মানুষের আয়ু হবে ৫শ বছর!
প্রযুক্তি ডেস্ক : আসা-যাওয়ার নিয়মটা প্রাকৃতিক। জীবন যেমন বাস্তবতা, তেমনি করে সেই জীবনের সাপেক্ষে মৃত্যুও অপরিহার্য বাস্তবতা। প্রাকৃতিক নিয়মেই মানুষের বয়স বাড়তে থাকে। সেইসঙ্গে বাড়তে থাকে মৃত্যুর আশঙ্কা। তবে জীবনের পরিসর বাড়িয়ে মৃত্যুকে দীর্ঘায়িত করতে কতো রকম প্রচেষ্টাই না রয়েছে মানুষের। চিকিৎসা বিজ্ঞানের অগ্রগতির কল্যাণে অনেক রোগ মোকাবেলা করে বেঁচে থাকার শক্তি অর্জন করেছে মানুষ। তারপরও ১শ বছর বাঁচাকেই এখনও মানুষ দেখে মিরাকল হিসেবে।
এখন, কেউ যদি বলে যে, ভবিষ্যতে মানুষ ৫শ বছর বছর পর্যন্ত বাঁচতে সক্ষম হবে? হুম পাঠক, মানুষের আয়ু বাড়াবার এই আয়োজনে যুক্ত আছে টেক জায়ান্ট গুগল।
মানুষের ধারণা মরণশীল এ দেহে বয়সজনিত কারণে যেসব প্রভাব পড়ে তা ঠেকানো সম্ভব নয়। আর সে ধারণার পরিবর্তন করতে সম্প্রতি লাখ লাখ ডলার বিনিয়োগ শুরু করেছে গুগল। নতুন চিকিৎসা পদ্ধতির মাধ্যমে কীভাবে রোগ প্রতিহত করে আয়ু দীর্ঘায়িত করা যায় তা নিয়ে কাজ করছে প্রতিষ্ঠানটি।
নতুন নতুন চিকিৎসা পদ্ধতির মধ্য দিয়ে রোগ মোকাবেলা করে মানুষের পক্ষে খুব শিগগিরই ৫শ’ বছর বয়স পর্যন্ত সুস্থভাবে বেঁচে থাকা সম্ভব হতে পারে বলে বিশ্বাস করেন গুগল ভেঞ্চারের প্রেসিডেন্ট বিল মারিস। তাঁর মতে মানুষ যা কল্পনা করে তা অর্জনের মত যথেষ্ট উপাদান জীববিজ্ঞানে আছে। আর সে অনুযায়ী উন্নত চিকিৎসা পদ্ধতি আবিষ্কৃত হলে মানুষের পক্ষে দীর্ঘজীবী হওয়া সম্ভব।
বিশ বছর আগের চিকিৎসা পদ্ধতির প্রসঙ্গ টেনে মারিস বলেন সেসময় জিনোমের গঠনতন্ত্র না জেনেই ক্যান্সারের চিকিৎসা দেয়া হত। তবে দিন দিন চিকিৎসা ব্যবস্থার উন্নতি হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, “স্টেম সেল প্রতিস্থাপনের মধ্য দিয়ে এখন আমরা ক্যান্সারের চিকিৎসা করতে সক্ষম।”
মারিসের আশা ২০ বছর পর ক্যান্সারের চিকিৎসা পদ্ধতি আরও এতটাই সহজ হয়ে যাবে যে কেমো থেরাপীর ব্যবহার হবে খুব প্রাথমিক পর্যায়ে এবং এর যন্ত্রণা থাকবে খুবই হালকা।











