ব্রাহ্মণবাড়িয়ায় পৃথক সড়ক দূর্ঘটনায় ২ জন নিহত,আহত-৭
আমিরজাদা চৌধুরী : ব্রাহ্মণবাড়িয়া-আগরতলা মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার আলগাবাড়ি এলাকায় ট্রাকের চাপায় কামাল খন্দকার (৩১) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। এ দুর্ঘটনায় মোটরসাইকেলের অপর ২ আরোহী গুরুতর আহত হয়েছে।
আজ শুক্রবার সন্ধ্যা সাতটার দিকে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহত কামালের বাড়ি শহরের নিউ মৌড়াইল এলাকায়।
আহত দুজন হলেন- শহরের দক্ষিন মৌড়াইল এলাকার মদন মিয়ার ছেলে জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা জামান (৩২) ও মেড্ডা মোদকবাড়ি এলাকার বাসিন্দা রাশেদ মিয়া (৩৩)। আহত দুজনকে আশংকাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, আখাউড়া অভিমুখী ট্রাকটির সঙ্গে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটর সাইকেল চালক কামাল ঘটনাস্থলেই নিহত হন এবং অপর দুই আরোহী গুরুতর আহত হয়। আহতদের আশংকাজনক অবস্থায় প্রথমে জেলা সদর হাসপাতালে নেয়া হলে পরে তাদের ঢাকায় পাঠানো হয়। এদিকে ব্রাহ্মণবাড়িয়ার কুমিল্লা¬-সিলেট মহাসড়কের বিজয়নগরের সাতবর্গে সিএনজি-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও ৫জন আহত হয়েছে। নিহতের নাম রীপা আক্তার(২৪)। নিহত রিপা পাশের মাধরপুর এলাকার কনা মেম্বারের মেয়ে। আহতদের নাম পরিচয় পাওয়া যায়নি। ব্রাহ্মণবাড়িয়া সরাইল হাটিহাতা হাইওয়ে পুলিশ ফাড়ির ইনচার্জ সার্জেন্ট আব্দুর নূর জানান,তারা ট্রাকটিকে আটক করতে পারলেও চালক পালিয়ে গেছে।
জানা গেছে, সিলেট থেকে ছেড়ে আসা একটি ট্রাকের সাথে বিজয়নগর থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী সিএনজির মুখোমুখি সংঘর্ষে এ দূর্ঘটনা ঘটে। এসময় সিএনজিটি সম্পূর্ণ দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলেই রীপার মৃত্যু হয়। দুর্ঘটনায় সিএনজির ৫ যাত্রী গুরুত্বর আহত হয়েছে। আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।











