সম্মেলন ঘিরে ব্যাপক নিরাপত্তা : কারা হচ্ছেন লালমনিরহাটের আওয়ামীলীগের কান্ডারি
রংপুর ব্যুরো : চলতি বছরের ২৪ অক্টোবর জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে দুপক্ষে হাতাহাতি ও পরে সমাবেশস্থলের বাইরে ব্যাপক মারামারি ও ভাঙচুরের ঘটনা ঘটে। এ বিষয় মাথায় রেখেই কঠোর সাংগঠনিক নিরাপত্তার মধ্যে আজ বুধবার লালমনিরহাট জেলা পরিষদ কমিউনিটি হলরুমের মাঠে জেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বলে জানা গেছে। প্রায় ৭ বছর পর অনুষ্ঠেয় এ সম্মেলনে শক্তিশালী কমিটি গঠনের দাবি জানিয়েছেন নেতা-কর্মীরা।
জানা যায়, জেলা আওয়ামী লীগে সভাপতি পদে ৪ জনের নাম শোনা যাচ্ছে। এরা হচ্ছেন বর্তমান সভাপতি মোতাহার হোসেন এমপি, সমাজকল্যানমন্ত্রী নুরুজ্জামান আহমেদ, সিনিয়র সহ-সভাপতি সিরাজুল হক ও সাবেক সাধারন সম্পাদক নজরুল হক পাটোয়ারী ভোলা। আর সাধারন সম্পাদক পদে বর্তমান সাধারণ সম্পাদক মতিয়ার রহমান, সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা স্বপন ও পৌর মেয়র রিয়াজুল ইসলাম রিন্টুর নাম শোনা যাচ্ছে। তবে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে একাধিক প্রার্থী থাকায় হিসাব মেলাতে রীতিমতো হিমশিম খাচ্ছেন নেতা-কর্মীরা। শীর্ষ পদগুলোতে চমকের অপেক্ষায়ও রয়েছেন অনেকে। তবে চূড়ান্ত সিদ্ধান্তের জন্য দলীয় প্রধান শেখ হাসিনার ওপর নির্ভর করতে চাইছেন স্থানীয় শীর্ষ নেতারা। পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক কাজী নজরুল ইসলাম বলেন, দলীয় প্রধানের সঙ্গে আলোচনা করেই কেন্দ্রীয় নেতারা লালমনিরহাটে আসবেন। যদি কোনো বার্তা থাকে সেটা তারা জানাবেন এবং কাউন্সিলর-ডেলিগেটরা তা মেনে নেবেন। কিন্তু যদি কোনো বার্তা না থাকে তাহলে নেতা নির্বাচনের জন্য প্রস্তাবক ও সমর্থনকারী নিয়ে কাউন্সিলরদের মতামত নেওয়া হবে।
এদিকে সম্মেলনে শৃঙ্খলা নষ্ট করলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন সমাজকল্যান মন্ত্রী নুরুজ্জামান আহমেদ এমপি। মঙ্গলবার সন্ধ্যায় তিনি বলেন, সম্মেলনে একাধিক প্রার্থী থাকতে পারেন। আমার ব্যক্তিগত কোনো পছন্দ নেই। দলীয় প্রধান যাকে যোগ্য মনে করবেন তিনিই প্রার্থী। সম্মেলনের পর কোনো রেষারেষি থাকবে না। সম্মেলনে কেউ শৃঙ্খলা নষ্ট করলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিবে কেন্দ্র।











