বিএনপি গনতান্ত্রিক আন্দোলনের নামে দেশে জ্বালাও পোড়াও করে মানুষের মৌলিক অধিকার বিঘ্নিত করছে-মোকতাদির চৌধুরী
নিজস্ব প্রতিবেদক : প্রধান মন্ত্রীর সাবেক একান্ত সচিব, বিশিষ্ট লেখক, বাংলাদেশ আওয়ামীলীগের কার্য নির্বাহী কমিটির সদস্য, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি এবং ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামীলীগের সভাপতি র.আ.ম. উবায়দুল মোকতাদির চৌধুরী এম.পি বলেছেন, খালেদা জিয়া অসুস্থ্য মানুষিক রোগী। বিএনপি গনতান্ত্রিক আন্দোলনের নামে দেশে জ্বালাও পোড়াও করে মানুষের মৌলিক অধিকার বিঘ্নিত করছে। তিনি গতকাল শনিবার সন্ধ্যায় স্থানীয় সুর সম্রাট ওস্তাদ আলাউদ্দিন খা পৌর মিলনায়তনে ভাষা ও সাহিত্য অনুশীলন কেন্দ্রের বৃত্তিপ্রদান, পুরস্কার বিতরন ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ হানিফের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মোকতাদির চৌধুরী এম.পি খালেদা জিয়ার উদ্দ্যেশে বলেন, হরতাল ডাকা যেমন আপনার গনতান্ত্রিক অধিকার, তেমনি হরতাল না মানাটাও মানুষের গনতান্ত্রিক অধিকার। মানুষ তাদের মৌলিক অধিকার নিয়ে নিজের কর্মস্থল কিংবা শিক্ষা প্রতিষ্ঠানে যাবে আর আপনি আন্দোলনের নামে তাদেরকে পুড়িয়ে মারবেন তা হতে দেয়া যাবেনা। তিনি বলেন, মানুষ অবরোধ-হরতাল মানে না। মোকতাদির চৌধুরী এম.পি খালেদা জিয়ার উদ্দেশ্যে বলেন, আপনাকে শ্রদ্ধা করি সাবেক প্রধান মন্ত্রী হিসেবে। নিজের ছেলের স্বাভাবিক মৃত্যুর পরও আপনি অঝোরে কেঁদেছেন, কিন্তু আপনার রাজনৈতিক সহিংসতায় যেসব লোক মারা গেছেন এবং হাসপাতালে মৃত্যুর যন্ত্রনায় কাতরাচ্ছেন তাদের জন্য কি একবারের জন্যও চোখের পানি ফেলেছেন? তাই আমি বলব আপনি দেশ ও দেশের মানুষের মঙ্গল চাননা। আপনি অসুস্থ্য মানুষিক রোগী।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মাউশির ডিজি প্রফেসর ফাহিমা খাতুন। তিনি তার বক্তব্যে বলেন,ঐতিহ্যবাহী ব্রাহ্মণবাড়িয়ায় যখন মারামারি, মৌলবাদ ও জঙ্গীবাদের খবর পত্রিকার শিরোনাম হয়, তখন ব্রাহ্মণবাড়িয়ার ভাষা ও সাহিত্য অনুশীলন কেন্দ্র তাদের যাত্রা শুরু করে।
তিনি সকলের উদ্দেশ্যে বলেন, আমরা সকলে মিলে অসম্প্রদায়িক, অবাধ ও মুক্ত চিন্তার মানুষ হয়ে দেশকে এগিয়ে নিয়ে যাব। এস.এস.সি পরীক্ষার্থীরা যাতে নির্বিঘ্নে পরীক্ষা দিতে পারে সেজন্য আমরা সর্বাত্মক চেষ্টা করছি। আপনারা আমাদেরকে সহযোগীতা করবেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন পুলিশ সুপার মোঃ মনিরুজ্জামান পিপিএম, পৌর মেয়র মোঃ হেলাল উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক ( রাজস্ব) রিপন চাকমা, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার। বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ অমৃত লাল সাহা, ব্রাহ্মণবাড়িয়ার গবেষক মুহম্মদ মুসা। স্বাগত বক্তব্য রাখেন ভাষা ও সাহিত্য অনুশীলন কেন্দ্রের ব্রাহ্মণবাড়িয়ার সভাপতি এস.আর. ওসমান গনি সজীব।
আলোচনা সভা শেষে চিত্রাংকন প্রতিযোগীতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ এবং মোকতাদির চৌধুরী ও ফাহিমা খাতুন মেধা বৃত্তি প্রদান করেন প্রধান অতিথি ও বিশেষ অতিথিগন। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।











