ভাগ্য ফেরাতে মাকে হত্যা
আন্তর্জাতিক ডেস্ক :ভাগ্য ফেরাতে এক নারী তান্ত্রিকের কাছে নিজেদের মাকে তুলে দেন দুই ভাই। তান্ত্রিকের নির্দেশে দুই সন্তানের সামনেই বুধাবাই দোরি নামের ৬৫ বছর বয়সি মাকে পিটিয়ে হত্যা করা হয়।
কয়েকদিন আগে ভারতের নাশিক এলাকায় এ ঘটনা ঘটলেও স্থানীয় ভাগওয়ান মাধে নামের এক সমাজকর্মী পুলিশকে জানান গত কয়েক দিন আগে। পুলিশ নাশিক এলাকা থেকে তান্ত্রিক বাচ্চি বাই নারায়ন খাদকিসহ ১০জনকে গ্রেফতার করেছে।
হিন্দুস্তান টাইমস জানায়, নারী তান্ত্রিকের সাথে কাশিনাথ এবং গোভিন্দর নামের দুই ভাইয়ের যোগাযোগ হয় তাদের বোন রাহিবাই পিঙ্গলের পরামর্শে। তান্ত্রিক খাদকি তাদেরকে বলেন, ভাগ্যের পরিবর্তনের জন্য তাদের মা ও বোনের জীবন দিতে হবে। পরিবারের দুইজনের ত্যাগের মাধ্যমে দুই ভাইয়ের সৌভাগ্য আসবে।
এতে প্রলুব্ধ হয়ে কাশিনাথ এবং গোভিন্দর তার মা বুধাবাই এবং বোন রাহিবাইকে নিয়ে তান্ত্রিকের কাছে যান। তান্ত্রিকের লোকজন তাদের সামনেই মাকে পিটিয়ে হত্যা করে। তবে পিটুনি সহ্য করতে না পেরে আখড়া থেকে পালিয়ে আসেন বোন।
পরে মায়ের মৃত দেহ থেকে চোখ ওপড়ে ফেলে আখড়ার পাশেই মাটিতে পুতে ফেলা হয়। ঘটনা প্রকাশ হলে ঘটি পুলিশ তান্ত্রিক ও সহযোগিদের গ্রেফতার করে। সহকারি পুলিশ ইন্সপেক্টর সুরেশ মানোরি মঙ্গলবার গণমাধ্যমকে বলেন, নাশিকের উপজাতি অধ্যুষিত এলাকায় এ ঘটনাটি ঘটেছে। সেখানে অনেক সময় দিওয়ালি উৎসবেও এমন নৃশংস বলি দেয়া হয়।
এর আগেও এক মহিলাকে হত্যা করা হয়েছে বলে সোমবার পুলিশের কাছে স্বীকার করেন গ্রেফতারকৃত তান্ত্রিক বাচ্চি বাই নারায়ন খাদকি। তার স্বীকারোক্তির পর মঙ্গলবার বুধাবাইয়ের সন্তান কাশিনাথ ও গোভিন্দকেও গ্রেফতার করা হয়। মাকে হত্যা করে তারা ভালো নেই বলেও পুলিশের কাছে জানান দুই ভাই।
এ ঘটনায় ভারতীয় দণ্ডবিধীর অধীনে মামলা দায়ের করা হয়েছে। আজ বুধবার পুলিশের ডিস্ট্রিক্ট সুপারিনটেনডেন্ট সঞ্জয় মোহিত ঘটি পুলিশ স্টেশন পরিদর্শনে যান।











