কাঁটাতার দিয়ে ঘেরা হবে রোহিঙ্গা ক্যাম্প : স্বরাষ্ট্রমন্ত্রী
কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পের চারপাশে কাঁটাতারের বেড়া দেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। তিনি বলেন, প্রধানমন্ত্রী ইতোমধ্যে এ বিষয়ে নির্দেশনা দিয়েছেন।আজ বৃহস্পতিবার সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী তার দপ্তরে বিভিন্ন দেশের রাষ্ট্রদূতদের সঙ্গে আলোচনা শেষে একথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সম্প্রতি দেখা গেছে রোহিঙ্গা ক্যাম্পে প্রায়ই সন্ত্রাসী কর্মকাণ্ড হচ্ছে। তারা বিভিন্ন মাদকদ্রব্য পাচার ও খুন করছে। তারা এক রাজনৈতিক ব্যক্তিত্ব আওয়ামী লীগের এক নেতাকেও হত্যা করেছে। এজন্য তাদের নজরদারিতে রাখতে ক্যাম্পে কাঁটাতারের বেড়াসহ বিভিন্ন পয়েন্টে ওয়াচ টাওয়ার স্থাপন করা হবে
তিনি বলেন, দুই বছরেরও বেশি সময় ধরে রোহিঙ্গারা আমাদের দেশে রয়েছে। আমাদের হিসাব অনুযায়ী এখন কমবেশি ১১ লাখ রোহিঙ্গা রয়েছে বলে জানান তিনি।











