এবার শরীর থেকেই চার্জ হবে মোবাইল ফোন
আন্তর্জাতিক ডেস্ক : ধরুন আপনি অফিসে আছেন অথবা কোনো কাজে বাড়ির বাইরে৷ কিন্তু ভুলে গেছেন আপনার স্মার্টফোনের চার্জার আনতে৷ কিংবা ধরুন, চ্যাট করতে করতে মোবাইলের চার্জ শেষ হলে কি করবেন?
এই বিপত্তি থেকে মুক্তির সময় এসে গেছে৷ চার্জার লাগবে না, মানবশরীর থেকেই শক্তি নিয়েই চার্জ হবে মোবাইল ফোন৷ গবেষণাকারীরা জানিয়েছেন, নতুন প্রযুক্তির একটি ব্যাটারির সাহায্যে মোবাইল ফোনটি ব্যবহারকারীর শরীরের নড়াচড়া থেকেই চার্জ হবে৷ চলাফেরার সাথে সাথে বাড়তে থাকবে চার্জও৷
মার্কিন যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজির গবেষকেরা এই নয়া প্রযুক্তির ব্যাটারি তৈরি করেছেন। ‘থার্মালি রিজেনারেটিভ ইলেকট্রো কেমিক্যাল সাইকেল’ নামের বিশেষ প্রযুক্তিকে কাজে লাগিয়ে এই ব্যাটারি তৈরি করা হয়েছে৷তবে গবেষণাকারীদের পক্ষ থেকে জানানো হয়েছে, এখনই এই ব্যাটারিকে বাণিজ্যিকভাবে ব্যবহারের জন্য বাজারে আনা হচ্ছে না৷ গবেষণা পুরোপুরি শেষ হলেই এই ব্যাটারি বাজারে ছাড়া হবে৷











