ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশ-বিএনপি সংঘর্ষে পুলিশ সদস্যসহ আহত ৫,ট্রেন লক্ষ্য করে ককটেল নিক্ষেপ
আমিরজাদা চৌধুরী : ব্রাহ্মণবাড়িয়া শহরের টিএরোডে হরতাল-অবরোধে দায়িত্ব পালন করার সময় আনিছুর রহমান নামে এক পুলিশ কনষ্টেবল আহত হয়েছে। অবস্থা গুরুতর হওয়ায় ঢাকা পঙ্গু হাসপাতালে প্রেরণ করা হয়েছে তাকে। আনিছুরের ডান পায়ের একটি আঙ্গুল ক্ষতবিক্ষত হয়েছে। কিভাবে সে আহত হয়েছে তা এখনো নিশ্চিত করে বলতে পারছেনা সদর থানা পুলিশ। তবে পিকেটারদের ছোরা ককটেলে সে আহত হয়েছে বলে ধারনা করা হচ্ছে। হরতালের প্রথম দিন রবিবার দুপুর ২ টার দিকে শহরের টিএরোডে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘষের্র সময় এ ঘটনা ঘটে। এতে আরো ৪ জন আহত হয়।
প্রত্যক্ষদর্শীরা জানায়, শহরের রেলগেট এলাকায় বিএনপি কর্মীরা দুপুর ১২ টার দিকে চট্টগ্রামগামী সুবর্ণ এক্সপ্রেস ট্রেন লক্ষ্য করে ককটেল ছুঁড়ে। এসময় ট্রেনের দরজা-জানালা বন্ধ থাকায় কোনো ক্ষতি হয়নি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিএনপি কর্মীদের ধাওয়া দিলে বিএনপির নেতাকর্মীরা পুলিশকে লক্ষ্য করে ককটেল ও ইট-পাটকেল নিক্ষেপ করতে শুরু করে। এসময় বিএনপি কর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ শুরু হয়। ঐসময়ই সদর মডেল থানার পুলিশ সদস্য কনষ্টেবল মো. আনিসুর রহমান আহত হন। পরে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌছে কয়েক রাউন্ড রাবার বুলেট ছোড়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। আহত পুলিশ সদস্যকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরন করা হয়েছে।
সদর থানার সহকারী পুলিশ সুপার তাপস রঞ্জন ঘোষ এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আহত আনিসকে ঢাকায় প্রেরন করা হয়েছে। কিভাবে সে আহত হয়েছে তা এখন বলা যাচ্ছেনা। পরিস্থিতি স্বাভাবিক রাখতে শহরে পর্যাপ্ত পুলিশ মোতায়েন রয়েছে। এদিকে সাংবাদিকরা জেলা সদর হাসপাতালে আহত পুলিশ সদস্য আনিছুর রহমানের অবস্থা জানতে গেলে জরুরী বিভাগে কর্তব্যরত ডাক্তার এমরান হোসেন সাংবাদিকদের লাঞ্ছিত করে। এমরান হোসেন হাসপাতালের নাক কান গলার ডাক্তার হলেও জরুরী বিভাগে দায়িত্ব পালন করে। তার বিরুদ্ধে নিয়মিত হাসপাতালে না আসারও অভিযোগও রয়েছে।











