে। এ বাসটি মঙ্গলবার সকালে যাত্রী নিয়ে সিলেট যাওয়ার কথা ছিল। এ সময় বাসের হেলপার আবুল হোসেন (২৫) ও মাছুম আহমদ (২৭) আহত হন। স্থানীয় লোকজন তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
মানিকগঞ্জ প্রতিনিধি জানান, হরিরামপুর উপজেলার আন্ধামানিক বাজারে আওয়ামী লীগ অফিসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার মধ্যরাতের এই অগ্নিকাণ্ডে কার্যালয়ের চেয়ার-টেবিল পুড়ে গেছে। পুলিশ বলছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এই আগুনের সূত্রপাত হয়েছে। তবে আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হচ্ছে, ঘটনাটি দুর্বৃত্তরা ঘটিয়েছে। এদিকে বিএনপির ৫ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
চাঁপাই নবাবগঞ্জ প্রতিনিধি জানান, উপজেলা ছাত্রশিবির নেতা ফেরদৌস আহমেদকে গ্রেপ্তার করেছে শিবগঞ্জ থানা-পুলিশ। এদিকে চাঁপাই নবাবগঞ্জ সদরে অভিযান চালিয়ে ২৩টি ককটেল উদ্ধার করা হয়। ফেরদৌসের বিরুদ্ধে সদর ও শিবগঞ্জ থানায় নাশকতার ১১টি মামলা রয়েছে।
সুনামগঞ্জ প্রতিনিধি জানান, সজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ও পৌর কাউন্সিলর আবদুল্লাহ আল নোমানকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। গতকাল রাত আড়াইটায় তাকে সুনামগঞ্জ শহরের হাছননগর আবাসিক এলাকার নিজ বাসা থেকে গ্রেপ্তার করা হয় বলে আইনশৃঙ্খলা বাহিনী সূত্র জানায়।











