বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় অবরোধে মাঠে নেই বিএনপি ॥ শীর্ষ নেতারা আত্মগোপনে ॥ জনমনে আতংক

bnp logo 1ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ায় হরতাল অবরোধে মাঠে নেই অবরোধকারীরা। তবে তাদের অস্তিত্ব জানান দিতে মাঝে মাঝে জেলা সদরে রাতের বেলা ককটেল বিষ্ফোরন করা হচ্ছে। জেলা সদরের মতো বাকি ৮টি উপজেলাতেও হরতাল-অবরোধে মাঠে নেই বিএনপির নেতা-কর্মীরা। মামলা আতঙ্কে ভুগতে থাকা শীর্ষ নেতাদের অনেকেই আত্মগোপনে আছেন। বিশেষ করে ৫ জানুয়ারির পর থেকে ব্যাপক পুলিশী অভিযানের মুখে বিএনপির নেতারা আত্মগোপনে চলে যান। যে কারণে উপজেলা গুলোতেও আন্দোলনের তেমন কোনো প্রভাব নেই। তবে এলাকার পরিস্থিতি স্বাভাবিক হলেও  মানুষের মধ্যে আতঙ্ক রয়েছে। মানুষ দূরের কোথাও যেতে বাইরে বেরুচ্ছেন না।
তবে অবরোধের সময়ও বিএনপি নেতৃবৃন্দ ঠিকই গাড়ি হাঁকিয়ে চলছেন। উপজেলা পরিষদ চেয়ারম্যান হিসেবে সরকারি গাড়ি পাওয়া নবীনগর উপজেলা বিএনপির সভাপতি মোঃ সফিকুল ইসলাম ঠিকই ওই গাড়ি চড়ে বেড়াচ্ছেন। ব্যক্তিগত গাড়ি নিয়ে দাবড়ে বেড়াচ্ছেন আশুগঞ্জ উপজেলা বিএনপি’র সাধারন সম্পাদক মোঃ নাসির আহমেদ।   
খোঁজ নিয়ে জানা গেছে, নাশকতার অভিযোগে এ পর্যন্ত জেলায় প্রায় তিনশ’ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মামলা হয়েছে দশটি। গ্রেপ্তারকৃতদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি অ্যাডভোকেট শফিকুল ইসলাম, অ্যাডভোকেট গোলাম সারোয়ার খোকন, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক আনিসুর রহমান মঞ্জু, জেলা বিএনপি নেতা ইমাম হোসেন, শামসুজ্জামান কানন, মোঃ মামুন, বোরহান উদ্দিন, দুলাল মিয়া, সহিদুল হক খান প্রমুখ।  
নেতা-কর্মীদের সঙ্গে আলাপ করে জানা গেছে, লাগাতার অবরোধ কর্মসূচীতে নাশকতার অভিযোগে জেলায় মামলা হয়েছে ১০টি। এর মধ্যে সদর থানায় আটটি ও কসবা থানায় দু’টি। এসব মামলায় বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে সরকারি কাজে বাধাদানসহ নাশকতার অভিযোগ আনা হয়েছে।
মামলা দায়েরের পর কসবায় মাঠে নেই কসবা উপজেলা বিএনপি। অথচ ওই এলাকাটির বিশেষ করে পৌর সদর বিএনপি ও জামায়াতের ঘাঁটি হিসেবেই পরিচিত। গত ৫ জানুয়ারি আখাউড়ায় পুলিশের পিটুনির শিকার হয়ে এখানেও রাজনৈতিক কর্মসূচীতে ‘অনুপস্থিত’ দলের নেতা-কর্মীরা। অবশ্য সর্বশেষ হরতালের দিন আখাউড়ায় বিএনপি নেতা নাছির উদ্দিন হাজারীর নেতৃত্বে একটি মিছিল বের হতে দেখা যায়।
নাসিরনগরে একেবারে মাঠে নেই বিএনপি। পুলিশের ভয়ে বিএনপি নেতৃবৃন্দ কোনো ধরণের কর্মসূচী পালন করতে পারছেন না। এদিকে সরাইলে মাঝে মাঝে সীমিত আকারে মিছিল বের করা হয়। অবশ্য বুধবার শিক্ষা প্রতিষ্ঠানে হরতালের কর্মসূচী পালনকালে যুবদল ও ছাত্রদল নেতা-কর্মীদের মধ্যে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ ছাত্র ও যুবদলের নেতা-কর্মীদের বিরুদ্ধে মামলা দায়ের করলে দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবি জানিয়ে অন্যথায় আগামী রবিবার অর্ধদিবস হরতাল পালনের ঘোষণা দেওয়া হয়। এদিকে অবরোধ পালিত হচ্ছে না বিজয়নগর উপজেলাতেও। এখানে দলটির কোনো কমিটিই নেই।
এদিকে জেলা সদরে বিএনপি’র আন্দোলন ‘বন্দি’ হয়ে আছে ৫০০-৭০০ গজের মধ্যে। পৌর এলাকার কান্দিপাড়ার মোড় থেকে শিমরাইলকান্দি মোড় পর্যন্তই মিছিল করে বিএনপি। ওই এলাকাতে দিনভরই বিপুল ককটেল ফাটানো হয়। বিএনপি নেতারা অবশ্য ককটেল ফাটানোর বিষয়টি অস্বীকার করেছেন।