কবজিবন্ধনীতে ধরা পড়বে ক্যানসার?
আন্তর্জাতিক ডেস্ক : মানুষের কৃত্রিম ত্বক তৈরি করছে গুগল। আগেভাগেই বিভিন্ন রোগ শনাক্ত করতে পারে, এমন কবজিবন্ধনী তৈরির জন্য একটি প্রকল্পের অংশ হিসেবে ওই ত্বক বানানো হচ্ছে। এর মাধ্যমে যেসব রোগ শনাক্ত করা যেতে পারে, তার মধ্যে রয়েছে ক্যানসার ও হৃদ্রোগ।
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে অবস্থিত গুগল এক্স গবেষণাগারের প্রাণবিজ্ঞান বিভাগে চলছে ওই কৃত্রিম ত্বক তৈরির কাজ। তবে কাজটা এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে।
প্রকল্পের বিজ্ঞানী ড. এন্ড্রু কনরাড জানিয়েছেন, ক্যানসার কোষগুলো প্রথমবারের মতো দৃশ্যমান হওয়ার সঙ্গে সঙ্গেই সেগুলোকে এই পদ্ধতিতে শনাক্ত করা যাবে। দেহে কোনো রোগ আছে কি না, তা ক্ষুদ্রাতিক্ষুদ্র কণার সাহায্যে ‘খোঁজ করবে’ এই কবজিবন্ধনী।
ক্যানসারের মতো রোগের লক্ষণগুলো শরীরে দৃশ্যমান হতে বেশ সময় লেগে যায়। কিন্তু এই পদ্ধতি লক্ষণগুলো দৃশ্যমান হওয়ার অনেক আগেই রোগ শনাক্ত করে দেবে। এভাবে আগেভাগেই রোগ ধরা গেলে অসুস্থতার কারণে প্রাণহানির মাত্রা কমে যাবে ব্যাপক হারে।
পদ্ধতিটি ব্যাখ্যা করে বিজ্ঞানী কনরাড বলেন, ‘এখন চিকিৎসকের কাছে গিয়ে বলতে হয়, আমি হাতে আঘাত পেয়েছি। কিন্তু নতুন পদ্ধতিতে ঘটনা ঘটার আগেই ব্যবস্থা ও প্রতিরোধমূলক করার চেষ্টা চলছে। আমরা অনেক দূর এগিয়েছি। তবে এই পথটা অনেক লম্বা ও কঠিন। সুতরাং, আমি মনে করি, আমরা সেখানে পৌঁছে যাব। আশা করছি, এটা কয়েক দশক নয়, কয়েক বছরের মধ্যেই ঘটবে।’
এই পদ্ধতির ভিত্তি হবে মানুষের প্রাণরসায়নে যে সূক্ষ্ম পরিবর্তনগুলো ঘটে, তার ওপর নজর রাখা। এই প্রাণরসায়ন একটি আগাম সংকেতব্যবস্থা হিসেবে কাজ করতে পারে। রোগীকে এমন একটি বড়ি সেবন করানো হবে, যাতে থাকবে ক্ষুদ্রাতিক্ষুদ্র কণা। ভিন্ন ভিন্ন অবস্থার জন্য সেগুলো (যেমন রোগের সঙ্গে সম্পৃক্ত রাসায়নিকের মাত্রা বা ক্যানসারবাহী কোষ ইত্যাদি) ভিন্ন ভিন্ন মাত্রা নির্দেশ করবে।
গুগল মনে করছে, কোষগুলোকে ‘প্রজ্বালিত করা’ সম্ভব হবে। এতে করে কোষগুলো যখন রক্তধারার ভেতর দিয়ে হাতে প্রবাহিত হবে, তখন কবজিতে লাগানো চুম্বকীয় কবজিবন্ধনী (রিস্টব্যান্ড) সেগুলোকে শনাক্ত করতে পারবে। বিষয়টার ব্যাখ্যা করে বিজ্ঞানী কনরাড বলেন, ‘ক্ষুদ্রাতিক্ষুদ্র কণা আপনার পুরো দেহে বিচরণ করে ওই কোষগুলো খুঁজে ফিরবে। আর আমরা একটি চুম্বক ব্যবহার করে সেগুলো সংগ্রহ করব এবং জিজ্ঞেস করব, তারা কী দেখতে পেয়েছে।’
যেহেতু এই পদ্ধতি কোষগুলো থেকে নির্গত হওয়া আলোর ওপর নির্ভর করে, সেহেতু গবেষকদের প্রথমেই একটা প্রশ্নের উত্তর বের করতে হবে—আলো চামড়ার ভেতর দিয়ে কীভাবে প্রবাহিত হয়। সুতরাং তাঁদের মানুষের হাতের একটা মডেল তৈরি করতে হবে।
তবে এ ধরনের বাস্তবিক মডেলও তৈরি করেছেন গবেষকেরা। এতে ব্যবহার করা হয়েছে সিনথেটিক দ্রব্যের পাশাপাশি মানুষের আসল ত্বক।
প্রযুক্তিজগতের সম্ভাব্য বৈপ্লবিক আবিষ্কার নিয়ে কাজ করার জন্য সুপরিচিত গুগল এক্স। অবশ্য, তাদের অনেক প্রকল্পই জনসমক্ষে আসার আগে বাতিল করে দেওয়া হয়। এর আগে গুগল এক্স স্বাস্থ্যবিষয়ক যেসব অভিনব প্রকল্প নিয়ে গবেষণা করেছে, তার মধ্যে রয়েছে ডায়াবেটিসে আক্রান্ত রোগীদের জন্য গ্লুকোজ মাপার কনট্যাক্ট লেন্স, পারকিনসন্স রোগের কারণে সৃষ্ট কাঁপুনি সামাল দেওয়ার চামচ ইত্যাদি।
আর স্বাস্থ্যবিষয়ক প্রযুক্তিপণ্যের বাইরে গুগল যেসব প্রকল্প অতীতে হাতে নিয়েছে, তার মধ্যে রয়েছে গুগল চশমা, নিজে নিজেই চলতে পারে এমন গাড়ি, পণ্য সরবরাহের ড্রোন, বায়ুমণ্ডলের স্ট্র্যাটোস্ফিয়ার স্তরের ইন্টারনেট বেলুন ইত্যাদি। ইনডিপেনডেন্ট











