আ.লীগ নেতাদের বাসায় পাওয়া গেলো ৫ কোটি টাকা, ৬টি অস্ত্র, ৭৩০ ভরি স্বর্ণ
ক্যাসিনো চক্রে জড়িত দুই ভাই রাজধানীর গেণ্ডারিয়া থানা আওয়ামী লীগের সহ-সভাপতি এনামুল হক এনু ও যুগ্ম সাধারণ সম্পাদক রূপন ভূঁইয়া, তাদের এক কর্মচারী এবং তাদের এক বন্ধুর বাসায় অভিযান চালিয়ে প্রায় পাঁচ কোটি ৫ লাখ টাকা, ৭৩০ ভরি স্বর্ণ এবং ছয়টি আগ্নেয়াস্ত্র জব্দ করেছে র্যাব-৩। সোমবার মধ্যরাত থেকে মঙ্গলবার বিকেল পৌনে চারটা পর্যন্ত এ অভিযান চলে। ওয়ান্ডারার্স ক্লাবে ক্যাসিনো ব্যবসার অন্যতম শেয়ার হোল্ডার এনামুল ও রূপম।
র্যাব-৩ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সফিউল্লাহ বুলবুল বলেন, ‘গোয়েন্দা তথ্য ছিল, কয়েক দিন আগে ইংলিশ রোডে পাঁচটি ভল্ট বানানোর অর্ডার দেন এনামুল হক ও রূপন ভূঁইয়া। সেই সূত্রে জানতে পারি, তাদের বাসায় তিনটি ভল্ট আছে। এনামুল ও রূপন ভূঁইয়া আপন দুই ভাই ক্যাসিনোর শেয়ারহোল্ডার। ক্যাসিনোর লাভের টাকা তারা বাসায় নিয়ে রাখতেন।’
‘সোমবার মধ্যরাত থেকে সূত্রাপুরের বানিয়ানগর মুরগিটোলা তাদের বাসা ঘিরে রাখে র্যাব। মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত অভিযান চালিয়ে তিনটি ভল্ট থেকে নগদ এক কোটি ৫ লাখ টাকা, ৭৩০ ভরি সোনার গয়না এবং দুইটি পিস্তল, দুইটি এয়ারগান ও একটি শটগান জব্দ করা হয়। নগদ টাকা রাখলে অনেক জায়গার প্রয়োজন হয়।তাই তারা টাকা দিয়ে স্বর্ণ কিনে রাখতেন। এরপর দুপুরে ওয়ারীর লালমোহন সাহা স্ট্রিটে এনামুল হকের কর্মচারী আবুল কালামের বাসায় অভিযান চালিয়ে একটি ভল্ট থেকে দুই কোটি টাকা এবং একটি পিস্তল ও গুলি জব্দ করা হয়।’
তিনি আরো বলেন, নারিন্দার শরৎগুপ্ত রোডের ২২/১ নম্বর বাড়িতে তৃতীয় অভিযান চালায় র্যাব। তিনতলা ভবনের দ্বিতীয় তলায় থাকতেন এনামুলের বন্ধু হারুন অর রশিদ। হারুনের বাসায় প্রবেশ করে র্যা ব দেখতে পায়, খাট ওয়ারড্রবের মাঝামাঝি একটি ভল্ট। সেখান থেকে প্রায় দুই কোটি টাকা জব্দ করা হয়। এ সময় হারুন বাসায় ছিলেন না। তিনি স্থানীয় ট্রাকস্ট্যান্ডের কর্মচারী।
হারুনের স্ত্রী জানান, তারা এ অর্থের বিষয়ে কিছুই জানেন না। কয়েক দিন আগে এনামুল এসে টাকাগুলো বাসায় রেখে যান। তবে তাৎক্ষণিকভবে কাউকে গ্রেপ্তার করা যায়নি।
অধিনায়ক আরও বলেন, এনামুল ও রুপম জব্দ করা অস্ত্র দিয়ে এলাকার মানুষদের ভয় দেখিয়ে আধিপত্য বিস্তার করে রাখতেন। তাদের মধ্যে এনামুল থাইল্যান্ডে পলাতক আছেন, আরেক ভাই রুপনও পলাতক আছেন। পুরান ঢাকার বিভিন্ন এলাকায় এই দুই ভাইয়ের অন্তত ১৫টি বাড়ি রয়েছে।











