তারকাদের ভালবাসার গল্প
বিনোদন প্রতিবেদক : বিশ্ব ভালবাসা দিবস আজ। ভালবাসা দিবসটি একটি সর্বজনীন ব্যাপার। সাধারণ মানুষ যেমন ভালবাসার কাঙাল, তেমনি তারকারাও। যুগে যুগে তারকার সঙ্গে তারকার ভালবাসার অনেক গল্পের ইতিহাস রচিত হয়েছে। আমাদের দেশীয় তারকাদের ক্ষেত্রেও এমন দৃষ্টান্ত কম নয়। সেই সফল ভালবাসার গল্পই আজ মানবজমিনের পাঠকদের জন্য তুলে ধরা হলো। গ্রন্থনায় ফয়সাল রাব্বিকীন
রামেন্দু মজুমদার-ফেরদৌসী মজুমদার
মঞ্চে কাজ করতে গিয়েই রামেন্দু মজুমদার ও ফেরদৌসী মজুমদারের পরিচয়। এরপর মন দেয়া-নেয়া। তবে ধর্ম ভিন্ন হওয়ায় তাদের প্রতি সমাজের দৃষ্টি ছিল বেশ বাঁকা। অবশ্য সব বাধা পেরিয়ে অবশেষে তাদের ভালবাসার জয় হয়। তারই ধারাবাহিকতায় তারা বিয়ে করে সংসার করছেন দীর্ঘ সময় ধরে। ঘর-সংসার তো বটেই, মঞ্চ, টিভিসহ প্রতিটি ক্ষেত্রেই পাশাপাশি তারা হেঁটেছেন সব সময়। তারকাদের ভালবাসার অন্যতম আদর্শ হয়েই রয়েছেন রামেন্দু মজুমদার-ফেরদৌসী মজুমদার জুটি।
আলী যাকের-সারা যাকের
আলী যাকের ও সারা যাকেরের সম্পর্কটা শুরু মঞ্চ থেকে। তাদের প্রেমের ক্ষেত্রে চিঠি আদান প্রদানের বিষয়টি নিয়মিত ছিল। আলী যাকের ইংরেজিতে চিঠি লিখতেন। তাতে মুগ্ধ হতেন সারা। চিঠির পাশাপাশি একে অপরকে উপহার দিতেন নানা কিছু। এভাবেই তাদের মধুর সম্পর্কের শুরু। পরবর্তীতে হঠাৎ করেই বিয়ের প্রস্তাব নিয়ে সারার বাসায় হাজির হন আলী যাকের। বেজে গেল তাদের বিয়ের সানাই। আজ পর্যন্ত মিডিয়ার অন্যতম শ্রেষ্ঠ জুটি হিসেবে ধরা হয় তাদের।
আলমগীর-রুনা লায়লা
প্রয়াত পরিচালক চাষী নজরুল ইসলামের ‘শিল্পী’ ছবিতে প্রথমবারের মতো নায়িকা হিসেবে অভিনয় করেন রুনা লায়লা। তার নায়ক ছিলেন স্বনামধন্য চিত্রনায়ক আলমগীর। এখানে কাজ করতে গিয়ে তাদের মধ্যে ভাল লাগা ও প্রেমের শুরু। বিষয়টি নিয়ে সমালোচকরা অনেক কথা বললেও তার ধার ধারেননি আলমগীর-রুনা। এক সময় তাদের সম্পর্কটা পরিণতি পায় বিয়ের মাধ্যমে। হার না মানা ভালবাসার দৃষ্টান্ত হিসেবে রয়েছে তাদের সফল সম্পর্কটি।
শাবনাজ-নাঈম
নব্বই দশকের শুরুতে দেশীয় চলচ্চিত্রে জুটি হিসেবে নতুন এক সময়ের সূচনা করেন নাঈম-শাবনাজ। টানা অনেক ছবিতে অভিনয় করতে করতে সম্পর্ক গড়ে ওঠে তাদের। তবে সম্পর্কের আলোচনাকে সমালোচনা পর্যন্ত গড়াতে দেননি তারা। বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন অল্প সময়ে। বিয়ের পর দু’জনই অভিনয় থেকেও দূরে সরে দাঁড়ান। সেই তখন থেকে এখন পর্যন্ত তাদের সম্পর্কে বিন্দুমাত্র আঁচ আসেনি।
ওমর সানি-মৌসুমী
প্রথমে পর্দা জুটি, তারপর জীবনের জুটি। নাঈম-শাবনাজের মতো করেই বিভিন্ন ছবিতে জুটিবদ্ধ হয়ে অভিনয় করেন ওমর সানি-মৌসুমী। একটা সময় তাদের মধ্যে প্রেমের সম্পর্ক তৈরি হয়। এই প্রেম নিয়ে তখন আলোচনা-সমালোচনা-বিতর্ক কম হয়নি। এরপর একটা সময়ে বিয়ে করেন ওমর সানি-মৌসুমী। দেড় যুগেরও বেশি সময় ধরে সংসার করে চলেছেন এই দম্পতি ।
জাহিদ হাসান-মৌ
জাহিদ হাসান যখন টিভির জনপ্রিয় অভিনেতা আর মৌ দেশসেরা মডেল ঠিক তখন তাদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে। হানিফ সংকেতের জনপ্রিয় ম্যাগাজিন ‘ইত্যাদি’-তে ‘আমার গরুর গাড়িতে বউ সাজিয়ে’ গানটিতে তারা পারফরম করেন। সেই থেকেই ভাল লাগা শুরু। প্রথমে স্বীকার না করলেও পরবর্তীতে নিজেদের সম্পর্কের বিষয়টি সবাইকে জানিয়ে বিয়ে করেন জাহিদ-মৌ।
তৌকীর-বিপাশা
অনেক নাটকে জুটিবদ্ধ হয়ে কাজ করেছেন তৌকীর আহমেদ ও বিপাশা হায়াত। তবে দু’জনই কাজটাকে বেশি প্রাধান্য দিতেন। অবশ্য এই কাজ করতে করতে কবে যে সম্পর্কে জড়িয়ে গেলেন তারা নিজেরাই টের পেলেন না। তবে সেই সম্পর্কটা খুব দ্রুতই বিয়েতে রূপ দেন তারা। তখন থেকে আজ পর্যন্ত সংসারের পাশাপাশি কাজের ক্ষেত্রেও একে অপরের সবচেয়ে কাছের বন্ধু হয়ে পাশে থেকেছেন সব সময়।
তাহসান-মিথিলা
তাহসান তখন গানের মানুষ। আর মিথিলা মডেলিং করছেন। সেই সুবাদেই তাদের দেখা, পরিচয়, ভাল লাগা ও প্রেম। মডেলিং ও অভিনয়ের পাশাপাশি গানও গাইতেন মিথিলা। অন্যদিকে তাহসানের গান খুব টানতো তাকে। একটা সময় পথ চলতে গিয়ে বুঝলেন তাদের বোঝাপড়াটা বেশ ভাল। এরপর প্রেম এবং বিয়ে। মিডিয়ার ‘সুইট কাপল’ হিসেবে শুরু থেকেই আখ্যা পেয়েছেন তাহসান-মিথিলা।
হৃদয় খান-সুজানা
হৃদয় খানের ‘অড়ালে’ গানে মডেল হয়েছিলেন সুজানা। সেই থেকে সুজানার প্রেমে পড়ে গেলেন তিনি। বিষয়টি নিয়ে পরিবারের সঙ্গে দ্বন্দ্বও তৈরি হয় হৃদয়ের। এক সময় পরিবার ছেড়ে অন্যত্র থাকা শুরু করেন । তবে বয়সে বড় সুজানা কিছুতেই হৃদয়কে ভালবাসার মানুষ হিসেবে মানতে রাজি ছিলেন না। বন্ধুত্বের মধ্যেই সীমাবদ্ধ রাখতে চেয়েছিলেন সম্পর্কটা। গত বছরের মাঝামাঝি আরও একবার প্রেমের প্রস্তাব সুজানাকে করেন হৃদয়। এবার প্রস্তাব মেনে নিলেন সুজানা। ব্যাস, চটজলদি বিয়ের কাজটাও সেরে ফেললেন।











