বছরের প্রথম নাটকে মিলন-রিচি
বিনোদন প্রতিবেদক :জনপ্রিয় অভিনেতা আনিসুর রহমান মিলন বর্তমানে চলচ্চিত্রে এতটাই ব্যস্ত হয়ে উঠেছেন যে নাটক কিংবা টেলিফিল্মে অভিনয় করার সময় হয়ে উঠছে না তার। তবে বিশেষ বিশেষ দিবসে ভাল কোন স্ক্রিপ্ট পেলে তিনি চেষ্টা করেন নাটকে অভিনয় করতে। ঠিক তেমনি আসছে ২৬শে মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে একটি নাটকে কাজ করছেন মিলন। নাটকের নাম ‘চোখের জলে’। নাটকটি রচনা ও পরিচালনা করছেন চয়নিকা চৌধুরী। এ নাটকে স্বামী-স্ত্রীর ভূমিকায় অভিনয় করছেন আনিসুর রহমান মিলন ও রিচি সোলায়মান। মজার বিষয় হলো, ২০১৪ সালে মিলন ও রিচি অভিনীত প্রথম নাটক ছিল চয়নিকা চৌধুরীরই নির্দেশনায়। চলতি নতুন বছরেও মিলন-রিচি প্রথম অভিনয় করছেন চয়নিকারই নাটকে। উল্লেখ্য, আসছে স্বাধীনতা দিবসে নাটকটি একটি স্যাটেলাইট চ্যানেলে প্রচার হবে। চয়নিকা চৌধুরীর নির্দেশনায় রিচি-মিলন প্রথম অভিনয় করেন ২০০৭ সালে ‘যে ভুলে তোমায় ভুলি’ নাটকে। এরপর ‘রূপকথার বেহালা’, ‘একজন এসেছিলো’, ‘ও পাশে বরফ ডানা’সহ আরও বেশ কিছু নাটকে অভিনয় করেন।
এদিকে মিলন অভিনীত যে চলচ্চিত্রগুলোর কাজ প্রায় শেষ সেগুলো হচ্ছে অনন্য মামুনের ‘ব্ল্যাকমেইল’, ইফতেখার চৌধুরীর ‘ওয়ান ওয়ে’, শাহ আলম মণ্ডলের ‘ভালবাসা সীমাহীন’ ও হাবিবুল ইসলাম হাবিবের ‘রাত্রির যাত্রী’। এদিকে রিচি অভিনীত ধারাবাহিক নাটক গোলাম সোহরাব দোদুল পরিচালিত ‘হল্লাবাজি’ বাংলাভিশনে এবং রুলীন রহমানের ‘মায়ার খেলা’ আরটিভিতে প্রচার হচ্ছে।











