সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

হুইল চেয়ারে বসেই মুক্তিযুদ্ধের গল্প শোনান মজিবর মাস্টার

news-image

রংপুর ব্যুরো : রংপুরের বদরগঞ্জের বীর মুক্তিযোদ্ধা মজিবর রহমান মাস্টার এখন হুইল চেয়ারে বসেই কোমলমতি শিশুদের শোনার মুক্তিযদ্ধের গল্প। ভাষা সৈনিক ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক বীর মুক্তিযোদ্ধা মজিবর রহমান মাস্টার বর্তমানে বয়সের ভারে কিছুটা দুর্বল হয়ে পড়লেও কমেনি মনের জোর। কন্ঠে তার স্বাধীনতার গান। বায়ান্নের ভাষা আন্দোলনে ছাত্র থাকা অবস্থায় ‘বদরগঞ্জ ভাষা সংগ্রাম পরিষদ’ নামের সংগঠন করে আন্দোলন-সংগ্রামে অংশ নেয়ার কারণে তৎকালীন সরকার মজিবর রহমান মাস্টারের বিরুদ্ধে মামলা করে। তবুও তাঁরা পশ্চিম পাকিস্তানি শাসকের রক্তচক্ষু উপেক্ষা করে ছাত্র-জনতাকে একত্রিত করে আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন।

ভাষা সৈনিক ও বীর মুক্তিযোদ্ধা মজিবর রহমান মাস্টার বলেন, ‘১৯৪৭ সালের দেশ ভাগের পর থেকেই ভাষার প্রশ্নটি চলে আসে। পূর্ব পাকিস্তানের সংখ্যাগরিষ্ঠ মানুষ বাংলা ভাষায় কথা বলে। ভাষা আন্দোলন অর্থাৎ ১৯৫২ সালে আমি দশম শ্রেণীর ছাত্র। বদরগঞ্জেও আমরা বাংলাভাষার দাবিতে আন্দোলন করেছি।’ ওই সময়ের স্মৃতিচারণ করতে গিয়ে তিনি আরও বলেন, ‘আমরা বেশ কয়েক জন ছিলাম। আমি, দামোদরপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবু বকর প্রামাণিক, বদরগঞ্জ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল জব্বর সরকার তারপর কমরেড ছয়ের উদ্দিন। আর একজন ছিলেন কমরেড জীতেন্দ্রনাথ দত্ত। সেই সময় জীতেন দত্ত রাজশাহী সেন্ট্রাল জেলে বন্দী ছিলেন। সাথে আরও দুই জন ছিলেন ইদ্রিস লোহানী ও ইউনুস লোহানী। ও..আরও একজন আছে, লোহানী পাড়া ইউনিয়নের সাহেবগঞ্জের শাহ আব্দুল বারী। স্বীকৃতি মাত্র দুই জন আমরা পেয়েছি।

আমি আর আব্দুল জব্বার সরকার।’মজিবর রহমান মাস্টার বলেন, ‘ভাষা আন্দোলনকে কেন্দ্র করে আমরা ছাত্র-জনতা ৫২ সালের ২৮ ফেব্রুয়ারি একটা মিটিং করেছিলাম বদরগঞ্জের ডাক বাংলোয়। ওই মিটিংয়ে ইদ্রিস লোহানী, ইউনুস লোহানী আর আমার নাম মনে নাই ঢাকা মেডিকেল কলেজের একজন ছাত্র এসেছিলো। এই তিন জন আর শাহ আব্দুল বারী ছিলো। আমাদের মিটিংয়ের অ্যারেজমেন্ট দেখে, তখন তো আর রাস্তা ঘাট সেই রকম ছিলো না, ওয়্যারলেসে থানা থেকে খবর জানাইছিলো রংপুরে, তখন রংপুর থেকে দুই ভ্যান পুলিশ এসে আমাদের মিটিং পন্ড করে দেয়। তখন সবাই পালিয়ে যেতে পারলেও শাহ আব্দুল বারীকে অ্যারেস্ট করে পুলিশ। শাহ আব্দুল বারীকে অ্যারেস্ট করার পর, আমি তখন মেট্রিক পরীক্ষার্থী, আমরা মেট্রিক পরীক্ষার্থীরা আর ক্লাস নাইন টেনের ছাত্র ছাত্রী সবাই গিয়ে থানা ঘেরাও করেছি। ঘেরাও করার পরে বড় দারগা অফিস থেকে বের হয়ে শাহ বারীকে বলে যে, ছাত্র ছাত্রীদেরকে চলে যেতে বলেন, তা না হলে আপনার (শাহ বারীর) অসুবিধা হবে।

তখন শাহ বারী হাজত থেকে বের হয়ে আমাদেরকে বলেন, বাবা, তোমরা চলে যাও। তখন আমরা চলে আসার পরে শাহ বারীকে হাজতে পাঠিয়ে দেয়। আর আমাদের ১১ জনের নামে ওয়ারেন্ট ইস্যু করে। এই ১১ জনের মধ্যে আমি, শাহ আব্দুল বারী, আব্দুল জব্বার সরকার, আবু বকর প্রামাণিক, ইউনুস লোহানী, ইদ্রিস লোহানী, মখলেছুর রহমান মজনু লোহানী আর কয়েক জনের নাম আমার মনে নাই। ভাষার জন্য আন্দোলন এবং রাষ্ট্রদ্রোহী কেসে ছয়ের মিয়া (কমরেড ছয়ের উদ্দিন) ও কমরেড জীতেন দত্ত দুই জনই তখন রাজশাহী সেন্ট্রাল জেলে বন্দী ছিলেন। কিন্তু সেখান থেকে তাঁরা গোপন ভাবে আমাদেরকে দিক নির্দেশনা দিতেন আন্দোলনকে জোরদার করার জন্য। তখন আমাদেরকে বদরগঞ্জ হাই স্কুলের এক্স হেড মাস্টার শংকর রায়ও বিভিন্ন সময় দিক নির্দেশনা দিয়েছেন।’

ভাষা সংগ্রামী বীরমুক্তিযোদ্ধা মজিবর রহমান মাস্টারের বাড়ি রংপুরের বদরগঞ্জ উপজেলার কুতুবপুর ইউনিয়নের খিয়ারপাড়ায়। তার জন্ম ১৯৩৭ সালের ১ সেপ্টেম্বর। তার দুই ছেলে ও এক মেয়ে। স্বাধীনতা পরবর্তি সময়ে মুক্তিযোদ্ধা মজিবর রহমান শিক্ষকতা পেশার সঙ্গে জড়িত ছিলেন। তিনি প্রতিষ্ঠা করেছেন স্কুল কলেজ মাদ্রাসাসহ বহু সংগঠন। তার নামে বদরগঞ্জে রয়েছে ‘মুক্তিযোদ্ধা মজিবর রহমান কল্যাণ ট্রাস্ট’।

বর্তমানে শারিরীকভাবে অসুস্থ হওয়ায় হুইল চেয়ারে বসেই তার সময় কাটে গ্রামের বাড়িতে। তবু ডাক পড়লেই ছুটে যান বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কোমলমতি শিশুদের কাছে। তাদের শোনান ভাষার গল্প, মুক্তিযুদ্ধের গল্প।

এ জাতীয় আরও খবর

পরীমণির মন্তব্যে প্রশংসা গিয়াসউদ্দিন সেলিমকে ঘিরে

শিরোপা উদ্‌যাপন ঘিরে ফ্রান্সে সহিংসতা, আটক ৪১৬

কুষ্টিয়ায় সেনাসদস্যবাহী ও যাত্রীবাহী বাসের সংঘর্ষ, নিহত ১

নাটোরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত

চৌগাছা ‘বন্দুকযুদ্ধ’ মামলায় ৮ আসামির বিচার শুরু

শুভেন্দুর মন্ত্রিসভার ৩৫ নতুন মন্ত্রী শপথ গ্রহণ করলেন

ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস, আদালত, ব্যাংক ও শেয়ারবাজার

ঈদের ছুটির পর সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আদালতে প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে