আলোচনায় জুই
আমিরজাদা চৌধুরী : ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে শিশু জুইকে নিয়ে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটে চিকিৎসাধীন জুইকে দেখেছেন প্রধানমন্ত্রী। তিনি আবেগাপ্লুত হন তাকে দেখে। সহায়তাও দেয়া হয়েছে। প্রধানমন্ত্রী জুইকে দেখার পর গনমাধ্যমে তাকে নিয়ে প্রকাশিত খবর দেখে অবাক হন ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের মানুষ। কারন জুই পেট্রোল বোমায় দ্বগ্ধ হয়েছে এই খবর শুনলেন তারা প্রথম। চলমান-হরতাল অবরোধে ব্রাহ্মণবাড়িয়ার এই উপজেলায় কোন রকম উচ্চবাচ্য শুনেনি কেউ। শুনা যায়নি ককটেল-বোমার বিস্ফোরনের শব্দ। যানবাহন চলাচলও স্বাভাবিক। কারন এই উপজেলায় বিএনপি’র কোন কমিটিই নেই। বিএনপি’র নেতাকর্মীদের মাঠেও দেখা যায়না। এই অবস্থায় জুইয়ের ওপর বোমা হামলার খবরে তাজ্জব সবাই। বিজয়নগরের পুলিশ ও উপজেলা প্রশাসনের কারোরই জানা নেই এমন ঘটনা। জুই এর এলাকার ইউপি চেয়ারম্যান-সদস্য তারাও এমন কোন কিছু শুনেননি। অবাক জেলার পদস্থ পুলিশ কর্মকর্তারা। তবে স্থানীয় থানা পুলিশ ও জনপ্রতিনিধিরা যেটি জানেন জুই নিজ ঘরেই মোমের আগুনে পুড়েছে। এখন জুই এর পেট্রোল বোমার আঘাতে দ্বগ্ধ হওয়ার ঘটনার কোন হিসেব মেলাতে পারছেননা তারা। সরজমিন অনুসন্ধানে জানা যায়- জুই বিজয়নগর উপজেলার হরষপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের পালপাড়া গ্রামের জজ মিয়ার কন্যা। তার মায়ের নাম আফিয়া বেগম। স্থানীয় ইউপি সদস্য মাহফুজ মিয়া জানান,১ লা ফেব্রুয়ারী সন্ধ্যা ৭ টার দিকে নিজ ঘরে মোমের আগুনে দ্বগ্ধ হয় জুই। ঘটনার পর মির্জাপুর তদন্ত ফাড়ির ইনচার্জ মোস্তাক ঘটনাস্থলে এলে আমি তার সঙ্গে ঐ বাড়িতে যাই। তখন জুই এর মা যে বক্তব্য দেন সেটি ছিলো তিনি সন্ধ্যা ৭ টার দিকে মেয়েকে মাটিতে(ঘরের মেঝে) রেখে বাথরুমে যান। তার সামনে মোমবাতি জ্বালানো ছিলো। সেটি থাবা দিয়ে সে ধরে ফেললে শরীরের পড়নের কাপড়ে আগুন লেগে তার শরীর দ্বগ্ধ হয়। বাথরুম থেকে মেয়ের চিৎকার শুনে বেড়িয়ে আসেন তিনি। ইউপি সদস্য আরো জানান-ঘটনার পরদিন জুই এর দাদী হেলেনা বেগম,চাচী স্বপ্না আক্তার তাকে ঢাকায় নিয়ে যায়। শুনেছি তারা সেখানে ভালো সেবা পাওয়ার জন্যে মিথ্যা কথা বলেছে। এরআগে জুইকে হরষপুর ও ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হরষপুর ইউপি চেয়ারম্যান মো: শ্হাজাহান বলেন বোমার ঘটনা হইলে খবর পেতাম। বিজয়নগর মিছিল-হরতাল কোন কিছুই হয়না। জুই মোমের আগুনে দ্বগ্ধ হয়েছে। পত্রিকায় খবর দেখার পর অনেকেই বিষয়টি আমার কাছে জানতে চেয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে যাওয়া সাব ইন্সপেক্টর মোস্তাক বলেন প্রথমে খবর পাওয়ার পর আমি তাকে দ্রুত চিকিৎসার ব্যবস্থা করতে বলি। এরপর তাকে ব্রাহ্মণবাড়িয়া এবং সেখান থেকে ঢাকায় নিয়ে যায়। টিভিতে জুই এর খবর দেখে ৩ দিন পর আমি তার বাড়িতে যাই এবং তার মার সঙ্গে কথা বলি। তিনি আমাকে জানিয়েছেন জুইকে ঘরের মেঝেতে নামিয়ে রেখে তিনি বাথরুমে যান। তখন একটি মোম জ্বালানো ছিলো। সেই মোমে সে ধরে ফেললে তার শরীরে থাকা কাপড়ে আগুন লেগে যায়। তিনি চিৎকার শুনে বাথরুম থেকে বেড়িয়ে এসে মেয়ের এই অবস্থা দেখতে পান। বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুর রব বলেন- ঘটনাটি শুনার পর আমরা তদন্ত করে দেখেছি। আসলে সে মোমবাতির আগুনে পোড়া গেছে। এরবাইরে আমাদের আর কোন কিছু জানা নেই। গতকাল শুক্রবার সন্ধ্যায় এ বিষয়ে জানতে বিজয়নগর উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট তানভীর ভূইয়াকে ফোন করলে তিনি উল্টো জানতে চান কোথায় এমন ঘটনা ঘটেছে। তারপর বলেন কবে এই ঘটনা ঘটেছে। এবিষয়ে তার কোন কিছু জানা নেই জানিয়ে বলেন খোজখরব নিয়ে জানাবো। ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুল ইসলাম এর কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন বিজয়নগরে হরষপুরে পেট্রোল বোমায় কেউ আহত হয়েছে বলে আমার জানা নেই। হয়তো ঢাকায় হতে পারে। বিজয়নগরের মানুষ ঢাকায় গিয়ে হয়তো ঘটনার শিকার হয়ে থাকতে পারে। কিন্তু বিজয়নগরে বা হরষপুরে এমন ঘটনা ঘটেছে বলে কোন তথ্য আমার জানা নেই। সেনসেটিভ ঘটনা হলেতো সাথে সাথেই আমাদের জানানো হতো। জানা গেছে ঘটনার সময় জুই এর বাবা জজ মিয়া বাড়িতে ছিলেন না।
পালপাড়ার উছন মিয়ার ৪ ছেলের মধ্যে তৃতীয় জজ মিয়া। তার বড় দুই ভাই সাচ্চু মিয়া ও বাচ্চু মিয়া বিদেশে থাকেন। জজ মিয়া ছাড়াও জসিম উদ্দিন নামে তার আরেক ভাই গ্রামে বসবাস করেন। জজ মিয়া হাবাগোবা প্রকৃতির মানুষ বলেই জানা গেছে। গৃহস্থিও কাজ করেন তিনি। গতকাল সন্ধ্যায় জজ মিয়ার ভাই জসিম উদ্দিনকে তার মোবাইলেফোন দিলে সেটি জসিম নামে কারো নম্বর নয় বলে জানায়। বলে রং নম্বর। ফোন রিসিভকারী নিজের নাম মুহিন বলে জানায়। সে হরষপুরের কেউ কিনা এবং জুই এর বিষয়ে কিছু জানে কিনা,এই কথা বলার পর হরষপুরে গিয়ে তদন্ত করতে বলে ফোন রেখে দেয়। জজ মিয়ার পাশের বাড়ির কামরুল নামের একজন জানান-জজ মিয়ার ঘর তালাবদ্ধ। তার স্ত্রীকেও দেখা যাচ্ছেনা। জজ মিয়ার স্ত্রী অন্ত:সত্বা। জুই ছাড়াও তার আরো একটি সন্তান রয়েছে। কামরুল জানান- প্রধানমন্ত্রী জুইকে দেখে আসার পরদিনই তারা হাসপাতাল ছেড়ে ঢাকায় এক আত্বীয়ের বাসায় চলে যায়। স্বপন নামে জুই এর চাচা সাচ্চুর ভায়েরা ভাই সেখানে তাদের দেখাশুনা করছে। রাতে স্বপনের মোবাইলে কথা বলার জন্যে বারবার রিং করলে সংযোগ কেটে দেয়া হয় ।











