বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় গ্যাসের অবৈধ লাইন বসাতে গিয়ে বাঁধার সম্মুখীন ঠিকাদার

imagesবাহারুল ইসলাম মোল্লা : ব্রাহ্মণবাড়িয়ায় বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানী লিমিটেডের নামে দীর্ঘ প্রায় দেড় হাজার ফুট অবৈধ লাইন দিতে গিয়ে এলাকাবাসীর বাঁধার মুখে পড়েন ঠিকাদারের লোকজন। ঘটনাটি ঘটেছে গত শনিবার সকালে সদর উপজেলার নাটাই দক্ষিণ ইউনিয়নের ভাটপাড়া গ্রামে। এ ঘটনায় গ্রামবাসীর মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। অপরদিকে ঠিকাদারের পক্ষে একটি প্রভাবশালী চক্র গ্রামবাসীকে ম্যানেজ করার চেষ্টা করছেন বলে অভিযোগ রয়েছে।
এলাকাবাসী জানান, রাজঘরের আমতলী বাজারের পশ্চিম দিক থেকে ভাটপাড়া মাদ্রাসা পর্যন্ত গ্যাস লাইন বসানোর কাজ চলছে। সম্পূর্ণ অবৈধভাবে কোন ধরনের নিয়মনীতির তোয়াক্কা না করেই রাস্তা খুড়ে ট্রেন্স করার কাজ চলছে। কিন্তু বিপত্তি বাঁধে এক ইঞ্চি পাইপ বসানোর পরিকল্পনা নিয়ে। গ্রামবাসী চায় নুন্যতম ২ ইঞ্চি পাইপ দিয়ে গ্যাসের সংযোগ। এজন্য গত শনিবার গ্রামবাসী কাজে বাঁধা দেয়।
রাজঘর গ্রামের বাসিন্দা ও সদর উপজেলা যুবলীগ নেতা মোঃ হাবিবুর রহমান বলেন, আমতলী বাজারের পশ্চিম দিক থেকে ভাটপাড়া মাদ্রাসা পর্যন্ত গ্যাস লাইন টানা হলে এই লাইন থেকে নুন্যতম দুই শতাধিক বাড়িতে গ্যাস নেওয়া হবে। ১ ইঞ্চি পাইপ দেওয়া হলে গ্যাসের চুলায় চাপ থাকবেনা। তিনি বলেন, বর্তমানে অবৈধভাবে পাইপ বসানোর চেষ্টা চলছে। আমরা চাই ২ ইঞ্চি পাইপ দিয়ে বৈধভাবে গ্যাস সংযোগ দেওয়া হোক। তিনি বলেন, মেসার্স সায়মা এন্টারপ্রাইজের নামে ঠিকাদার মাহিন খন্দকার ও আবুল বাশার গ্যাস লাইন বসানোর কাজ করছেন। এ ব্যাপারে ইউপি সদস্য সুরুজ মিয়া বলেন, আমরা গ্রামবাসী গ্যাস চাই, তবে তা হতে হবে  বৈধভাবে। তিনি বলেন, শনিবার এক ইঞ্চি পাইপ বসানোর চেষ্টা হয়েছিল, গ্রামবাসীর বাঁধার মুখে পাইপ বসাতে পারেনি। তিনি বলেন, ১ ইঞ্চি পাইপ দিয়ে প্রায় দেড় হাজার ফুট লাইন বসাতে দেওয়া হবে না।
নাম প্রকাশে অনিচ্ছুক গ্রামের একাধিক ব্যক্তি জানান, শুধু এই লাইনটিই নয়, এই গ্রামে প্রচুর অবৈধ সংযোগ দেওয়া হয়েছে।
এ ব্যাপারে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানী লিমিটেড ব্রাহ্মণবাড়িয়ার ডিজিএম মোঃ খায়রুল ইসলাম বলেন, এটি সম্পূর্ণ অবৈধ লাইন। তিনি বলেন, খোঁজ নিয়ে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
এ ব্যাপারে ঠিকাদার মাহিন খন্দকারের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করলে এই কাজের সাথে তিনি জড়িত নয় বলে দাবি করেন।
এদিকে সরজমিনে দেখা গেছে আমতলী বাজারে পশ্চিম কোনা থেকে ভাটপাড়া মাদ্রাসার একটু পূর্ব পর্যন্ত রাস্তার উত্তর পাশে মাত্র ১ ফুট গভীর করে ট্রেন্স কাটছে ঠিকাদারের লোকেরা।