এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ার দুই গ্রামবাসীর সংঘর্ষে আহত অর্ধশতাধিক ॥ ১৫ দাঙ্গাবাজ আটক
আমিরজাদা চৌধুরী : এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ায় দুই গ্রামবাসীর মধ্যে দফায় দফায় সংঘর্ষে মহিলাসহ উভয়পক্ষের অর্ধশতাধিক লোক আহত হয়েছে। এসময় একটি মার্কেটের ৭টি দোকান ও ৮টি ঘর আগুনে পুড়িয়ে দেওয়া হয়। ঘটনাটি ঘটেছে গত শুক্রবার রাত ও শনিবার সকালে সদর উপজেলার নাটাই উত্তর ইউনিয়নের রাজঘর ও থলিয়ারা গ্রামবাসীর মধ্যে। পুলিশ ঘটনাস্থল থেকে ১৫ দাঙ্গাবাজকে আটক করেছে।
এলাকাবাসী জানান, রাজঘর গ্রামের বাসিন্দা ও নাটাই উত্তর ইউপির সাবেক চেয়ারম্যান আব্দুর রউফের সাথে থলিয়ারা গ্রামের আইনজীবি আলী আজমের জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। গত শুক্রবার বিকালে রাজঘর-থলিয়ারার মাঝ খানে নতুন সূর্যোদয় নামে একটি যুব সংগঠনের উদ্বোধনী অনুষ্ঠান করে অ্যাডভোকেট আলী আজমের সমর্থকরা। এসময় একটি ছেলে পটকা (বাজি) ফুটালে তাকে মারধোর করে আলী আজমের সমর্থকরা।
এর জের ধরে রাত ৮ টার দিকে আব্দুর রউফ ও আলী আজমের লোকজন দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে ব্যাপক লাঠিপেটা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দু’ঘন্টাব্যাপী সংঘর্ষে এসময় একটি মার্কেটের ৭টি দোকান ও ৮টি ঘর আগুনে পুড়িয়ে দেওয়া হয়।
শনিবার সকালে বিষয়টির নিষ্পত্তিকল্পে নাটাই ইউপি চেয়ারম্যান সোহেল মিয়ার নেতৃত্বে এলাকার বিশিষ্ট ব্যক্তিরা জিলন মার্কেট এলাকায় দু’পক্ষকে নিয়ে মীমাংসার জন্য বসে। এসময় উভয়পক্ষের দাঙ্গাবাজরা ফের সংঘর্ষে লিপ্ত হয়। পরে সংঘর্ষ দু’গ্রামে ছড়িয়ে পড়ে। সংঘর্ষের সময় বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ করা হয়। সংঘর্ষে উভয়পক্ষের মহিলাসহ প্রায় অর্ধশতাধিক লোক আহত হয়। পুলিশ সংঘর্ষস্থল থেকে ১৫জনকে আটক করে।
পুলিশ ঘটনাস্থল পৌছে ব্যাপক লাঠিপেটা টিয়ার সেল ও রাবার বুলেট ৪০ নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। সংঘর্ষ চলাকালে বেশ কয়েকটি বাড়িঘর ভাংচুর ও লুটতরাজ করা হয়। আহতদেরকে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে ভর্তি ও চিকিৎসা করা হয়। আহতদের মধ্যে ৩জনকে আশংকাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হয়।
এ ব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকুল চন্দ্র বিশ্বাস বলেন, সংঘর্ষ বর্তমানে নিয়ন্ত্রনে আছে। ১৫ দাঙ্গাবাজকে আটক করা হয়েছে। তিনি বলেন এ ঘটনায় এখনো মামলা হয়নি।











