টিসিবি’র পেঁয়াজ না পেয়ে ক্রেতারা হতাশ
নিউজ ডেস্ক : রাজধানীতে তৃতীয় দিনের মতো ট্রাকে করে পেঁয়াজ বিক্রি করছে টিসিবি। বুধবার (২ অক্টোবর) সকাল থেকে ঢাকা শহরের বিভিন্ন স্থানে টিসিবির ট্রাক ঘিরে দেখা গেছে দীর্ঘ লাইন। এসব ট্রাকে মসুর ডাল, চিনি, সয়াবিন তেল বিক্রি হলেও বেশি চাহিদা ছিল পেঁয়াজের। সরবরাহ কম থাকায় অল্প সময়ের মধ্যে ট্রাকের পেঁয়াজ বিক্রি হয়ে যাওয়ায় অনেকেই না পেয়ে হতাশ হয়ে ফিরে গেছেন।
দুদিন আগে থেকে টিসিবি রাজধানীতে ট্রাকে করে পেঁয়াজ বিক্রি শুরু করলেও আজ বুধবার (২ অক্টোবর) থেকে ট্রাকের সংখ্যা ১৬ থেকে বাড়িয়ে ৩৫-এ উন্নীত করা হয়েছে। এতে করে স্বল্প আয়ের মানুষ ন্যায্যমূল্যে পেঁয়াজ কেনার সুযোগ পাবেন বলে জানিয়েছেন টিসিবি। কিন্তু রাজধানীতে টিসিবি’র ট্রাক সেলের নির্ধারিত জায়গাগুলো সরেজমিনে ঘুরে প্রতিবেদকরা জানিয়েছেন বেশিরভাগ স্থানে পেঁয়াজের জন্য মানুষ অপেক্ষা করলেও সময়মতো ট্রাক না আসায় অনেকে ফিরে গেছেন। আবার লম্বা লাইনে দাঁড়িয়েও সরবরাহ কম থাকায় অনেকে পেঁয়াজ কিনতে পারেননি।
মঙ্গলবারের (১ অক্টোবর) মতো আজ বুধবারও (২ অক্টোবর) রাজধানীর খিলগাঁও এলাকায় ট্রেডিং করপোরেশন বাংলাদেশ (টিসিবি) সকাল ১০টা থেকে ন্যায্যমূল্যে পণ্য বিক্রি শুরু করে। তবে গতকালের চেয়ে বুধবার টিসিবির গাড়ির সামনে ক্রেতাদের দীর্ঘ লাইন দেখা গেছে। এখানে টিসিবির ট্রাকে পেঁয়াজ, মসুর ডাল, চিনি, সয়াবিন তেল পাওয়া যাচ্ছে। প্রতিকেজি চিনি ৫০ টাকা, পেঁয়াজ ৪৫ টাকা, মসুর ডাল ৫০ টাকা, সয়াবিন তেল (২ ও ৫ লিটারের বোতল) প্রতি লিটার ৮৫ টাকায় বিক্রি হচ্ছে।
রাজধানীর খিলগাঁও রেলগেটে টিসিবি টিমের বিক্রয় ম্যানেজার রাসেল উদ্দিন বলেন, ‘আমরা সকাল ৯টা থেকে বিক্রি শুরু হয়েছি। আজ মানুষের ভিড় গতকালের (মঙ্গলবার) চেয়ে একটু বেশি। কারণ, মানুষ একে অন্যের থেকে জানতে পেরেছে। মানুষের উপস্থিতিও বেশি। চারটি পণ্যের মধ্যে পেঁয়াজের চাহিদা বেশি।’
লাইনে দাঁড়ানো আসমা বেগম বলেন, ‘পেঁয়াজ কিনতে এসেছি। দুই কেজির বেশি দেয় না। টিসিবির গাড়িতে দাম কম। কিন্তু ভোগান্তি বেশি। দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থাকতে হয়। দুই কেজি পেঁয়াজের জন্য এত সময় ব্যয় করলে হয় না।’
বাংলাদেশ সচিবালয়ের গেটে টিসিবির পণ্যের বিক্রয় ম্যানেজার ফজলুল হক বলেন, ‘সকাল ১০টা থেকে আমরা এখানে পণ্য বিক্রয় শুরু করেছি। অন্যান্য দিনের তুলনায় আজকে মানুষের ভিড় বেশি। ৪০০ কেজি পেঁয়াজ নিয়ে এসেছি। প্রত্যেককে ৪৫ টাকা দরে দুই কেজি পেঁয়াজ দেওয়া হচ্ছে। এছাড়া, মসুরের ডাল, চিনি ও সয়াবিন তেল আছে।’
টিসিবির পণ্য কিনতে আসা আব্দুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আজকে প্রথমবারের মতো আমি এখানে এসেছি। বাইরে পেঁয়াজের দাম অনেক বেশি। পেঁয়াজ কেনার জন্য সেই সকাল সাড়ে আটটা থেকে লাইন ধরে আছি। কম দামে পাচ্ছি, কিন্তু সময় ব্যয় হচ্ছে অনেক।’
গৃহকর্মী রুবি বলেন, ‘সরকারের এই উদ্যোগ ভালো হয়েছে। বাইরে এত টাকা দিয়ে পেঁয়াজ কিনে সংসার চালানো কষ্টকর। আমি চাই, সরকার যেন সারাবছরই এমন ব্যবস্থা চালু রাখে।’
এদিকে, বেলা ১২টা বাজলেও বাংলাদেশ ব্যাংকের সামনে নির্ধারিত স্থানে টিসিবির পেঁয়াজের ট্রাক গাড়ি আসেনি। এখানে যাত্রাবাড়ী থেকে পেঁয়াজ কিনতে এসেছেন আকলিমা খাতুন। বললেন, যাত্রাবাড়ীতে টিসিবির গাড়ি যায় না। আকলিমা জানান, পেঁয়াজ নিয়ে গিয়ে দুপুরে রান্না করবেন। কিন্তু এখনও ট্রাকের দেখা পাচ্ছেন না।
মঙ্গলবার বারোটা পর্যন্ত অপেক্ষা করে চলে যাওয়া মকবুল হোসেন বলেন, গতকালের মতো আজও সকাল ১০টা থেকে এ পর্যন্ত দুবার অফিস ফেলে পেঁয়াজ নিতে আসলাম, কিন্তু এখন পর্যন্ত পেঁয়াজের গাড়ি আসেনি। মকবুল হোসেন ইত্তেফাক অফিসের মোড়ে অবস্থিত ইসলামী ব্যাংকের মতিঝিল শাখায় কর্মরত। তিনি বলেন, ‘শুনেছি ৪৫ টাকা কেজিতে টিসিবির গাড়িতে দেওয়া হচ্ছে।’
স্থানীয়রা বলছেন, গতকাল মঙ্গলবার গাড়ি এসেছিল বারোটার পরে। বৃষ্টির কারণে অনেকেই পেঁয়াজ নিতে পারেনি। তারা বলছেন, গতকালের মতো আজও দুপুরের পরে টিসিবির পেঁয়াজের গাড়ি আসতে পারে।
ট্রাক আসতে এত দেরি কেন প্রশ্নে টিসিবির মুখপাত্র হুমায়ুন কবির বলেন, ‘টিসিবির সব ট্রাক একসঙ্গে বের হয় না। ট্রাকে পণ্য উঠাতে দেরি হওয়ার কারণে অনেক সময় নির্ধারিত স্থানে ট্রাক যেতে দেরি হয়। এছাড়া, বাংলাদেশ ব্যাংকের সামনে অনেক সময় দাঁড়ানোর সুযোগও থাকে না। তবে দেরিতে হলেও এখানে নির্ধারিত পেঁয়াজের ট্রাক পৌঁছে যাবে বলেও জানান তিনি।
এদিকে দিলকুশা চত্বরের সকাল ১০টা থেকে পেঁয়াজসহ অন্যান্য পণ্য ন্যায্যমূল্যে বিক্রি করছে টিসিবি।
আগারগাঁও নির্বাচন কমিশনের সামনে বিক্রি হচ্ছে ন্যায্যমূল্যের পেঁয়াজ। ম্যানেজার রুবেল জানান, দুই ঘণ্টার মধ্যে ৪০০ কেজি পেঁয়াজ বিক্রি হয়ে গেছে। এছাড়া, পেঁয়াজের পাশাপাশি বিক্রি হচ্ছে চিনি, মসুরের ডাল এবং সয়াবিন তেল।
পেঁয়াজ কিনতে এসে না পেয়ে হতাশা ব্যক্ত করেছেন অনেকেই। আগারগাঁওয়ের বাসিন্দা নুরুল আমিন আধা ঘণ্টা লাইনে দাঁড়িয়ে ছিলেন। পেঁয়াজ শেষ হয়ে গেলে তিনি হতাশা ব্যক্ত করে বলেন, ‘গতকালকেও লাইনে দাঁড়িয়ে পেঁয়াজ নিতে পারিনি।’
শ্যামলী থেকে পেঁয়াজ কিনতে আগারগাঁয়ে এসেছিলেন ফারুক। ট্রাকের সামনে দাঁড়িয়ে জিজ্ঞেস করলেন, ‘পেঁয়াজ আছে নাকি?’ বিক্রেতা জানান, ‘নেই।’ এ কথা শুনে ফারুকের হতাশ কণ্ঠ, ‘এতদূর থেকে এসেও পেঁয়াজ পেলাম না।’
মিরপুর মাজার রোডে টিসিবির ট্রাক খুঁজে পাননি অনেকেই। তবে মাজারের সামনে খাদ্য অধিদফতরের ট্রাকে চাল ও আটা বিক্রি হয়েছে। এখানে অনেকেই পেঁয়াজ কিনতে এসে না পেয়ে ফিরে গেছেন।
মিরপুর-১ নম্বরে মুক্তিযোদ্ধা মার্কেটের পাশে লাইন ধরে পেঁয়াজ কিনছেন ক্রেতারা। একেকজনকে দুই কেজি করে পেঁয়াজ দেওয়া হচ্ছে বলে জানান বিক্রয়কর্মী মোর্শেদ। তিনি বলেন, ‘আমরা এখানে সাড়ে ১১টা থেকে পণ্য বিক্রি শুরু করেছি। ৪০০ কেজি পেঁয়াজ আছে, যতক্ষণ থাকবে ততক্ষণ বিক্রি চলবে।’
সকাল ১০টায় সায়েন্সল্যাব মোড়ে অনেকেই অপেক্ষায় ছিলেন, কিন্তু তখনও টিসিবির ট্রাক এসে পৌঁছায়নি। কর্তব্যরত পুলিশ সার্জেন্ট জানান, পরশু আর গতকাল এখানে টিসিবির ট্রাক ছিল। আজ এখন পর্যন্ত কোনও ট্রাক আসেনি। বাংলা ট্রিবিউন











