বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ফুঁসে উঠেছে সাংবাদিক সমাজ ॥ আসামীরা অধরা

NasirFardusUjjalআমিরজাদা চৌধুরীব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার পূর্ব মেড্ডা আঞ্চলিক পাসপোর্ট অফিসের অচলাবস্থার খবর সংগ্রহ করতে গিয়ে সন্ত্রাসী নাসির বাহিনীর হামলায় দেশ টিভির জেলা প্রতিনিধি মাসুকুর রহমান হৃদয় সহ তিন সাংবাদিক আহত হওয়ার ঘটনায় থানায় মামলা হলেও এখন পর্যন্ত কোন আসামীকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। গত ১২ জানুয়ারি সোমবার তাদের উপর হামলা করা হয়। ছিনিয়ে নেওয়া সহ সাংবাদিকদের ক্যামেরা ও ল্যাপটপ। এদিকে ঘটনার পর ৫ দিন পেরিয়ে গেলেও কোন আসামী গ্রেপ্তার না হওয়ায় সাংবাদিক সমাজের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। ইতিমধ্যেই সন্ত্রাসী হামলার নিন্দা জানিয়ে অবিলম্বে সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন বিজয়নগর প্রেসক্লাব, নবীনগর প্রেসক্লাব ও কসবা উপজেলা প্রেসক্লাব নেতৃবৃন্দ। পৃথক বিবৃতিতে অবিলম্বে সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন আখাউড়ার পৌর মেয়র তাকজিল খলিফা কাজল। এদিকে সাংবাদিকদের উপর সন্ত্রাসী হামলার নিন্দা জানিয়ে অবিলম্বে সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন দৈনিক কালের কণ্ঠের জেলা প্রতিনিধি বিশ্বজিৎ পাল বাবু, দৈনিক মানবকণ্ঠের জেলা প্রতিনিধি সমীর চক্রবর্তী, নবীনগর প্রেসক্লাবের নব নির্বাচিত সভাপতি আবু কামাল খন্দকার ও নাসিরনগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আকতার হোসেন ভূঁইয়া। এদিকে গত শুক্রবার দুপুরে আমাদের ব্রাহ্মণবাড়িয়া ডট কমের প্রতিনিধি সম্মেলনে সাংবাদিকরা অবিলম্বে সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবি জানান। প্রতিনিধি সম্মেলনে সাংবাদিকরা অভিযোগ করে বলেন, সন্ত্রাসীরা প্রকাশ্যে ঘুরে বেড়ালেও রহস্যজনক কারণে তাদেরকে গ্রেপ্তার করছে না। এ ব্যাপারে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকুল চন্দ্র বিশ্বাস বলেন, সন্ত্রাসীদের গ্রেপ্তারে অভিযান চলছে। জানা গেছে, গত ১২ জানুয়ারি সোমবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার পূর্ব মেড্ডা আঞ্চলিক পাসপোর্ট কার্যালয়ে খবর সংগ্রহ করতে যায় তিন সাংবাদিক। এ সময় পাসপোর্ট অফিসে থাকা দালাল ও সন্ত্রাসীরা সাংবাদিকদের উপর হামলা করে। সন্ত্রাসীরা সাংবাদিক মাসুকুর রহমান হৃদয়ের ল্যাপটপ ও ক্যামেরা ছিনিয়ে নেয়। এ ঘটনায় ওই দিন রাতেই আহত সাংবাদিক মাসুক হৃদয় বাদী হয়ে তিন দালালের নাম উল্লেখপূর্বক সহ অজ্ঞাতনামা আরো ৩/৪ জনকে আসামী করে মামলা দায়ের করেন। মামলার আসামীরা হলেন- শহরের পূর্ব মেড্ডার নিজাম উদ্দিনের ছেলে ও জেলা ছাত্রলীগের সভাপতি মোঃ মাসুম বিল্লাহ’র বড় ভাই নাছির মিয়া-(৩৩), একই এলাকার ঝন্টু মিয়ার ছেলে উজ্জল মিয়া-(২৭) ও একই এলাকার আব্দুল আহাদের ছেলে ফেরদৌস- মিয়া (২৮)। আসামীরা  সবাই শহরের চিহ্নিত সন্ত্রাসী এবং সদর থানায় তাদের প্রত্যেকের বিরুদ্ধে একাধিক চুরি ও ছিনতাইয়ের মামলা রয়েছে। মামলার এজাহারে বলা হয়, গত ৩০ ডিসেম্বর ব্রাহ্মণবাড়িয়ার আঞ্চলিক পাসপোর্ট কার্যালয়ে বৈদ্যুতিক শর্টসার্কিটে এমআরপি (মেশিন রিডেবল পাসপোর্ট) সার্ভার স্টেশন নষ্ট হয়ে  গেলে কার্যালয়ে পাসপোর্ট কার্যক্রম বন্ধ রয়েছে। এ বিষয়ে খবর সংগ্রহ  করতে পাসপোর্ট অফিসে যান দেশ টিভির ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি মাসুক হৃদয়, ইনডিপেনডেন্ট টেলিভিশনের ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ও মানবজমিন-এর নিজস্ব প্রতিবেদক জাবেদ রহিম এবং স্থানীয় দৈনিক সরোদ-এর নিজস্ব প্রতিবেদক শফিকুল ইসলাম স্বপন। এ সময় কার্যালয়ের ভেতরে থাকা চিহ্নিত দালাল ও সন্ত্রাসী নাসির মিয়া দলবল নিয়ে মাসুক হৃদয়ের ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় নাসির মিয়া মাসুক হৃদয়ের মাথায় পিস্তলের বাঁট দিয়ে আঘাত করাসহ মারধর করে। হামলায় নেতৃত্বদানকারী নাসির মিয়া মাসুকের বুকে পিস্তল ঠেকিয়ে হত্যার হুমকিও দেয়। তখন অপর দুই সাংবাদিক শফিকুল ইসলাম স্বপন এবং জাবেদ রহিম বিজন তাঁকে বাঁচাতে এগিয়ে গেলে তাঁরাও হামলার শিকার হন। দালালরা মাসুক হৃদয়ের ক্যানন ৬০ ডি মডেলের ডিএসএলআর ক্যামেরা, ল্যাপটপ ও মুভি ক্যামেরা ছিনিয়ে নেয়। পরে সাংবাদিকরা হামলাকারীদের হাত থেকে বাঁচতে কার্যালয়ের সহকারী পরিচালকের কক্ষে গিয়ে আশ্রয় নেন তিনি। খবর  পেয়ে পুলিশ ও অন্য সাংবাদিকেরা গিয়ে তিন সাংবাদিককে উদ্ধার করেন। পরে আহত তিন সাংবাদিক ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে চিকিৎসা নেন।