সুচিত্রা সেনের মৃত্যুবার্ষিকীতে শিল্পকলা একাডেমির আয়োজনে
বিনোদন প্রতিবেদক : গতকাল ছিল সুচিত্রা সেনের প্রথম মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় সংগীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে প্রতিদিন বিকেল ৪টা থেকে সুচিত্রা সেন অভিনীত ২টি করে চলচ্চিত্র প্রদর্শনীর মাধ্যমে ১৭ থেকে ১৯ জানুয়ারি, ৩ দিনব্যাপী সুচিত্রা সেন চলচ্চিত্র উৎসব এবং স্মরণ সভার আয়োজন করা হয়েছে। গতকাল স্মরণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্যমন্ত্রী হাছানুল হক ইনু। একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. মোজাম্মেল হক খান ও বিশিষ্ট চলচ্চিত্র নির্মাতা মসিহউদ্দিন শাকের এবং স্বাগত বক্তব্য রাখেন একাডেমির নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগের পরিচালক সারা আরা মাহমুদ ও শুভেচ্ছা বক্তব্য রাখেন একাডেমির সচিব জাহাঙ্গীর হোসেন চৌধুরী। বিকেল ৪টায় প্রদর্শিত হয় উত্তম-সুচিত্রা অভিনীত চলচ্চিত্র ‘শিল্পী’ এবং স্মরণসভা শেষে সন্ধ্যা ৭টায় প্রদর্শিত হয় ‘হারানো সুর’। উল্লেখ্য, গত বছর মহানায়িকা সুচিত্রা সেনের আরোগ্য কামনা করে ‘ট্রিবিউট টু সুচিত্রা সেন’ শিরোনামে শিল্পকলা একাডেমি ৮ থেকে ১৭ জানুয়ারি, ১০ দিনব্যাপী সুচিত্রা-উত্তম অভিনীত চলচ্চিত্র নিয়ে চলচ্চিত্র উৎসব আয়োজন করে। ১৭ জানুয়ারি তিনি মৃত্যুবরণ করলে চলচ্চিত্র উৎসবটি ২৮ জানুয়ারি পর্যন্ত, দিন বর্ধিত করা হয় এবং ২৪ জানুয়ারি একটি স্মরণ সভার আয়োজন করা হয়। এছাড়াও কিংবদন্তী এই অভিনেত্রীর জন্মদিন উপলক্ষে গত ১৮ থেকে ২৬ এপ্রিল, নয় দিনব্যাপী চলচ্চিত্র উৎসবের আয়োজন করা হয়।
বাংলা লোকসঙ্গীতের অন্যতম প্রধান ধারা ‘ভাওয়াইয়া’ গান। জনপ্রিয় এই ধারাটির বিকাশ অব্যাহত থাকলেও এর যথাযথ সংগ্রহ, সংরক্ষণ ও প্রসারের ক্ষেত্রে গুরুত্বের অভাব ও সঠিক পদ্ধতি প্রয়োগের সীমাবদ্ধতা রয়েছে। আলোচ্য বিষয়টি বিবেচনায় রেখে বাংলাদেশ শিল্পকলা একাডেমি নানামুখী উদ্যোগ গ্রহণ করে। এর প্রথম পদক্ষেপ হিসেবে ঢাকায় কেন্দ্রেীয় পর্যায়ে প্রশিক্ষণ বিভাগের ব্যবস্থাপনায় পঞ্চগীতিকবির ভাওয়াইয়া গানের তিন মাসব্যাপী প্রশিক্ষণ কর্মশালা চলছে শতাধিক প্রশিক্ষণার্থী নিয়ে। এছাড়া গত ২ জানুয়ারি বৃহত্তর রংপুর অঞ্চলের ৯টি জেলার বাছাইকৃত, ভাওয়াইয়া শিল্পী, যন্ত্রী ও ভাওয়াইয়া সংগঠনগুলো নিয়ে দিনব্যাপী ভাওয়াইয়া গান পরিবেশন ও সমীক্ষণ অনুষ্ঠিত হয় রংপুর টাউন হল মিলনায়তনে এবং ৩ জানুয়ারি সার্কিট হাউজ সম্মেলন কক্ষে ‘ভাওয়াইয়া গান সংগ্রহ, সংরক্ষণ ও প্রসার কর্মসূচি বিষয়ক গোলটেবিল বৈঠক আয়োজন করা হয় ভাওয়াইয়া শিল্পী, সংগঠক, আলোচক ও গবেষকদের উপস্থিতিতে উক্ত বৈঠকে বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক জনাব লিয়াকত আলী লাকী প্রধান অতিথি এবং প্রশিক্ষণ বিভাগের পরিচালক জনাব মো: শাওকাত ফারুক সভাপতিত্ব করেন।












