আমি চাই না চিকিৎসা নিতে বাংলাদেশিরা বিদেশে যাকঃ ডা. দেবী প্রসাদ শেঠী
চট্টগ্রাম প্রতিনিধিঃ ভারতের নারায়ণা ইনস্টিটিউট অব কার্ডিয়াক সায়েন্সের প্রতিষ্ঠাতা ও হৃদরোগ বিশেষজ্ঞ ডা. দেবী প্রসাদ শেঠী বলেছেন, চিকিৎসার জন্য প্রতিবছর অনেক বাংলাদেশি পার্শ্ববর্তী দেশসমূহে যাচ্ছেন। যা সবদিক থেকে ক্ষতি। আমি চাই না বাংলাদেশিরা বিদেশে চিকিৎসা নিতে যাক। তাই আমি এদেশে এসেছি একটি মিশন নিয়ে, সেটি হচ্ছে বাংলাদেশে থেকে বিদেশে রোগী যাওয়া বন্ধ করা।
শনিবার সকালে নগরের পাহাড়তলি বিশ্বমানের ইম্পেরিয়াল হাসপাতালের সেবা চালু উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডা. দেবী প্রসাদ শেঠী এসব কথা বলেন।
তিনি বলেন, আমেরিকার চেয়ে এ উপমহাদেশের চিকিৎসক-নার্সরা অনেক প্রতিভাবান। তারা খুবই পরিশ্রমী। সেটি অবশ্যই ইতিবাচক। এ হাসপাতালটি আমি ঘুরে দেখেছি। এটি একটি বিশ্বমানের চিকিৎসাকেন্দ্র। এখানে রয়েছে পর্যাপ্ত সুযোগ-সুবিধা। নিজস্ব চিকিৎসক-নার্সরা রয়েছেন। যেটি অন্যান্য হাসপাতাল থেকে আলাদা করেছে।’
ডা. দেবী শেঠী বলেন, এ হাসপাতাল বাংলাদেশে সঠিক ও উন্নত স্বাস্থ্যসেবার নতুন সংযোজন। এটি প্রতিষ্ঠার ফলে বিদেশে বাংলাদেশি রোগী যাওয়ার প্রবণতা অনেকাংশে কমে আসবে।
তিনি বলেন, চট্টগ্রামে উন্নতমানের স্বাস্থ্য সেবার অপ্রতুলতার কারণে বহু সংখ্যক রোগী বিদেশে যেতে বাধ্য হচ্ছে। ফলে তাদেরকে আর্থিক, শারীরিক এবং মানসিক চাপের মুখে পড়তে হয়। এ অবস্থা থেকে কিছুটা পরিত্রাণের উদ্দেশ্যে চট্টগ্রাম চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ কেন্দ্র ট্রাস্ট একটি আন্তর্জাতিক মানের হাসপাতাল স্থাপনের উদ্যোগ গ্রহণ করে।
এছাড়া বক্তব্য দেন হাসপাতালের কমিশনিং কনসালটেন্ট এডলি হ্যানসন, ব্যবস্থাপনা পরিচালক আমজাদুল ফেরদৌস চৌধুরী। উপস্থিত ছিলেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী, চট্টগ্রামের সিভিল সার্জন ডা. আজিজুর রহমান সিদ্দিকী, চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী একেএম ফজলুল্লাহ প্রমুখ।










