এক্স-রে প্রযুক্তির সাহায্যে ধ্রুপদি লেখার পাঠোদ্ধার
আন্তর্জাতিক ডেস্ক : ৭৯ খ্রিষ্টাব্দ। বিস্ফোরিত হয় ইতালির মাউন্ট ভিসুভিয়াস আগ্নেয়গিরি। তপ্ত লাভা, পাথর আর ছাইয়ের নিচে চাপা পড়ে পম্পেই ও হারকিউলানিয়াম নগর। হারিয়ে যায় রোমান সভ্যতার অনেক চিহ্ন। তখনকার পুড়ে যাওয়া কাগজের পাকানো ফালির (স্ক্রল) লেখার পাঠোদ্ধারের জন্য প্রথমবারের মতো থ্রিডি এক্স-রে প্রযুক্তি ব্যবহার করে সাফল্য পেয়েছেন বিজ্ঞানীরা।
হারকিউলানিয়ামের সেই পোড়া স্ক্রলগুলোই ধ্রুপদি যুগের পাঠাগারের একমাত্র নিদর্শন হিসেবে এখনো টিকে আছে। আগ্নেয়গিরির ৩০০ ডিগ্রি সেলসিয়াসের বেশি তাপমাত্রার গ্যাসের সংস্পর্শে এসব স্ক্রল অত্যন্ত নাজুক হয়ে পড়েছে। ফলে সেগুলোর ভাঁজ খুলে পড়ার কোনো সুযোগ নেই। কারণ, তাতে পুরো স্ক্রলটাই গুঁড়ো গুঁড়ো হয়ে নষ্ট হয়ে যেতে পারে। বিজ্ঞানীরা একটি স্ক্রলের অনেক গভীরে ত্রিমাত্রিক (থ্রিডি) এক্স-রে ছবি তোলার প্রযুক্তি ব্যবহার করে বিশেষ একধরনের কালি চিহ্নিত করেছেন। তাঁরা একই পদ্ধতিতে অন্য স্ক্রলগুলোর লেখা অক্ষরগুলো পড়তে পারবেন বলে আশাবাদী। নেচার কমিউনিকেশন্স সাময়িকীতে এ গবেষণা প্রতিবেদন প্রকাশিত হয়েছে।
হারকিউলানিয়ামে ভিসুভিয়াসের ছাইয়ের নিচে চাপা পড়া অনেক স্ক্রলসহ একটি পাঠাগার ১৮ শতকে উদ্ধার করা হয়। কিন্তু ভাঁজ খুলে সেগুলো পড়ার জন্য নানা কৌশল প্রয়োগ করেও তেমন সাফল্য পাওয়া যায়নি। তবে সাম্প্রতিক বছরগুলোতে অবলোহিত রশ্মির (ইনফ্রা-রেড) ক্যামেরার সাহায্যে বেশ কিছু লেখার পাঠোদ্ধার করা সম্ভব হয়েছে। কিন্তু এভাবে অনেক স্ক্রল নষ্ট হওয়ায় এ পদ্ধতি বাদ দেওয়া হয়েছে। আর সিটি স্ক্যান প্রযুক্তি ব্যবহার করে স্ক্রলগুলোর গঠনের ব্যাপারে অনেক তথ্য পাওয়া গেলেও পূর্ণ পাঠোদ্ধার সম্ভব হয়নি।
ইতালির নেপলসে অবস্থিত ন্যাশনাল রিসার্চ কাউন্সিলের ইনস্টিটিউট ফর মাইক্রোইলেকট্রোনিকস অ্যান্ড মাইক্রোসিস্টেমসের (সিএনআর-আইএমএম) গবেষক ভিতো মোসেল্লা সম্প্রতি একটি স্ক্রল থেকে বেশ কিছু গ্রিক বর্ণ শনাক্ত করেছেন। এ ক্ষেত্রে ‘এক্স-রে ফেজ-কন্ট্রাস্ট টোমোগ্রাফি’ নামের একটি কৌশল ব্যবহার করা হয়েছে, যা সাধারণত চিকিৎসাবিদ্যায় বহুল প্রচলিত।
সাধারণ এক্স-রের ছবিতে শুধু কোনো টিস্যুর ভেতর দিয়ে কতটুকু আলো প্রবাহিত হতে পারে, সেটা পরিমাপ করা হয়। কিন্তু নতুন এই প্রযুক্তিতে কোনো বস্তুর মধ্য দিয়ে এক্স-রে রশ্মি প্রবাহের সময় তা কিছুটা পরিবর্তন বা গতি ধীর হলো কি না, পরিমাপ করা হয়। ত্রিমাত্রিক এই প্রযুক্তির ছবিতে অত্যন্ত ছোটখাটো বা সূক্ষ্ম পরিবর্তনগুলোও ধরা পড়ে।
মোসেল্লা ও তাঁর সহযোগীরা সাবধানে একটি স্ক্রল খুবই উজ্জ্বল এক্স-রের সামনে রাখেন, যা দীর্ঘকাল ধরে লুকানো অক্ষরগুলোর কালির রাসায়নিক পরিবর্তন না ঘটিয়ে কেবল কাগজটির ভেতর দিয়ে প্রবাহিত হয়। মোসেল্লা বলেন, ওই কালিতে কার্বন উপাদান রয়েছে এবং তা ছাই মাখানো প্যাপিরাস থেকে তেমন ভিন্ন নয়। সৌভাগ্যবশত, ওই কালিতে প্যাপিরাসের তন্তুগুলো নষ্ট হয়নি। তাই অক্ষরগুলো অক্ষত রয়েছে। কারণ, কালিটা এখনো ওপরে রয়ে গেছে।
মোসেল্লা মনে করেন, ধ্রুপদি পাঠাগারের স্ক্রলগুলোর পূর্ণাঙ্গ পাঠোদ্ধারের জন্য নতুন প্রযুক্তিটি একেবারে নিখুঁত নয়। তাই এটির উন্নয়নের জন্য তাঁরা আরও পরীক্ষা-নিরীক্ষার পরিকল্পনা করেছেন। প্রাচীন যুগের লেখাগুলোর মানে বুঝতে পারলে ব্যাপারটা সত্যিই বেশ আকর্ষণীয় হবে।











