সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

একটি চাকরির জন্য

news-image

তসলিমা নাসরিন :  একটি চাকরির জন্য ভারতের উত্তরপ্রদেশের উন্নাও জেলার ১৭ বছর বয়সী একটি মেয়ে গিয়েছিল স্থানীয় বিধায়কের কাছে। না, মেয়েটির চাকরি জোটেনি সেদিন। জুটেছিল গণধ’র্ষণ। সেদিন ২০১৭ সালের ৪ জুন। উত্তরপ্রদেশের বিধায়ক কুলদীপ সিং সেঙ্গার তার বাড়িতেই তার ভাই অতুল সেঙ্গার এবং তার সাঙ্গোপাঙ্গসহ মেয়েটিকে ধ’র্ষণ করেছিল।

এই ঘটনার পর মেয়েটির আত্মীয়রা স্থানীয় থানায় গিয়েছিল অভিযোগ করতে। কিন্তু বিধায়কের বিরুদ্ধে কোনও পুলিশই অভিযোগ নেয়নি। পুলিশের ঘাড়ে ক’টা মাথা যে ক্ষমতাসীন রাজনৈতিক দলের নির্বাচিত জনপ্রতিনিধির বিরুদ্ধে কোনওরকম অভিযোগ নথিভুক্ত করবে! একটিরও তো চাকরি থাকবে না। আত্মীয়রা বারবার থানায় গিয়েছে, কিন্তু কাজ হয়নি। কুলদীপ সিং সেঙ্গার এবং তার সাঙ্গোপাঙ্গর বিরুদ্ধে কোনও অভিযোগ গ্রহণ করতে পুলিশ অস্বীকার করে।

তারপর কী হলো? তারপর মেয়েটি নিখোঁজ হয়ে গেল। সেদিন ১১ জুন, ২০১৭। মেয়েটির পরিবার থানায় নিখোঁজের অভিযোগ দায়ের করে। ২০ জুন তারিখে মেয়েটিকে উদ্ধার করা হয় আওরিয়া গ্রাম থেকে। আওরিয়া গ্রামে কী করে গেল মেয়েটি? সেও একটি চাকরির জন্য। একটি চাকরি দেওয়ার আশ্বাস দিয়ে শশী সিং নামের এক মহিলা তাকে তার পুত্র শুভম সিংয়ের সংগে কানপুর পাঠায়। কানপুরে তার জন্য চাকরির ব্যবস্থা করা হয়েছে। সত্যিই কি কানপুরে কোনও চাকরি ছিল? না। সবই ছিল ফাঁদ। পথের মধ্যে গাড়িতে শুভম সিং আর ড্রাইভার অধেশ তিউয়ারি মেয়েটিকে ধ’র্ষণ করে। একবার নয়, বহুবার। শুধু তারাই নয়, অপরিচিত অনেক পুরুষ তাকে ধ’র্ষণ করে। গণধ’র্ষণের পালা শেষ হলে মেয়েটিকে ৬০ হাজার টাকায় বিক্রি করে দেওয়া হয়।
মেয়েটিকে উদ্ধার করার দু’দিন পর আদালতে তোলা হয়।

আদালতে ভয়-ডর ছুড়ে ফেলে মেয়েটি সব খুলে বলে। বলে, কুলদীপ সিং সেঙ্গার, তার ভাই অতুল সেঙ্গার আর তার সাঙ্গোপাঙ্গদের বিরুদ্ধে ধ’র্ষণের অভিযোগ থানায় নিচ্ছে না। বলে, শুভম সিং, অধেশ তিউয়ারি আর একপাল অচেনা লোক তাকে গণধ’র্ষণ করেছে। বলে, গণধ’র্ষণের পর শুভম সিং তাকে বিক্রি করে দিয়েছে। মেয়েটির ভাষ্য শোনার পর শুভম সিংদের গ্রেফতার করে পুলিশ। কিন্তু কুলদীপ সিং সেঙ্গারের টিকিটি কেউ স্পর্শ করতে পারে না। আদালত মেয়েটিকে তার পরিবারের হাতে ফেরত দেয় ৩ জুলাই। এরপর থেকে বিচারের আশায় মেয়েটির পরিবার প্রশাসনের দরজায় বারবার ধর্ণা দেয়। কিন্তু গরিবের কথা শোনার সময় কারোরই নেই। হতাশায় ডুবে থেকেও হাল ছাড়েননি পরিবারের কেউ। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর কাছে তারা ছুটে যান কুলদীপ এবং তার সঙ্গীদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করতে। না, মুখ্যমন্ত্রীর সময় নেই, তিনিও ব্যস্ত।

এত বড় একটা অন্যায় ঘটে যাওয়ার পর প্রশাসনের কাছ থেকে কোনও ন্যায়বিচারের আশ্বাস না পেয়ে, ২৮ ফেব্রুয়ারি, ২০১৮ তারিখে মেয়েটির মা উন্নাওয়ের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে কুলদীপ এবং তার সঙ্গীদের বিরুদ্ধে মামলা দায়ের করেন। ৩ এপ্রিল এই মামলার শুনানি শেষে বাড়ি ফেরার পথে মেয়েটির বাবার ওপর হামলা চালায় কুলদীপ এবং অতুল সেঙ্গার। মেয়েটির বাবার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দায়ের করে। কুলদীপের নির্দেশে মেয়েটির বাবাকে গ্রেফতার করে পুলিশ। কোথাও কোনও সুবিচার না পেয়ে এবং উল্টো মিথ্যা অভিযোগে তাদের পরিবারকে ফাঁসানোর ঘটনার প্রতিবাদে ৮ এপ্রিল, ২০১৮ তারিখে মেয়েটি তার পরিবারের লোকদের সঙ্গে নিয়ে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে প্রতিবাদ করে। কিন্তু মুখ্যমন্ত্রী বা রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রকের কোনওরকম সমর্থন না পেয়ে সেখানেই মেয়েটি গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করে।

তার পর দিন তার পিতার মৃত্যু হয় পুলিশি হেফাজতে। পিতা তো সুস্থই ছিলেন। তাঁর মৃত্যুর কারণ আমাদের অনুমান করতে নিশ্চয়ই কষ্ট হয় না। ১০ এপ্রিলে ময়নাতদন্ত রিপোর্টে মেয়েটির পিতার শরীরে ১৪টি ক্ষতচিহ্নের কথা উল্লেখ করা হয়েছিল। এই ঘটনা প্রচার হওয়ার পর ৬ জন পুলিশকে সাময়িকভাবে বরখাস্ত করা হয় এবং কয়েকজনকে গ্রেফতার করা হয়। ১২ এপ্রিল উন্নাওয়ের তদন্তভার সিবিআই-এর ওপর দেওয়ার পর ঠিক পরের দিনই সিবিআই ধ’র্ষণের অভিযোগে কুলদীপকে গ্রেফতার করে।

২০১৮ সালের এপ্রিল মাস থেকে মেয়েটির পরিবারের লোকেরা প্রশাসনের বিভিন্ন মহলে মোট ৩৬টি চিঠি লিখে পর্যাপ্ত নিরাপত্তা প্রদানের জন্য আবেদন জানান। কিন্তু তাদের আবেদনে প্রশাসনের কোনও মহল থেকেই কেউ সাড়া দেন না। উপায় না দেখে ১২ জুলাই তারা দেশের সর্বোচ্চ আদালতের মহামান্য প্রধান বিচারপতিকে দীর্ঘ ১২ পাতার চিঠি লিখে গোটা ঘটনার কথা বিশদে জানান। সেই চিঠিটিও প্রধান বিচারপতির হাতে পৌঁছায় না।

তারপর? তারপর জুলাই ২৮, ২০১৯ তারিখে মেয়েটি, তার মা, দুই কাকিমা এবং তার আইনজীবীকে নিয়ে গাড়িতে চেপে রায়বেরেলির জেলে যাচ্ছিল তার জেলবন্দি কাকার সঙ্গে দেখা করতে। কাকাকে ধর্ণার সময় ১৮ বছর পুরনো একটি মামলার সূত্র ধরে গ্রেফতার করা হয়েছিল। এমন সময় রাস্তার উল্টোদিক থেকে ছুটে আসে নম্বর প্লেটে কালি লাগানো ট্রাক। পিষে দিয়ে চলে যায় মেয়েটির গাড়ি। সংগে সংগেই মৃত্যু হয় মেয়েটির মা’র ও দুই কাকিমা’র। মেয়েটিকে এবং তার আইনজীবীকে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি করা হয় লখনউ-এর এক হাসপাতালে।

মেয়েটি এখনও মৃত্যুর সঙ্গে লড়ে যাচ্ছে দিল্লির এক হাসপাতালে। সর্বোচ্চ আদালত বা সুপ্রিম কোর্ট মেয়েটিকে উত্তরপ্রদেশ থেকে দিল্লি আনিয়ে নিয়েছে। সর্বোচ্চ আদালত নিশ্চয়ই অনুমান করতে পেরেছে, মা আর কাকিমাদের মেরে ফেলা হয়েছে, যে কোনও মুহূর্তে মেয়েটিকেও মেরে ফেলবে ওরা। ওরা আর কারা? কুলদীপ এবং তার সংগীরা। প্রধান বিচারপতির নেতৃত্বে পাঁচ সদস্যের ডিভিশন বেঞ্চ সাত দিনের মধ্যে এই জঘন্য ঘটনার তদন্ত সম্পন্ন করে আদালতের কাছে রিপোর্ট পেশ করতে সিবিআইকে নির্দেশ দিয়েছিল। জানি না কতদূর এগিয়েছে তদন্ত।

কুলদীপ সিংকে বিজেপি থেকে বের করে দেওয়া হয়েছে। ঘটনা জানাজানি না হলে কি কেউ লোকটিকে দল থেকে বের করতো? এদেরকে যেমন লোক দেখিয়ে বের করে দেওয়া হয়, আবার চুপচাপ ঢুকিয়েও নেওয়া হয়। কৃত্রিমভাবে শ্বাস-প্রশ্বাস চলছে মেয়েটির, মেয়েটি অজ্ঞান, অচেতন। সবই শুধু একটি চাকরির জন্য।

একটি চাকরি চেয়েছিল মেয়েটি। বিনিময়ে জীবন দিতে হচ্ছে। মেয়েদের চাকরি পাওয়া কখনই সহজ নয়। মেয়েটি পরিবারসুদ্ধ সবাইকে নিয়ে প্রতিবাদ করেছিল বলে, কারও ধমকে, গ্রেফতারে, নির্যাতনে, হুমকিতে, হামলায় চুপ হয়ে যায়নি বলেই জনগণ জানতে পেরেছে কী ঘটেছে। এরকম কত মৃত্যুর কথা আমরা জানতে পারি না। এরকম কত শত অন্যায়ের কথা পত্রিকায় লেখা হয় না। বিশেষ করে ক্ষমতাবান লোকেরা অন্যায় করলে সেই অন্যায়কে ধামাচাপা দেওয়ার সবরকম ব্যবস্থা নেয় প্রশাসন। মেয়েটির পরিবারের লোকেরা মেয়েটির পাশে ছিল, এটিও একটি কারণ প্রতিবাদ, ধর্ণা, মামলা ইত্যাদি চালিয়ে যাওয়ার। বেশির ভাগ মেয়েদের পাশে পরিবারের লোকেরা থাকে না। মেয়ে অন্যায়ের শিকার হলে মেয়েকেই দোষ দেয় তারা। মেয়েকে মুখ বুজে থাকতে হয়, যারা মুখ বুজে থাকতে পারে না, তারা আত্মহত্যা করে। উন্নাওয়ের এই মেয়েটি চাকরি চাইতে গিয়ে বারবার গণধ’র্ষণের শিকার হয়েছে। কিন্তু লড়াই থামায়নি। তার বাবাকে মেরে ফেলা হলো, কাকাকে জেলে ভরা হলো, তারপরও লড়াই থামায়নি মেয়ে। শেষ অবধি তাকেই মেরে ফেলার ব্যবস্থা নিল ধ’র্ষকের দল। মৃত্যু অবধি মেয়ে লড়াই করে গেছে। মেয়েটির কাছে মৃত্যু আসছে, কিন্তু একটি চাকরি আসছে না।

জানি না কতদিন কুলদীপ সিং এবং খু’নির দল জেলে থাকবে। মানুষ ওদের কীর্তিকাহিনীর কথা একদিন ভুলে যাবে, ওরাও হয়তো তখন চুপচাপ বেরিয়ে পড়বে জেল থেকে। প্রচার মাধ্যম সরব হয়েছিল বলেই রাজনৈতিক দল থেকে ধ’র্ষকগুরু কুলদীপকে বের করে দেওয়া হয়েছে। প্রচার মাধ্যম চুপ থাকলে কুলদীপ এবং তার সাঙ্গোপাঙ্গ সেভাবেই থেকে যেত, যেভাবে ছিল। আর মেয়েটি তার পরিবারসহ ওভাবেই অন্যায় আর নির্যাতনের শিকার হয়ে জীবন কাটাতো। অথবা তাদের সবাইকে মেরে ফেলা হতো, কেউ জানতোও না। অথবা জানলেই বা কী? কার কী করার ক্ষমতা আছে?

কী ভয়ংকর নির্যাতন করা হয়েছে একটি মেয়েকে! একটি চাকরি চেয়েছিল বলে গণধ’র্ষণ, যৌন পাচার, হত্যাযজ্ঞ- কিছুই বাদ যায়নি। যদি বেঁচে যায় মেয়েটি, তাহলে কী রকম হবে সেই বেঁচে থাকা। কাছের মানুষগুলোকে তো মেরেই ফেলেছে ক্ষমতাসীনরা, চাকরি দেবার মালিকেরা। মেয়েরা বাস করে তাদের ধ’র্ষক আর খু’নির সঙ্গে। চাকরি চাইতে গিয়ে যারা গণধ’র্ষণের বা হত্যার শিকার হয় না, তারা নিশ্চয়ই ভাগ্যবতী।  লেখক : নির্বাসিত লেখিকা। তসলিমা নাসরিন। উৎস : বিডি প্রতিদিন।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক