বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

রোকসানা,বজলু মিয়াদের খবর নেয়না কেউ

B.Baria Pic-3B.Baria Pic-2

আমিরজাদা চৌধুরী : দুপুর গড়িয়ে বিকেল। তখনো দুপুরের খাবার সংস্থান হয়নি রোকসানা আর তার ছোট ভাই আড়াই বছরের মুজাহিদের। বাবা-মা’র মৃত্যুর পর এতিম রোকসানার প্রায় প্রতিটি দিন কাটছে এভাবেই । বিয়ের বয়স হলেও টাকার জন্যে বিয়ে শাদী হচ্ছেনা রোকসানা আর তার বোনের। একমাত্র পুত্র সন্তানকে হারিয়ে বাচার সংগ্রামে নামতে হয়েছে বজলু মিয়া আর আমেনা  বেগমকে। মাথায় চালা নেই,ঘরে খাবার নেই-এমনি দূরাবস্থার সংসারের কিছুটা গতি করতে একটি বেসরকারী সংস্থার কাছ থেকে ঋন নিয়ে বাড়িতে ফিরছিলেন ব্রাহ্মণবাড়িয়ার বুধল গ্রামের মিজান মিয়া। সঙ্গে ছিলেন স্ত্রী নিলুফা বেগম ও এক শিশু সন্তান । কিন্তু নির্মম নিয়তিতে তা হয়নি। বাড়ি পৌছে তাদের নিথর দেহ। মিজান মিয়ার সঙ্গে একই অটোরিকসার যাত্রী ছিলেন পাশের বাড়ির মাহফুজ ও তার চার বছরের ছেলে মাসুদ। মহাসড়কের বেড়তলায় মর্মান্তিক এক সিএনজি অটোরিকসা দূর্ঘটনায় প্রান হারান তারা সবাই। মাহফুজের সংসারের অবস্থাও করুন। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যাক্তি ছিলেন মাহফুজ। তার অকাল মৃত্যু যেন সব শেষ করে দিয়েছে পরিবারটির। পিঠা বিক্রি করে চলে এখন এই পরিবারের ৬ জনের সংসার। তাতে কোনদিন খাওয়ার সংস্থান হয়, কোনদিন না। দূর্ঘটনাটি ঘটে গত বছরের ১ লা জুলাই । ৮ হাজার টাকা করে আনা ঋন দিয়ে দু-পরিবারেরই ভাঙ্গা ঘর-দোয়ার মেরামত করার কথা ছিলো ।
B.Baria Pic-1একের পর এক দূর্ঘটনায় ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার সাতবর্গ থেকে আশুগঞ্জ পর্যন্ত প্রায় ৩৫ কিলোমিটার এলাকা মৃত্যুফাঁদে পরিনত হয়েছে । গত এক বছরে এই অংশেই প্রান হারিয়েছে ৪৫ জন। যার বেশীর ভাগই সিএনজি অটোরিকসা দূর্ঘটনায়। মৃত্যুর এ মিছিলে বিলীন হয়ে গেছে কয়েকটি পরিবারও। নিকটজনদের হারিয়ে বিপর্যস্ত সেসব পরিবারের সদস্যরা। সরজমিনে বুধল গ্রামে গিয়ে জানা গেছে, পিতৃ-মাতৃহীন মিজানের ৪ সন্তানের দিন কাটছে নিদারুন কষ্টে। আয় রোজগারের তেমন কোন ব্যবস্থা না থাকায় বাবা-মায়ের মৃত্যুর পর থেকেই দিশেহারা এই সন্তানেরা। রোকসানা বলেন কারো সাহায্য পেলেই অন্ন উঠে তাদের মুখে। অভাবের সংসারের বোঝা কমাতে ছোট বোনকে পাশে ছাতিয়ান গ্রামে ফুফুর বাড়িতে পাঠিয়ে দেয়া হয়েছে। আড়াই বছরের ছোট ভাই মুজাহিদকে নিজের কাছে রেখেই লালন পালন করেন রোকসানা  । বড় ভাই জুনায়েদ মিয়া রিকশা চালিয়ে যা পান তাতে কোন মতে সংসার চলে। বাবা মায়ের মৃত্যুর  পর পড়াশোনাও বন্ধ হয়ে গেছে রোকসানার। প্রতিবেশী বা স্বজনদের মধ্যে চাচা রফিকুল ইসলাম কিছুটা দেখাশুনা করেন তাদের । রফিকুল ইসলাম জানান, তার নিজেরও খুব একটা সামর্থ্য নেই। তারপরও যতটুকু পারেন সাহায্য করেন । বলেন টাকার জন্য বিয়েও দিতে পারছেননা এই দুই মেয়ের। দু একটি বিয়ে এসেছিল। কিন্তু ছেলে পক্ষ লাখ টাকা দাবি করায় তা আর হয়নি। সড়ক দুর্ঘটনায় সবই যেন শেষ হয়ে গেছে বজলু মিয়ার । একমাত্র ছেলে মাহফুজ আর ৪ বছর বয়সী নাতি মাসুদ একই সাথে সড়ক দুর্ঘটনায় মারা যান। মাহফুজ ছিলেন বজলু মিয়ার অন্ধের যষ্ঠি। বাবা-মা,স্ত্রী, দুই সন্তান ও দুই বোনকে নিয়ে ছোট দুটি কুড়ে ঘরে থাকতো মাহফুজ । বুধল গ্রামে রিকশা চালিয়ে কোন রকমে সবার জীবিকার ব্যবস্থা করতো সে । ভরসার এই মানুষটির মৃত্যুর পর মাথায় যেন আকাস ভেঙ্গে পড়ে বজলু মিয়ার। মাহফুজের স্ত্রী বেচে থাকা এক সন্তান নিয়ে বাপের বাড়িতে  চলে যান।  বজলু মিয়া আর তার স্ত্রী আমেনা বেগম এরওর কাছ থেকে এক-দেড়শো টাকা ধারকর্জ করে চালের গুড়ো কিনে তা দিয়ে পিঠা বানিয়ে বিক্রি করেন বুধল বাজারে । দিনে দুই-আড়াই ’শ টাকার পিঠা বিক্রি হয়। আমেনা বেগম গ্রামের কারো বাড়িতে অনুষ্ঠান হলে সেখানে কাজ করতে যান। সেসময় এক-দুইশ টাকা পান। বজলু মিয়া বলেন মাঝেমধ্যে এমন হয় ৪/৫ টাকার জন্যে ওষুধ কিনে খেতে পারিনা। বিপর্যস্ত এই পরিবারের সদস্যদের ভাগ্যে ঝুটেনি বয়স্ক ভাতার কার্ড। একটি কার্ড করতে প্রায় হাজার-পাচশো টাকা লাগিয়ে জানিয়ে বলেন এই টাকা আমাদের কাছে স্বপ্ন । তাই কার্ডও করতে পারিনা। গেল বছর মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার এই অংশেই সড়ক দূর্ঘটনা আরো অনেক পরিবারে করুন বৃত্তান্তের জন্ম দেয়। শ্যালকের বিয়ে নিয়ে আলোচনা করতে জেলা শহর থেকে সরাইলের শাহবাজপুর শ্বশুর বাড়িতে যাওয়ার পথে ঐ বছরের ৬ ই মার্চ  সিএনজি অটোরিকসা দূর্ঘটনায় স্ত্রী ও ৩ সন্তানসহ  প্রান হারান ডা: এখলাছুর রহমান। মহাসড়ক থেকে তাদের রক্তের দাগ মুছে যেতে না যেতেই  ১৩ ই মার্চ  এ দূর্ঘটনাস্থলের কাছাকাছি ইসলামাবাদে  আরেকটি সিএনজি অটোরিকসা দূর্ঘটনায় প্রান হারান ৬ জন। ব্রাহ্মণবাড়িয়ার কসবার কুটি থেকে পাত্রী দেখে বাড়ি ফিরছিলেন নরসিংদীর রায়পুরা উপজেলার শ্রীরামপুর গ্রামের লক্ষীরানী সাহা ও তার পরিবারের অন্যান্য সদস্যরা।  গত ২৯ শে ডিসেম্বর রাত রাত ৮ টার দিকে আশুগঞ্জের সোনারামপুর এলাকায় তাদের বহনকারী সিএনজি অটোরিকসার সঙ্গে একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলে সিএনজি চালক কামাল হোসেন মারা যান। গুরুতর আহত হন লক্ষীরানী সাহা ও তার পরিবারের ৬ সদস্য। তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পর ঐদিন রাতেই মারা যান  দিলীপ সাহা (৩৬), লক্ষী রাণী সাহা (৪০) ও সুকান্ত সাহা (১২)। মহাসড়কবর্তী সরাইলের শাহবাজপুর  গ্রামের একজন সাবেক জনপ্রতিনিধি কে এম বাবুল হক বলেন মহাসড়কের এই অংশে বারবার দূর্ঘটনা অদক্ষ চালক,আর তাদের বেপড়োয়া চালনার কারনেই হচ্ছে। তাছাড়া মহাসড়ক লাগোয়া হাটবাজার ও জনবসতিও এরজন্যে দায়ী । ২০১৪ সালে ঢাকা-সিলেট মহাসড়কটির এই অংশে সড়ক দূর্ঘটনায় ৪৫ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বিশ্বরোড হাইওয়ে পুলিশ ফাড়ি। তাদের দেয়া তথ্যানুসারে  জানুয়ারী মাসে ৩ টি দূর্ঘটনায় নিহত হন ৩ জন। আহত হয় ৩ জন। ফেব্রুয়ারীতে কোন দূর্ঘটনা না ঘটলেও মার্চ মাসে ৩ টি দূর্ঘটনায় প্রান হারায় ১১ জন। এপ্রিলে দূর্ঘটনা ঘটে ৩ টি। এতে ১ জন নিহত ও ২ জন আহত হন। মে মাসে দুটি দূর্ঘটনায় মারা যায় ৪ জন। আহত হয় ২ জন। জুন মাসে দুটি দূর্ঘটনায় নিহত হয় ২ জন। জুলাই মাসে দূর্ঘটনা ঘটে ৪ টি। এতে মারা যায় ৮ জন। আহত হয় ২ জন। আগষ্টে দূর্ঘটনার সংখ্যা ১। মৃতের সংখ্যাও ১। সেপ্টেম্বরে দুটি দূর্ঘটনায় ২ জন নিহত ও ১জন আহত হয়। অক্টোবরে কোন দূর্ঘটনা ঘটেনি। নবেম্বরে দুটি দূর্ঘটনায় নিহত হয় ৬ জন। আহত হয় ৪ জন। ডিসেম্বরে দূর্ঘটনা ঘটে মোট ৪ টি । এতে নিহত হয় মোট ৭ জন।  হাইওয়ে পুলিশের ঐ ফাড়ির ইনচার্জ আবদূন নূর বলেন বেশীর ভাগ নিহতের ঘটনা ঘটেছে সিএনজি অটোরিকসা দূর্ঘটনায়। তার মতে অদক্ষ চালক আর বেপড়োয়া গাড়ি চলাচলই এসব দূর্ঘটনার জন্যে দায়ী। রাস্তার ত্রুটির জন্যেও দূর্ঘটনা হচ্ছে বলে জানান তিনি।