বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

.বাংলা ডোমেইনের জন্য আর কত অপেক্ষা?

Bangla-Domainআন্তর্জাতিক ডেস্ক : ভাষার জন্য জীবন দেওয়ার ইতিহাস একমাত্র বাংলাদেশের। আন্তর্জাতিক মাতৃভাষা পালনের মাধ্যমে তার স্বীকৃতিও মিলেছে। কিন্তু ইন্টারনেট যুগে বাংলা ডোমেইনের স্বীকৃতি মেলেনি এখনও। বাংলাদেশ শুধুমাত্র সেকেন্ড লেভেল ডোমেইন ব্যবহার করতে পারছে। দেশে .com.bd, .net.bd, .org.bd, .gov.bd, .ac.bd, .mil.bd ইত্যাদি ব্যবহারের সুযোগ থাকলেও এখনও .বাংলা ডোমেইন ব্যবহার শুরু করতে পারেনি বাংলাদেশ। সংশ্লিষ্টরা বলছেন, .বাংলার তত্তাবধানকারী ঠিক না হওয়া, টিএলসিডি দেশগুলোর ক্লাবে সদস্যপদ না পাওয়া এবং .বাংলার রুট ডেলিগেশন না হওয়াসহ বিভিন্ন কারণে এ প্রকল্প দিন দিন দূরে সরে যাচ্ছে। অন্যদিকে কোন পদ্ধতিতে ডট বাংলা ডোমেইন চালু করা হবে সে বিষয়ে এখনও সিদ্ধান্ত চূড়ান্ত করতে পারেনি সরকার।

সমগ্র পৃথিবী জুড়ে অনেক দেশ তাদের নিজেদের এবং অনেক শহর নিজেদের টপ লেভেল ডোমেইন ব্যবহার করছে। যেমন .ca – কানাডা, .ru – রাশিয়া, .se – সুইডেন, .fr – ফ্রান্স, .in – ভারত ইত্যাদি। বাংলাদেশও এই টপ লেভেল কান্ট্রি ডোমেইন (টিএলসিডি) চালু করার জন্য ৫ বছর আগে উদ্যোগ নেয়। ২০১০ সালের ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ বিষয়ে আইকানের কাছে আবেদন করেন। এতে আইসিএএনএন বাংলা ভাষার জন্য স্ট্রিং ইভ্যালুয়েশন (বাংলা অক্ষরগুলো চেনার জন্য নির্দিষ্ট কোড- (আইডিএন সিসিটিএলডি) প্রক্রিয়া সম্পন্ন করে ইন্টারনেট অ্যাসাইন্ড নাম্বারস অথরিটি (আইএএনএ) বাংলার জন্য কোডটি (আইডিএন সিসিটিএলডি) অনুমোদনও (ডিএনস রুট জোনে ডেলিগেট) করে। এক বছরের কম সময়ের মধ্যে .বাংলার অনুমোদনও পাওয়া যায়। কিন্তু তত্ত্বাবধায়ক ঠিক না হওয়ায় চূড়ান্তভাবে এখনো এটি পায়নি বাংলাদেশ। ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) না বাংলাদেশ টেলিযোগাযোগ কোম্পানি লিমিটেড (বিটিসিএল) কে তত্ত্বাবধান করবে সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারছে না সরকার। ফলে ভাষার মাসেও এই ডোমেইন চালু হবার কোনো সম্ভাবনা নেই।

আইকান (ইন্টারনেট কর্পোরেশন ফর অ্যাসাইন্ড নেমস অ্যান্ড নাম্বারস) ইন্টারনেটে ডোমেইন নাম তালিকাভূক্তির প্রতিষ্ঠান। আইকানের কাছে ডট বাংলা নিবন্ধিত হওয়ার পর সব আনুষ্ঠানিকতা শেষ হলে বিশ্বের প্রায় ৩০ কোটি বাংলা ভাষাভাষী বাংলায় ওয়েবসাইট ব্যবহার করে ইন্টারনেট ব্যবহারের সুবিধা পাবেন। ফলে ইংরেজি, চায়নিজ, ফ্রেঞ্চ, কোরীয়, আরবি, স্প্যানিশ, পর্তুগিজ ভাষার পাশাপাশি বাংলায়ও ইন্টারনেটের কার্যক্রম চলতে পরবে। জানা গেছে, বিশ্বের ১৫০টি দেশ টিএলসিডি সদস্য হলেও বাংলাদেশ এখনও এই ক্লাবের সদস্য নয়। গত বছর ২৪ মে ঢাকা সফরকালে এশিয়া প্যাসিফিক নেটওয়ার্ক ইনফরমেশন সেন্টারের (এপনিক), সাধারণ পরিচালক পল উইলসন ও জ্যেষ্ঠ উপদেষ্টা শ্রীনিবাস চেন্দি, ব্যবস্থাপনা পরিচালক কিউ ইয়ু-চাং বাংলাদেশে এক মতবিনিময় সভায় জানিয়েছিলেন, টপ লেভেল কান্ট্রি ডোমেইন পেতে হলে বাংলাদেশকে আগে এই ক্লাবের সদস্য হতে হবে। এদিকে সংশ্লিষ্টরা অভিযোগ করেছেন, তাহলে এই ৫ বছরে এ সংক্রান্ত গঠিত কমিটি কী করেছে? ওই ক্লাবের সদস্য না হলে যেখানে অন্য কোনও কাজের মূল্য নেই সেখানে ডট বাংলা ডোমেইনের অগ্রগতি কী তা সহজেই অনুমেয়।

এদিকে ২০১৩ সালে ইংরেজি ভাষার পাশাপাশি চায়নিজ ও আরবিসহ নতুন ২৭টি ভাষায় ইন্টারনেট ঠিকানার (ডোমেইন) নামের প্রাথমিক অনুমোদন দেয় আইকান। তবে এ তালিকায় বাংলা ডোমেইনের নাম পাওয়া যায়নি। ২০১২ সালে আইক্যান ডোমেইনের পরিধি বিস্তারের ঘোষণা দেয়। এ ঘোষণায় প্রায় ২ হাজার আবেদন জমা পড়ে। বাংলাদেশের আবেদন আগে থেকেই জমা ছিল। ওই তালিকা থেকে ২৭টি ভাষায় ডোমেইনের অনুমোদন দেওয়া হলেও বাংলা ছিল না। ধারণা করা হয়েছিল ওই তালিকায় বাংলা থাকবে। তবে বাংলা না থাকলেও কেন বাংলা নেই সে বিষয়ে সংশ্লিষ্টদের উদ্যোগী হতে দেয়া যায়নি।

ইন্টারনেট গভর্নেন্স ফোরাম বাংলাদেশ চ্যাপ্টার সূত্রে জানা গেছে, কর্তৃপক্ষ ঠিক না হওয়ায় দীর্ঘদিন ধরে এ কাজে কোনও অগ্রগতি নেই। এ বিষয়ে গঠিত কমিটির একাংশ সরকারের নিয়ন্ত্রণে রেখে ডট বাংলা চালু করা যেতে পারে বলে মত দিলেও অন্য অংশ বলছে সরকারের নিয়ন্ত্রণে রাখলে এটি কার্যকারিতা হারাবে। উদাহরণ হিসেবে বলা হয়, বাংলাদেশের কান্ট্রি ডোমেইন ডট বিডি বাংলাদেশ টেলিযোগাযোগ কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) নিয়ন্ত্রণে থাকায় এটি সফল হয়নি। বরং ডট বিডির মাধ্যমে যারা সেবা নিচ্ছেন তারাই অনেক ক্ষেত্রে বিপদে পড়ছেন।

এদিকে অনলাইনে বাংলা কনটেন্টের দৈন্যও প্রকট। লিনাক্স ছাড়া সব অপারেটিং সিস্টেম ইংরেজিতে (যদিও বাংলা সমর্থিত), ইউনিকোডে না লিখে এখনো বাংলায় কোনো সার্চইঞ্জিনে তথ্য সার্চ দেয়া যায় না। অথচ তথ্য ও যোগাযোগপ্রযুক্তি মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানালেন এসবের ৩৫ শতাংশ কাজ করা আছে, ৬৫ শতাংশ কাজ করলেই তথ্যপ্রযুক্তিতে বাংলা ভাষা আরো সমৃদ্ধ হবে। সংশ্লিষ্টরা বলছেন, বাংলাদেশে ওসিআর (অপটিক্যাল ক্যারেক্টার রিকগনিশন), বাংলা অভিধান, স্পেল চেকার, টেক্সট টু স্পিচ, স্পিচ টু টেক্সট এবং স্ক্রিপ্ট ফন্ট (বাংলায় সনদ লেখার জন্য) নেই। এসবের অনেকাংশ প্রস্তুত থাকলেও শেষ করা যাচ্ছে না। শেষ করা হলে বাংলার অবস্থান তথ্যপ্রযুক্তিতে আরো ভালো হবে।