বালু বিক্রির সাইনবোর্ডের আড়ালে চলছে পুকুর ভরাট
আমিরজাদা চৌধুরী : ৮ দিন আগে ব্রাহ্মণবাড়িয়া পরিবেশ অধিদপ্তরের উপ পরিচালক জানিয়েছিলেন তিনি চট্টগ্রামে পরিচালকের কার্যালয়ে মামলার অনুমতি চেয়ে চিঠি পাঠিয়েছেন। আর বুধবার দুপুরে পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় পরিচালক বলেছেন-তিনি এ ধরনের কোন চিঠি পাননি বা পুকুর ভরাটের কোন তথ্য তার জানা নেই। কিন্তু এরইমধ্যে ভরাট হয়ে গেছে ব্রাহ্মণবাড়িয়া শহরের কাজীপাড়ার একটি পুকুরের অর্ধেকাংশ। গত সপ্তাহে এই পুকুর ভরাট নিয়ে হৈ-চৈ হলে পুকুর ভরাটকারীরা সেখানে ছোট্ট একটি সাইনবোর্ড ঝুলিয়ে দেয়। যাতে লিখা হয়- ‘বালু বিক্রি করা হবে’। সরজমিনে পুকুরস্থলে গিয়ে দেখা গেছে বালু ভরাট চলছে। পুকুরের আশপাশের লোকজন জানান- আসলে বালু বিক্রি নয় ভরাট হচ্ছে এখানে। এই সাইনবোর্ড লাগানো হয়েছে কৌশল হিসেবে। ইতিপূর্বে পরিবেশ অধিদপ্তরে এলাকাবাসীর দেয়া অভিযোগ থেকে জানা যায়, পৌর এলাকার কাজীপাড়ায় জেলা ঈদগাহ মাঠের পশ্চিম পাশের একটি পুকুর গত কয়েক মাস আগে ভরাট শুরু করে পুকুরের মালিক মোঃ আসাদ উল্লাহ। এ নিয়ে এলাকাবাসী স্থানীয় পরিবেশ অধিদপ্তরে অভিযোগ করলে গত বছরের ৬ নভেম্বর পরিবেশ অধিদপ্তর পুকুর ভরাট না করার জন্য আসাদ উল্লাকে চিঠি দেয়। পরবর্তীতে ২১ ফেব্রুয়ারী থেকে পুনরায় আসাদ উল্লা পুকুরটি ভরাট করতে শুরু করলে এলাকাবাসী পৌর মেয়র এবং পরিবেশ অধিদপ্তরকে অবহিত করেন।এলাকাবাসীর অভিযোগ পেয়ে পৌর মেয়র মোঃ হেলাল উদ্দিন পুকুরটি ভরাট না করার জন্য পুকুর মালিককে মৌখিকভাবে নির্দেশ দেন। ওদিকে পরিবেশ অধিদপ্তর গত ২২ ফেব্রুয়ারি পুকুর মালিক মোঃ আসাদ উল্লাকে পুনরায় চিঠি দেয়। তাদের চিঠিতে বলা হয়, ‘গত ২১/০২/১৫ হতে আপনি পুনরায় উক্ত পুকুরটি ভরাট করছেন মর্মে অভিযোগ পাওয়া গিয়াছে। যা পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ (সংশোধিত ২০১০) এর উপধারা ৬ (ঙ) এবং জলাধার সংরক্ষণ আইন ২০০০ সনের ৩৬ নং আইন অনুযায়ি একটি শাস্তিযোগ্য অপরাধ। এ আইনে ভরাটকারীর বিরুদ্ধে কারাদন্ডসহ অর্থদন্ডের বিধান রয়েছে। পরিবেশের চিঠি আর পৌর মেয়রের মৌখিক নির্দেশ পাওয়ার পর পুকুর ভরাটকারীরা কৌশল হিসেবে ইতিপূর্বে পুকুর ভরাট করতে ফেলা বালুর মধ্যেখানে বালু বিক্রি করার সাইনবোর্ড ঝুলিয়ে দেয়। এর আড়ালে চালিয়ে যেতে থাকে পুকুর ভরাট । এই অবস্থায় নিরব বসে থাকে স্থানীয় পরিবেশ অধিদপ্তর।
পুকুর মালিক মোঃ আসাদ উল্লা দাবী করেন পরিবেশ অধিদপ্তরের চিঠি পাওয়ার পর তিনি মাটি ভরাট কাজ বন্ধ রেখেছেন। পরিবেশ অধিদপ্তর ব্রাহ্মণবাড়িয়ার উপ-পরিচালক মোঃ ছায়েফ উল্ল্যা তালুকদার বলেন, ‘প্রথম দফা নোটিশ দেওয়ার পর পুকুরে মাটি ভরাট কাজ বন্ধ না রাখায় ২২ ফেব্রুয়ারি আরেকটি নোটিশ দেওয়া হয়। ওই দিনই পুলিশ নিয়ে গিয়ে মাটি ভরাট কাজ বন্ধ রাখা হয়। ভরাটকৃত মাটি সরিয়ে নেওয়া না হলে প্রয়োজনে মামলা করা হবে বলেও জানিয়েছিলেন এক সপ্তাহ আগে পরিবেশের এই কর্মকর্তা। ঐসময়েই তিনি চট্টগ্রাম অফিসে মামলার অনুমতি চাওয়া হয়েছে বলে সাংবাদিকদের জানান। বুধবার (৪/৩/১৫) এ ব্যাপারে চট্টগ্রাম বিভাগীয় পরিচালক মো : মকবুল হোসেনের সঙ্গে টেলিফোনে যোগাযোগ করলে তিনি বলেন ব্রাহ্মণবাড়িয়ায় পুকুর ভরাটের বিষয়ে মামলার অনুমতি চাওয়া হয়েছে কিনা তা আমার জানা নেই। আমি খোজ নিয়ে দেখছি।











