বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়া আঞ্চলিক পাসপোর্ট অফিস দালাল চক্রের কাছে জিম্মী ॥ পুলিশী নিরাপত্তা দাবি

crimeব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ॥ একটি পেশাদার সন্ত্রাসী- দালাল চক্রের কাছে জিম্মি হয়ে গেছে পৌর এলাকার পূর্ব মেড্ডায় অবস্থিত আঞ্চলিক পাসপোর্ট অফিসটি। এতে করে পাসপোর্ট করতে আসা-দূর-দুরান্তের লোকজন হয়রানির শিকার হচ্ছেন প্রতি পদে পদে। অনেক সময় লোকজন মারধোরের শিকারও হচ্ছেন। মার খেয়েও চোখ বুঝে সহ্য করা ছাড়া তাদের কোন উপায় নেই। সর্বশেষ গত রবিবার পাসপোর্ট অফিসে সন্ত্রাসীদের হামলার শিকার হন পৌর এলাকার মৌলভীপাড়ার জুয়েল এবং বিজয়নগর উপজেলার এক যুবক। সন্ত্রাসীরা জুয়েল ও বিজয়নগরের যুবককে মারধোর করে। পরে আহত যুবকরা বিষয়টি পূর্ব মেড্ডার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গকে অবহিত করেন। এরপরও প্রায় প্রতিদিনই মেড্ডা আঞ্চলিক পাসপোর্ট অফিসে আসা দূর দুরান্তের লোকজন সন্ত্রাসীদের হয়রানির শিকার হচ্ছেন বলে অভিযোগ রয়েছে। জানা গেছে, গত ১২ জানুয়ারি পাসপোর্ট অফিসে খবর সংগ্রহ করতে গিয়ে সন্ত্রাসীদের হামলার শিকার হন জেলার পেশাদার তিন সাংবাদিক। পূর্ব মেড্ডা এলাকার বেশ কয়েকজন ব্যক্তির সাথে কথা বলে জানা গেছে, গত ২১ ডিসেম্বর জেলা পাসপোর্ট অফিসটি জেলা প্রশাসকের কার্যালয় থেকে পূর্ব মেড্ডায় স্থানান্তরিত হওয়ার পর থেকেই পূর্ব মেড্ডার নিজাম উদ্দিনের ছেলে ও জেলা ছাত্রলীগের সভাপতি মাসুম বিল্লাহ’র ভাই নাসির মিয়া ও মাসুক মিয়া, একই এলাকার আব্দুল আহাদের ছেলে এবং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আক্কাস মিয়ার ভাই ফেরদৌস মিয়া, একই এলাকার ঝন্টু মিয়ার ছেলে উজ্জলের নেতৃত্বে একটি সন্ত্রাসী ও দালাল চক্র পাসপোর্ট অফিসের নিয়ন্ত্রন গ্রহণ করে। পাসপোর্ট অফিসের অসাধু কয়েকজন কর্মচারীর যোগসাজশে এই চক্রটি অফিসকে জিম্মি করে পাসপোর্ট করতে আসা লোকদের হয়রানি, নাজেহাল ও লাঞ্চিত করে আসছে। গত রবিবার বিকেলে দালাল মাসুকের নেতৃত্বে সন্ত্রাসী-দালালরা জুয়েলসহ দুই যুবককে মারধোর করে। এর আগে গত ১২ জানুয়ারি দুপুরে পাসপোর্ট অফিসে সংবাদ সংগ্রহ করতে গিয়ে দালাল নাসির বাহিনীর হামলার শিকার হন তিন সাংবাদিক। সন্ত্রাসীরা সাংবাদিক মাসুকুর রহমান হৃদয়ের ল্যাপটপ ও ক্যামেরা ছিনিয়ে নেয়। নাসির মিয়া হৃদয়ের মাথায় পিস্তলের বাট দিয়ে আঘাত করে তাকে হত্যার হুমকী দেয়। খবর পেয়ে পুলিশ ও অন্যান্য সাংবাদিকরা সেখানে উপস্থিত হয়ে আহত তিন সাংবাদিককে উদ্ধার করে। এ ঘটনায় মামলা হলেও পুলিশ এখন পর্যন্ত মামলার কোন আসামীকে গ্রেপ্তার করতে পারেনি। কিন্তু নাসির ও তার দল দিনের বেলা প্রকাশ্যে পাসপোর্ট অফিস দাবড়ে বেড়ায়। এদিকে পাসপোর্ট অফিসের দালালদের হয়রানি থেকে রক্ষা পেতে অফিসে স্থায়ী পুলিশী নিরাপত্তা দেওয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। সাংবাদিকদের মামলার ব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকুল চন্দ্র বিশ্বাসের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, তাদেরকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।