দেশের মানুষ এতো বোকা নয় কোন কসাইকে রাষ্ট্র ক্ষমতায় বসাবে-কমল কৃষ্ণ ভট্টাচার্য
আমিরজাদা চৌধুরী : রেলপথ মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব কমল কৃষ্ণ ভট্টাচার্য বলেছেন, দেশের মানুষ এতো বোকা নয় কোন কসাইকে রাষ্ট্র ক্ষমতায় বসাবে। তিনি আজ বৃহস্পতিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার পাঘাচংয়ে রেলপথে ও ট্রেনে নাশকতা রোধ কল্পে স্থানীয় জনসাধারণের সাথে মত বিনিময় সভায় সভাপতির বক্তব্যে এ কথা বলেন। এতে প্রধান অতিথি ছিলেন রেলপথ মন্ত্রী মজিবুল হক। অতিরিক্ত এই সচিব বলেন মানুষ দু-ধরনের হতে পারে। যেমন আপনি যদি আপনার পরিচয়ে বলেন এডভোকেট এমুক বা ম্যাজিষ্ট্রেট এমুক তাহলে বুঝতে হবে আপনি এক ধরনের মানুষ। মানে ভালো মানুষ। তার চাকুরী জীবনের একটি ঘটনার বর্ননা দিয়ে বলেন, আমি একটি জেলার দ্বিতীয় পর্যায়ের কর্মকর্তা হিসেবে একটি অনুষ্ঠানে গিয়েছিলাম। সেখানে এক লোক এসে আমাকে পরিচয় দেয় তিনি বদরের পিতা। পরে খবর নিয়ে জানতে পারি এই বদর হলো এলাকার কুখ্যাত সন্ত্রাসী। এমন নাক কাটা তেজর,কান কাটা বাদর এরকম পরিচয় হয়ে থাকলে আপনি হলেন আরেক ধরনের মানুষ। এই মানুষটি হলো অমানুষ। এই মানুষটি হলো জানোয়ার। এরা রাষ্ট্রীয় সম্পদ নষ্ট করে। রেল লাইন কাটে। এরা মানুষ নামের যোগ্য নয়। এই অযোগ্য জানোয়ার মানুষগুলোকে শেষ করতে হবে । এজন্যে সকলের সহযোগিতা দরকার। তিনি আরো বলেন আপনি দল একটা নয়, দশটা করতে পারেন। দল গঠন করে রাষ্ট্র ক্ষমতায় যাওয়া আপনার উদ্দেশ্যে হতে পারে। কিন্তু রাষ্ট্রের সম্পদ আপনি নষ্ট করতে পারেননা। রাষ্ট্রের মানুষের জীবন আপনি নিতে পারেননা। এই চিন্তা যাদের তারা সুস্থ মানুষ নয়। এই মানুষগুলোর রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার কোন অধিকার নেই। কারন দেশের মানুষ এতো বোকা নয় এধরনের একজন কসাইকে রাষ্ট্র ক্ষমতায় বসিয়ে দেবে।
এই মত বিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্যে রাখেন সংসদ সদস্য র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী, রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক(অপারেশন) মো: হাবিবুর রহমান,জেলা প্রশাসক ড: মুহাম্মদ মোশাররফ হোসেন,রেল পূর্বাঞ্চলের জিএম মোজাম্মেল হক,ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র হেলাল উদ্দিন ,পুলিশ সুপার মনিরুজ্জামান, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর আলম,মহিলা ভাইস চেয়ারম্যান এডভোকেট তাসলিমা সুলতানা খানম নিশাত। বাংলাদেশ রেলওয়ে আয়োজিত এই মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় রেলপথ মন্ত্রী বলেন সকলের সহায়তায় প্রতিনিয়ত রেলপথে নাশকতার চেষ্টা আমরা প্রতিহিত করে চলেছি। তিনি খালেদা জিয়াকে উদ্দেশ্যে করে বলেন আপনি জানেননা খুনি,-ঘাতক,কসাইরা কোনদিন ক্ষমতায় যেতে পারবেনা। আপনি নিরপরাধ মানুষকে হত্যা করে যাচ্ছেন। খুন করে কসাইয়ের ভূমিকা নিয়ে ক্ষমতায় যেতে পারবেননা। তিনি রেলপথে সন্ত্রাসকারীদের ধরে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে সোপর্দ করার আহবান জানান। বিশেষ অতিথির বক্তৃতায় ব্রাহ্মণবাড়িয়া সদরের সংসদ সদস্য র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী বলেন যুদ্ধের ময়দানেও নারী-শিশু ও বৃদ্ধ হত্যার বিধান নেই। গাছ কাটা যায়না। কিন্তু আজকে দেশে নারী-শিশুদের পুড়িয়ে মারা হচ্ছে। এনিয়ে আমাদের তথাকথিত আলেম সমাজ নিরব। তারা এর প্রতিবাদ করেননা। অথচ সাধারণ বিষয় নিয়ে তারা মিছিল করে ফেলেন। সিরাতুন্নবী ও মিলাদুন্নবী নিয়ে তারা লড়াইয়ে লিপ্ত হন। আওয়ামীলীগের ত্রুটি পেলে তাদের মুখে সমালোচনার খই ফুটতে থাকে। রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক অপারেশন হাবিবুর রহমান বলেন, রেলকে সচল রাখার আপ্রান চেষ্টা আমরা করছি। সাধারন মানুষের সহযোগিতা না পেলে সরকার ও আমাদের পক্ষে সেটি সম্ভব হতোনা। পূর্বাঞ্চলের জিএম মোজাম্মেল হক বলেন সাধারণ মানুষের সহায়তা ছাড়া রেল পরিচালনা করা সম্ভব নয়। ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মনিরুজ্জামান বলেন একজন মুসলমান হিসেবে আমি চাইবো শয়তানের আছর যেন মুক্ত হয়।











