৬৪ জেলায় ১১ হাজার ২৭৩ গৃহহীন পাচ্ছেন দুর্যোগসহনীয় ঘর
আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে আজ রোববার সকাল সাড়ে ১০টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ (টিআর) ও কাজের বিনিময়ে টাকা (কাবিটা) কর্মসূচির আওতায় তৈরি গৃহহীন মানুষের জন্য ১১ হাজার ২৭৩টি দুর্যোগ সহনীয় আশ্রয়কেন্দ্রগুলো উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে এ তথ্য জানা গেছে। জাগোনিউজ
জানা যায়, স্থানীয়ভাবে টিভিতে সম্প্রচার অনুষ্ঠান দেখে দুর্যোগ সহনীয় ১১ হাজার ২৭৩টি বাসগৃহের নামফলক উন্মোচন করার ব্যবস্থা গ্রহণের জন্য সব জেলা ও উপজেলা প্রশাসনকে অনুরোধ জানানো হয়েছে।
নির্দেশিকা অনুসরণ করে ডিসিসহ সংশ্লিষ্টরা সুবিধাভোগীদের নির্বাচন করেছেন। কারও এক বা দুই শতাংশ জায়গা আছে কিন্তু ঘর নেই বা ঘর আছে কিন্তু তা খুবই ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে; তাদের এই ঘর দেয়া হচ্ছে। এছাড়া যে পরিবারে পুরুষ সদস্য নেই বা পুরুষ সদস্য আছে কিন্তু তার বয়স ৬৫ বছরের বেশি বা নদীভাঙনে যারা ঘরবাড়ি হারিয়েছেন তাদেরকে ওইসব ঘর দেয়া হবে। এছাড়াও বেদে এবং তৃতীয় লিঙ্গের মানুষদের এসব ঘর দেয়া হবে।











