শনিবার, ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

চার ভুবনের এক মাহফুজ

52f29b629bf26-1শনিবার৷ রাত আটটা ৩৭ মিনিট৷ বনানী সি ব্লকের ১৭ নম্বর সড়ক৷ নকশীকাঁথা৷ এই প্রতিষ্ঠানের কর্ণধার মাহফুজ আহমেদ৷ নিজ কক্ষে বসে টিভি নাটক দেখছেন৷ ধারাবাহিকটির নাম আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে৷ প্রযোজক ও পরিচালক মাহফুজ আহমেদ৷ প্রচারিত হচ্ছে চ্যানেল আইয়ে৷ শুভেচ্ছা বিনিময়ের পর বললেন, ‘প্লিজ, একটু বসুন৷ নাটকটি এখনই শেষ হবে৷’

নাটক শেষ হতেই টিভি বন্ধ করে মাহফুজ বললেন, ‘আমি নিজে যে নাটক তৈরি করি, প্রচারের সময় তাতে কোনো ত্রুটি থাকছে কি না, সেিদকেও খেয়াল রাখতে হয়৷’

মাহফুজের মুঠোফোন বেজে ওঠে৷ আলাপ শুনে বোঝা গেল অন্য প্রান্তে আছেন প্রকাশক, প্রযোজক এবং পরিচালক মাজহারুল ইসলাম৷ হুমায়ূন আহমেদের উপন্যাস থেকে ২৬ পর্বের একটি ধারাবাহিক তৈরি করবেন তিনি। নাম একজন মায়াবতী৷ নাম ভূমিকায় অভিনয় করবেন সুমাইয়া শিমু৷ শুটিং শুরু হবে ১ মার্চ৷ তাতে অভিনয় করবেন মাহফুজ৷ তাঁকে ১ থেকে ১০ মার্চ পর্যন্ত সময় দিতে হবে৷

আলোচনা চূড়ান্ত হয়ে আছে অনেক আগেই৷ কিন্তু ঝামেলা তৈরি হয়েছে জিরো ডিগ্রি ছবির শুটিং নিয়ে৷ মাহফুজ আহমেদের নতুন ছবি৷ তিনি অন্যতম প্রযোজক৷ পাশাপাশি অভিনয়ও করছেন৷ ছবির অন্য দুজন অভিনয়শিল্পী জয়া আহসান আর রুহি কিছুদিন দেশের বাইরে ছিলেন৷ ছবির অল্প কিছু কাজ বাকি আছে৷ তাই পরিচালক অনিমেষ আইচ চান, মার্চ মাসের প্রথম সপ্তাহেই তা শেষ করতে৷ 

ফোনে কথা শেষ হওয়ার পর মাহফুজ বললেন, ‘এখন আমি কোনো নাটকে অভিনয় করছি না৷ একজন মায়াবতী হুমায়ূন আহমেদের, আর আমার সঙ্গে অনেক দিন আগেই কথা হয়েছে, তাই এই কাজটা আমাকে করতেই হবে৷ জিরো ডিগ্রি ছবিতে আমার চরিত্রটি খুবই চ্যালেঞ্জিং৷ এমন একটি চরিত্র করার পর নাটকের প্রতি মায়া কমে গেছে৷ এখন চলচ্চিত্রেই নিয়মিত অভিনয় করব৷ খুব বেশি নয়, বছরে অন্তত একটা ছবি৷’

নাটকে অভিনয় না করা প্রসঙ্গে মাহফুজ বললেন, ‘গল্প পাচ্ছি না৷ স্ক্রিপ্ট বলে কিছু নেই৷ এমন কোনো চরিত্র নেই যা আমাকে আকর্ষণ করে৷ তার ওপর বাজেটস্বল্পতা৷ ভালো পরিচালকেরা টিভি থেকে দূরে সরে যাচ্ছেন৷’ 

মাহফুজের অভিযোগ, ‘টিভি নাটকের এখন ক্রান্তিকাল চলছে৷’ তাঁর মতে, ‘টিভি নাটকের দর্শক এখন নেই বললেই চলে৷’

এর কারণ কী? মাহফুজ মনে করেন, ‘টিভি চ্যানেল থেকে যে সময়টা দেওয়া হয়, বেশির ভাগ ক্ষেত্রেই ওই সময় নাটক শুরু হয় না৷ সঙ্গে আছে বিজ্ঞাপনের নির্যাতন৷ বাইরের চ্যানেলগুলোতে এসব নির্যাতন নেই৷ আমাদের নাটকগুলো দর্শককে দেখতেই দিচ্ছি না৷ তারা কীভাবে ভালো-খারাপের বিচার করবেন৷ আমাদের নাটকের মান কমেছে৷ নির্মাণশৈলী নেই৷ লোকেশনের বৈচিত্র্য নেই, দেখে মনে হবে সব নাটক বুঝি একই জায়গায় শুটিং হচ্ছে৷ চরিত্র অনুযায়ী পোশাক দিতে পারি না৷ একই পোশাক পরে একেকজন শিল্পী অনেক নাটকে অভিনয় করছেন৷ ঘুরেফিরে কয়েকটি মুখ৷ আবার বিশ্বাসযোগ্য অভিনয় নেই৷’

এখন চ্যানেল আইয়ে প্রচারিত হচ্ছে আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে আর এটিএন বাংলায় মাগো তোমার জন্য৷ দুটি ধারাবাহিকই প্রযোজনার পাশাপাশি পরিচালনাও করছেন মাহফুজ৷ 

আবার জিরো ডিগ্রির প্রসঙ্গ৷ মাহফুজ বলেন, ‘জিরো ডিগ্রি সাইকো অ্যাকশন থ্রিলার ধাঁচের ছবি৷ ছবিতে দর্শক কী চায়; আনন্দ, বিনোদন, নাটকীয়তা, দ্বন্দ্ব, সংঘাত-সবকিছুই আছে এই ছবিতে৷ এখানে দর্শক অভিনয়ের যুদ্ধ দেখবেন৷ আমি মনে করি, জয়া তাঁর অভিনয়জীবনের সেরা অভিনয় এই ছবিতে করেছেন৷ রুহি র৵াম্পের মডেল৷ কিন্তু রুহি যে কত ভালো অভিনেত্রী, এই ছবি দেখে তা দর্শক বুঝতে পারবেন৷ চরিত্রের প্রয়োজনে আমি তিন মাস দাড়ি রেখেছি৷ নিজের সমস্ত মেধা দিয়ে ভালো কিছু করার চেষ্টা করেছি৷ আর আছে অনিমেষের দুর্দান্ত পরিচালনা৷’

এর আগে ১২টি ছবিতে অভিনয় করেছেন মাহফুজ৷ কোনোটিই তেমন ব্যবসাসফল হয়নি৷ এ ব্যাপারে মাহফুজ বলেন, ‘চলচ্চিত্রে আমি পুরোপুরি ব্যর্থ, এ কথা বলব না৷ কারণ ২০০৫ সালে লাল সবুজ ছবিতে অভিনয়ের জন্য সেরা নায়ক বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছি৷’

মাহফুজ এখন বিজ্ঞাপনচিত্র নির্মাতা৷ বিভিন্ন টিভি চ্যানেলে তাঁর ১০টি বিজ্ঞাপনচিত্র প্রচারিত হচ্ছে৷ তিনি বলেন, ‘নাটক বানিয়ে এখন আর চলা যায় না৷ বলতে পারেন, বেঁচে থাকার জন্য এই কাজ করতে হচ্ছে৷’

অভিনেতা, পরিচালক, প্রযোজক ও বিজ্ঞাপনচিত্রের নির্মাতা৷ মাহফুজ বললেন, ‘সবকিছুর ওপর আমি একজন অভিনেতা৷’ 

এরপর? ‘চলচ্চিত্র পরিচালনা করব, এটা আমার অনেক দিনের স্বপ্ন৷ মুহম্মদ জাফর ইকবাল আমাকে একটি স্ক্রিপ্ট দিয়েছেন৷ এখন চিত্রনাট্য তৈরির কাজ চলছে৷ এ বছর নয়, পুরোপুরি তৈরি হয়ে তবেই ঘোষণা দেব৷ এমন একটি ছবি পরিচালনা করব, যা বাংলাদেশকে প্রতিনিধিত্ব করবে৷ এমনি একটি ছবি বানানোর স্বপ্ন আমার চোখে৷’

এ জাতীয় আরও খবর

কসবায় ছুরিকাঘাতে যুবকের মৃত্যু

দুই দিনের সফরে ঢাকায় তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী

শব্দদূষণ নিয়ন্ত্রণে এআই ব্যবহারের পরিকল্পনা ডিএনসিসির

দৌলতদিয়ায় বাস দুর্ঘটনা নিয়ে নৌপরিবহন মন্ত্রণালয়ের ব্যাখ্যা

আগস্টে তফসিল ঘোষণার পরিকল্পনা ইসির

ঢাবি শিক্ষককে বিয়ে করলেন দীপ্তি চৌধুরী

পঞ্চগড় সীমান্তে ১০ ভারতীয়কে পুশইনের চেষ্টা, বিজিবির বাধা

জুলাই সনদ না হলে সংসদ ও সরকার অবৈধ: সারজিস আলম

লাল টেলিফোনের তার চুরি, দুই আসামি রিমান্ডে

ফিফা র‍্যাঙ্কিংয়ে উঠেই বিপদে আর্জেন্টিনা!

বাণিজ্য-বিনিয়োগে নতুন উদ্যোগ বাংলাদেশ-তুরস্কের

গণতন্ত্রবিরোধী শক্তির উত্থান নিয়ে ফখরুলের সতর্কবার্তা