ফের চাঙ্গা মালয়েশিয়ায় মানবপাচার
প্রবাস ডেস্ক।। উখিয়া সাগর উপকূলীয় এলাকায় মানব পাচার ফের চাঙ্গা হয়ে উঠেছে। রোহিঙ্গাকেন্দ্রিক জালিয়াপালং ইউনিয়নের উপকূলে চিহ্নিত মানব পাচারকারীরা তাদের বাড়িতে রেখে সুযোগ বুঝে সাগরপথে রোহিঙ্গাদের মালয়েশিয়ায় পাচারের নামে নৌকায় তুলে দিচ্ছে। গত মঙ্গলবার দিবাগত রাত ১১টার দিকে স্থানীয় গ্রামবাসীর খবরের ভিত্তিতে উখিয়া থানা পুলিশ জালিয়াপালং ইউনিয়নের মানবপাচারের টার্নিং পয়েন্ট ও লম্বরী পাড়াস্থ মানবপাচারকারী চক্রের গডফাদার তাবাইয়ার বাড়িতে অভিযান চালিয়ে ২৪ জন রোহিঙ্গা নারী, পুরুষ, শিশুকে উদ্ধার করেছে। গতকাল সকালে উখিয়া থানায় গিয়ে দেখা যায়, উদ্ধার করা রোহিঙ্গা নারী, পুরুষ গেস্ট রুমে জড়োসড়ো হয়ে বসে আছে।
এদের আত্মীয় পরিচয়দানকারী কুতুপালং ক্যাম্পে এক রোহিঙ্গা যুবক মিজানুর রহমান (২৫) জানায়, ৫ দিন আগে টেকনাফের হ্নীলা জাদিমোরা ঘাট দিয়ে এপাড়ে এসেছে তার খালাম্মা গুলমেহের (৬০), খালাতো ভাই আব্দুল সালাম (২০), খালাতো বোন রফিকা বেগম (১৮), আমিনা খাতুন (১৫), সিরাজুল ইসলাম (১২)সহ ৫ সদস্যের এক পরিবার। তাদের বাড়ি মিয়ানমারের বুচিডং পুইমালি গ্রামে। গুলমেহের জানায় তার স্বামী মোহাম্মদ কাশেমকে রাখাইন সন্ত্রাসীরা মেরে ফেলেছে। বাড়িঘর আগুন দিয়ে পুড়িয়ে ফেলেছে। প্রাণ বাঁচাতে গত ১০ই মে রাতে হ্নীলা জাদিমোরা ঘাট দিয়ে এপাড়ে এলে তাবাইয়া নামের এক ব্যক্তি তাদের মালয়েশিয়া পাঠানোর কথা বলে লম্বরীপাড়াস্থ তার বাড়িতে ৫দিন রাখে।
উখিয়া থানার অফিসার ইনচার্জ মো. আবুল খায়ের জানান, উদ্ধার করা রোহিঙ্গাদের মাঝে ১১ জন মহিলা মেয়ে শিশু ২ জন, ছেলে শিশু ৩ জন ও আটজন পুরুষ। রোহিঙ্গাদের সাথে কথা বলার সময় অফিসার ইনচার্জকে একাধিক রোহিঙ্গা তাবাইয়ার কথা বলতে শোনা গেছে। উল্লেখ্য, ২০১২ সালে উখিয়ার উপকূলীয় বিভিন্ন পয়েন্ট দিয়ে স্থানীয় দালালের মাধ্যমে যেভাবে সাগর পথে মানবপাচার হয়েছে বর্তমান সময়ের প্রেক্ষাপট এরই জ্বলন্ত উদাহরণ বলে উপকূলীয় মানব পাচার কমিটির সভাপতি মো. আবুল কাশেম সাংবাদিকদের জানিয়েছেন।










