দিনাজপুর বোর্ডে এগিয়ে মেয়েরা,জিপিএ-৫ প্রাপ্তিতে ছেলেরা
রংপুর প্রতিনিধি : দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে রংপুর বিভাগের আট জেলায় চলতি ২০১৯ সালের এসএসসি পরীক্ষায় পাশের হার ৮৪ দশমিক ১০ শতাংশ, আর জিপিএ-৫ পেয়েছে ৯ হাজার ২৩ জন শিক্ষার্থী। গত বছরের তুলনায় এবার রংপুর বিভাগে পাশের হার বাড়লেও কমেছে জিপিএ-৫ এর সংখ্যা। এবারে পাশের হারে মেয়েরা এগিয়ে থাকলেও জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে রয়েছে ছেলেরা।
দিনাজপুর শিক্ষাবোর্ড সূত্রে জানা যায়, চলতি বছরে দিনাজপুর শিক্ষাবোডের অধীনে রংপুর বিভাগের আট জেলায় ২ হাজার ৬৩০টি শিক্ষা প্রতিষ্ঠানের ১ লাখ ৯৮ হাজার ৮০৫ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে। এর মধ্যে ১ লাখ ৬৬ হাজার ১৩৫ জন শিক্ষার্থী পাশ করেছে। মোট পাশের হার ৮৪ দশমিক ১০ শতাংশ। এর মধ্যে মেয়েদের পাশের হার ৮৫ দশমিক ৬৬ শতাংশ আর ছেলেদের পাশের হার ৮২ দশমিক ৬৩ শতাংশ। এবারে জিপিএ-৫ পেয়েছে ৯ হাজার ২৩ জন শিক্ষার্থী। এর মধ্যে ছাত্রর সংখ্যা ৪ হাজার ৮৪১ জন ও ছাত্রীর সংখ্যা ৪ হাজার ১৮২ জন।গত বছরে এই বোর্ডে পাশের হার ছিল ৭৭ দশমিক ৬২ শতাংশ আর জিপিএ-৫ পেয়েছিল ১০ হাজার ৭৫৫ জন। তবে গত বছরে পরীক্ষার্থীর সংখ্যা বেশি ছিল, গত বছরে পরীক্ষার্থী ছিল ১ লাখ ৮৭ হাজার ৬৩৮ জন। আর পাশ করেছিল ১ লাখ ৪৪ হাজার ৮৭৬ জন।
দিনাজপুর শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর তোফাজ্জুর রহমান জানান, এবারে কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলার দাসিয়ার ছড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের কোন শিক্ষার্থী পাশ করতে পারেনি। গত বছরে যার সংখ্যা ছিল ৫টি। আর শতভাগ পাশকরা বিদ্যালয়ের সংখ্যা ১৩৮টি, গত বছরে যার সংখ্যা ছিল ৮৪টি। এতেই প্রতিয়মান হয় এবারে দিনাজপুর শিক্ষাবোর্ডের ফলাফল ভাল। বিদ্যালয়গুলোতে মনিটরিং ব্যবস্থা জোরদার করা, পরিদর্শন ও বিভিন্ন প্রশিক্ষণ প্রদান করায় ফলাফল ভাল হচ্ছে।
এই ধারা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন তিনি।প্রাপ্ত ফলাফলে জানা যায়, চলতি বছরের এসএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগের ফলাফল ভাল। বিজ্ঞান বিভাগে পাশের হার ৯৩ দশমিক ৮৯ শতাংশ, মানবিক বিভাগে পাশের হার ৭৫ দশমিক ৪৩ শতাংশ ও বাণিজ্য বিভাগে পাশের হার ৮৬ দশমিক ৪৭ শতাংশ। আর সব বিভাগেই পাশের হারে ছেলেদের চেয়ে মেয়েরা ভাল করেছে। মেয়েদের পাশের হার ৮৫ দশমিক ৬৬ শতাংশ আর ছেলেদের পাশের হার ৮২ দশমিক ৬৩ শতাংশ। এবারে পরীক্ষায় অসদুপায় অবলম্বন করায় ৪৪ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়।










