এক মাসে দশ জেলায় গ্রেপ্তার ৬৫০০ : শুধু ব্রাহ্মণবাড়িয়ায় ৩০০০
বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের অনির্দিষ্টকালের অবরোধ এবং জাতীয় ও স্থানিক হরতালের মধ্যে সারাদেশেই অব্যাহত রয়েছে পুলিশ ও নিরাপত্তা বাহিনীর ধরপাকড়। গত একমাসে শুধুমাত্র ব্রাহ্মণবাড়িয়া জেলায় বিরোধী জোটের ৩০০০ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। রবিবার থেকে শুরু হওয়া ৭২ ঘণ্টার হরতালের দ্বিতীয় দিনে গতকাল সোমবারও দেশের বিভিন্ন স্থানে ধরপাকড়-গ্রেপ্তার হয়েছে। রবিবার রাত ও সোমবার মিলিয়ে দেশের ১৫ জেলা থেকে ১৮৪ জনকে আটকের খবর পাওয়া গেছে। প্রতিনিধিদের পাঠানো তথ্য অনুযায়ী, সারা দেশে অনির্দিষ্টকালের অবরোধ শুরুর পর থেকে গতকাল পর্যন্ত এসব জেলার ১০টি থেকে বিএনপি ও জামায়াত-শিবিরের ৬,৪৭৭ জন নেতা-কর্মীকে আটক করা হয়েছে।
জেলাগুলো হচ্ছে— ফেনী, সাতক্ষীরা, ব্রাহ্মণবাড়িয়া, নোয়াখালী, রাজবাড়ী, গাইবান্ধা, রাজশাহী, মানিকগঞ্জ, নারায়ণগঞ্জ ও মুন্সীগঞ্জ। ফেনীর সোনাগাজীতে হরতাল চলাকালে পাঁচটি অটোরিকশা ভাঙচুর, গাছ কেটে সড়ক অবরোধ এবং বেশ কিছু ককটেল বিস্ফোরণের ঘটনায় পুলিশ পাঁচজনকে আটক করেছে। এ নিয়ে জেলায় আটকের সংখ্যা দাঁড়াল ২৫৫।
সাতক্ষীরায় রবিবার রাত থেকে সোমবার সকাল সাড়ে ১০টা পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে জামায়াতের ১০ জন কর্মীসহ ২০ জনকে আটক করেছে পুলিশ। জেলায় আটকের সংখ্যা দাঁড়াল ১৪৫০। ব্রাহ্মণবাড়িয়ায় হরতাল ও অবরোধে নাশকতার ঘটনায় হওয়া মামলায় বিএনপির ১০ নেতা-কর্মীসহ ৯৮ জনকে আটক করেছে পুলিশ। এতে জেলায় গ্রেপ্তারের সংখ্যা দাঁড়ালো ৩,০৮৩ জনে।
নোয়াখালী শহরের নাপিতের পোল এলাকায় সাদা পোশাকের পুলিশ সদস্যদের বহনকারী একটি অটোরিকশায় পেট্রল নিক্ষেপের চেষ্টাকালে মো. হেলাল ও মো. শামীম নামের ছাত্রশিবিরের দুই কর্মীকে আটক করা হয়েছে। এ নিয়ে ২২৭ জনকে আটক করা হলো। রাজবাড়ীতে জাহিদুল ইসলাম নামে ছাত্রদলের এক কর্মীকে আটক করেছে পুলিশ। তিনি রাজবাড়ী সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। এ ছাড়া গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাট টার্মিনাল এলাকায় একটি বাসে আগুন ধরিয়ে দেওয়ার ঘটনায় পুলিশ যুবদল নেতাসহ ১৪ জনকে আটক করেছে। মামলা দায়েরের পর ১১ জনকে গ্রেপ্তার দেখায় পুলিশ।
গাইবান্ধার গোবিন্দগঞ্জ, সুন্দরগঞ্জ ও ফুলছড়ি উপজেলায় অভিযান চালিয়ে বিএনপি ও জামায়াত-শিবিরের তিন নেতা-কর্মীকে আটক করেছে যৌথবাহিনী। এ নিয়ে গতকাল পর্যন্ত জেলায় ৩৮৭ জন আটক হলো। মানিকগঞ্জের বিভিন্ন স্থানে রবিবার রাতে অভিযান চালিয়ে বিএনপি-জামায়াতের ছয়জন কর্মীকে আটক করেছে পুলিশ। এ নিয়ে জেলায় বিএনপি ও জামায়াতের ১৮৫ নেতা-কর্মীকে আটক করা হলো।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মালিবাগ এলাকায় ট্রাকে আগুন দেওয়ার মামলার প্রধান আসামি বিএনপির কর্মী মনির হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। জেলায় এ নিয়ে ১১৮ জনকে আটক করা হলো। রাজশাহীতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পাঁচ ছাত্রশিবির কর্মীসহ বিএনপি-জামায়াতের ১৭ নেতা-কর্মীকে আটক করেছে র্যাব ও পুলিশ। এ নিয়ে রাজশাহীতে আটকের সংখ্যা দাঁড়াল ৪১৫। নওগাঁয় দুপুরে স্বেচ্ছাসেবক দলের দুই নেতাকে আটক করেছে পুলিশ। সিরাজগঞ্জে উল্লাপাড়া উপজেলা যুবদলের প্রচার সম্পাদক শাহীনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার কেয়াইন ইউনিয়নের ছাত্রদলের সভাপতি শহিদুল ইসলামকে (২৫) গ্রেপ্তার করেছে পুলিশ। বগুড়ায় মহাসড়কে যানবাহনে নাশকতায় জড়িত সন্দেহে নয়ন (২৮) নামের এক যুবদল কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ছাড়া পুলিশ গতকাল রাত আটটা পর্যন্ত বিশেষ অভিযান চালিয়ে আরও ২০ জনকে গ্রেপ্তার করেছে।
rtnn.net











