পুলিশের উদার ভাব,৫ দিন পর মাঠে ব্রাহ্মণবাড়িয়া বিএনপি
আমিরজাদা চৌধুরী : টানা অবরোধের গত ৫ দিন মাঠে দেখা যায়নি ব্রাহ্মণবাড়িয়া বিএনপি’র নেতাকর্মীদের। শহরের ভেতর যানবাহন চলাচলও ছিলো স্বাভাবিক। রোববার সকালে শহরের প্রধান সড়কে একটি মিছিল করে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। মিছিলটি পুলিশের নিরবতায় সড়কের দেড়-দু’শ গজ দূরত্ব হাটার সুযোগ পায়। মিছিলে অংশগ্রহনকারী জেলা বিএনপি’র শীর্ষ নেতাসহ অধিকাংশ নেতাকর্মী পুলিশ এ্যাসল্ট মামলার আসামী হলেও পুলিশ তাদের আটক করার চেষ্টা করেনি। প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল ১১ টার দিকে শহরের টিএরোডের রেলগেট এলাকা থেকে কয়েক’শ নেতকর্মী-সমর্থকের এই বিক্ষোভ মিছিলটি বের হয়। এর নেতৃত্বে ছিলেন জেলা বিএনপি’র সভাপতি হাফিজুর রহমান মোল্লা ও সাধারণ সম্পাদক জহিরুল হক খোকন। মিছিলটি সেখান থেকে এক-দেড়’শ গজ দূরত্ব পেড়িয়ে শহরের কালীবাড়ি মোড় এলে পুলিশ একপাশে অবস্থান নিয়ে মিছিলটিকে পাওয়ার হাউজ রোডে পাঠিয়ে দেয়। মিছিলটি বের হওয়ার পরই আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঐ রোডের ব্যবসায়ীসহ পথচারী সবাই আশঙ্কা করছিলেন সংঘর্ষ বাধবে বলে। তবে পুলিশ নরম অবস্থানে থাকায় কোন ঘটনা ঘটেনি। মিছিলের অগ্রভাগে থাকা নেতাকর্মীরা ইতিপূর্বে গ্রেফতারকৃত কয়েক নেতার মুক্তি দাবী করে ছাপানো পোষ্টার বহন করেন। তারা তাদের মুক্তি দাবী করে স্লোগান দেন। উল্লেখ্য,গত ৪ ও ৫ ই জানুয়ারী ব্রাহ্মণবাড়িয়া শহর ও কসবায় বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশ ও আওয়ামীলীগের সংঘর্ষ,ধাওয়া পাল্টা ধাওয়া এবং সেসময় ককটেল বিস্ফোরনের ঘটনায় মোট ৬ টি মামলা হয়। এরমধ্যে জেলা শহরের ঘটনায় হয় ৪ টি মামলা।এসব মামলায় আসামী করা হয় হাজারের মতো বিএনপি দলীয় নেতাকর্মী-সমর্থককে।এরমধ্যে জেলা বিএনপি’র সভাপতি ও সাধারণ সম্পাদকসহ এজাহারনামীয় আসামী ৩০৫ জন। অজ্ঞাত আসামী করা হয়েছে আরো ৪/৫’শ জনকে। সব কটি মামলাই পুলিশ এ্যাসল্ট মামলা। পুলিশ শহর বিএনপি’র সভাপতি শফিকুল ইসলামসহ বেশ কয়েকজন নেতাকে গ্রেফতার করে এসব মামলার আসামী হিসেবে। মামলা এবং ঐ নেতারা গ্রেফতার হওয়ার পরই গা ডাকা দেন জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।তারাই নির্বিঘে আবার মিছিল করেন। এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার এএসপি তাপস রঞ্জন ঘোষ সাংবাদিকদের বলেন মিছিলটি ছিলো ঝটিকা । তিনি জানান, নাশকতার অভিযোগে শহরের বিভিন্ন এলাকা থেকে ৬ জনকে আটক করা হয়েছে।এদিকে রোববারও শহরে যানবাহন চলাচল ছিলো স্বাভাবিক।











