ব্রাহ্মণবাড়িয়ায় ১২ ফ্যাক্টরীর অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : উচ্চ আদালতের নির্দেশে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মজলিশপুর ইউনিয়নের ১২ ফ্যাক্টরীর অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে ভ্রাম্যমান আদালত। গতকাল শনিবার সকালে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ জহিরুল হকের নেতৃত্বে গঠিত ভ্রাম্যমান আদালত সদর উপজেলার মজলিশপুর ইউনিয়নের বাকাইল, আনন্দপুর ও শ্যামপুর গ্রামে অভিযান চালিয়ে ১১টি চুন ফ্যাক্টরী ও ১টি বেকারীর গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে।
এ সময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ডঃ আশরাফুল আলম, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবুল হাসনাত মোর্শেদ ভূইয়া, বাখরাবাদ গ্যাস ডিষ্ট্রিবিউশন লিমিটেডে’র ব্রাহ্মণবাড়িয়ার উপ-ব্যবস্থাপক মোঃ শাহানুল আলম ও মজলিশপুর ইউপি চেয়ারম্যান তাজুল ইসলামসহ বিপুল সংখ্যক পুলিশ উপস্থিত ছিলেন।
এলাকাবাসী জানান, তিতাস গ্যাস ফিল্ডের ৩নম্বর কুপের ত্র“টির কারনে গত ২০০৬ সাল থেকে মজলিশপুর ইউনিয়নের তিতাস নদীর তলদেশসহ নদীর পশ্চিম পাড়ের বাকাইল গ্রাম, পূর্বপাড়ের শ্যামপুর এবং আনন্দপুর গ্রামের ফসলী জমির বিভিন্ন স্থান থেকে গ্যাস লিকেজ শুরু হয়। স্থানীয়রা একে পকেট ও উড়াল গ্যাস বলে ডাকে। গ্রামের লোকজন বিশেষ কায়দায় বিভিন্ন জমি ও নলকূপ দিয়ে বের হওয়া গ্যাস চিকন পাইপের মাধ্যমে বাড়িতে নিয়ে রান্নার কাজে ব্যবহার করছেন।
২০১১ সালের প্রথম দিকে স্থানীয়রা এই উড়াল গ্যাসের সাহায্যে গ্রামে গড়ে তুলে বেশ কয়েকটি বেকারী ও চুন ফ্যাক্টরী। ২০১১ সালের শেষ দিকে সিলেট জেলার ছাতকের জনৈক ব্যবসায়ী বিপজ্জনক এই গ্যাস ব্যবহারের বিরুদ্ধে মহামান্য হাইকোর্টে রীট করলে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসন এসব ফ্যাক্টরীর গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে দেয়।
গত মাস খানেক আগে পুনরায় ইউনিয়নের বাকাইল, শ্যামপুর ও আনন্দপুর গ্রামে কয়েকটি চুন ফ্যাক্টরী ও বেকারী গড়ে তুললে মহামান্য হাইকোর্টের নির্দেশে গতকাল শনিবার সকালে জেলা প্রশাসন ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ১১টি চুন ও ১টি বেকারীর গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে দেয়।
বিজিএফসিএল সূত্রে জানা গেছে, ২০০৩ সালে ব্রাহ্মণবাড়িয়ার ৩নং গ্যাস ফিল্ডের কূপে সমস্যা দেখা দেয়। ওইসময় প্রায় ২হাজার ফুট মাটির নিচে দিয়ে গ্যাস লিকেজ হয়। পরে অবশ্য সিমেন্টেশন পদ্ধতির মাধ্যমে এই কূপের গ্যাস লিকেজ বন্ধ করা হয়। ২০০৬ সালে কুপ থেকে বের হওয়া গ্যাস গ্রামের বিভিন্ন দিক দিয়ে বেরোতে থাকে।











