মজলিশপুরের শ্মশাণের জায়গা স্থিতাবস্থা রাখার নির্দেশ উচ্চ আদালতের
ডেস্ক রির্পোট : ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মজলিশপুর গ্রামে আশ্রয়ণ প্রকল্প নির্মাণে শ্মশাণের জায়গায় স্থিতাবস্থা বজায় রাখতে নির্দেশ প্রদান করেছেন উচ্চ আদালত। গত রবিবার সুপ্রীম কোর্টের হাইকোর্ট ডিভিশনের বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি কাজী মোহাম্মদ ইজারুল হক আকন্দ এর দ্বৈত বেঞ্চ উভয় পক্ষের শুনানি শেষে এ আদেশ প্রদান করেন। বেঞ্চ একই সঙ্গে ‘প্রতিপক্ষের’ বিরুদ্ধে রুল নিশি জারি করেছেন আদালত।
খোঁজ নিয়ে জানা গেছে, শ্মশাণ কমিটির সাধারন সম্পাদক নারায়ন চন্দ্র পাল শ্মশাণের ৯১ শতাংশ জায়গায় আশ্রয়ণ প্রকল্প না করার আবেদন জানিয়ে রিট পিটিশন দাখিল করেন। রিট পিটিশনে প্রতিপক্ষ করা হয় ভূমি মন্ত্রনালয়ের সচিব, ধর্ম মন্ত্রনালয়ের সচিব, প্রকল্প পরিচালক (আশ্রয়ণ প্রকল্প-২), ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব), সদর উপজেলা নির্বাহী অফিসার, সহকারি কমিশনার (ভূমি)।
আইনজীবী মোহাম্মদ আলী আজমের দেওয়া ‘সার্টিফিকেট’ এ উল্লেখ করা হয়, ‘রিট পিটিশনের প্রেক্ষিতে আদালত স্থিতাবস্থা জারি ও রুল নিশির আদেশ প্রদান করেন’। রিট পিটিশন দাখিলকারির পক্ষের আইনজীবীরা হলেন, সিনিয়র আইনজীবী তবারক হোসেইন, আইনজীবী মোহাম্মদ আলী আজম ও মো. নাসির মিয়া।
এ প্রসঙ্গে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ড. মো. আশরাফুল আলম জানান, উচ্চ আদালতের আদেশের কপি হাতে আসেনি। আদালতের নির্দেশ পেলে অবশ্যই সে মোতাবেক আশ্রয়ণ প্রকল্পের কাজ পরিচালনা করা হবে।
প্রসঙ্গত, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মজলিশপুর ইউনিয়নের মজলিশপুর গ্রামে নির্মাণাধীন আশ্রয়ণ প্রকল্পের কিছু অংশ শ্মশাণের জায়গায় করা হচ্ছে বলে অভিযোগ উঠে। এ নিয়ে গত ১২ ডিসেম্বর কালের কণ্ঠে সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়।











