ফখরুল ইসলাম আলমগীর ও বিএনপি আওয়ামীলীগের এজেন্ট-তোফায়েল আহমেদ
আমিরজাদা চৌধুরী : আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য বানিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব মীর্জা ফখরুল ইসলাম আলমগীরসহ তাদের দলের সবাই আওয়ামীলীগের এজেন্ট। তিনি সোমবারের হরতালে ঢাকা ও লক্ষীপুরের ঘটনার বিষয়ে মির্জা ফখরুলের দেয়া বক্তব্যের জবাবে বলেন ফখরুল প্রত্যেক দিনই মিথ্যাচার করেন। তিনি বলেছেন এটা আওয়ামীলীগের এজেন্টদের কাজ। তাই যদি হয় তাহলে আমি বলবো ফখরুলসহ বিএনপি’র সবাই আওয়ামীলীগের এজেন্ট। সোমবারের হরতালে মানুষ মারার কাজ এই এজেন্টরাই করেছেন। এই এজেন্টদের দিয়ে বিএনপি’র আন্দোলনে সফলতা আসবে না বলেও মত ব্যক্ত করেন তিনি। গতকাল ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামীলীগের সম্মেলনে প্রধান অতিথির ব্কৃতায় এসব কথা বলেন তোফায়েল আহমেদ। তিনি আরো বলেন ছাত্রলীগের কর্মসূচী মোকাবেলা করার ক্ষমতা বিএনপি’র নেই। ছাত্রলীগের এই কর্মসূচীর কারনে খালেদা জিয়া গাজীপুরে যাওয়ারই সাহস পাননি। তিনি যদি সত্যিকারের নেতা হতেন তাহলে সেখানে যেতেন এবং আইনশৃঙ্খলা বাহিনী যেখানে বাধা দিতো সেখানেই সমাবেশ করতেন। তা না করে হরতাল দিয়েছেন।
তিনি বলেন ৫ ই জানুয়ারীর নির্বাচনের আগে আমরা বারবার বিএনপিকে সংলাপের আহবান জানিয়েছি। কিন্তু তারা সংলাপে না এসে দিয়েছি আলটিমেটাম। গনভবনে যখন আসতে বলেছি তারা দিয়েছে হরতাল অবরোধ্।কিন্তু এখন তারা সংলাপের জন্যে এতিমের মতো ঘুরছেন। এখন আর কোন সংলাপের সম্ভাবনা নেই। ২০১৯ সালের ২৯ শে জানুয়ারী এই সরকারের মেয়াদ শেষ হবে। এর আগে ৯০ দিনের মধ্যে কোন একসময়ে নির্বাচন হবে। তিনি বলেন এক মেজর চট্টগ্রামে বসে কি বললেন তাতেই দেশ স্বাধীন হয়ে গেছে। খালেদা বলেন আমরা নাকি গঙ্গারপাড়ে বসে আনন্দ করেছি। আর তিনি যুদ্ধ করেছেন পাকিস্তান আর্মির সঙ্গে অফিসার মেসে। তিনি খালেদার পুত্র তারেক জিয়া পালিয়ে বিদেশ আছেন। আমরা কিন্তু পালিয়ে থাকিনি। দেশে এসেছি। পুলিশ বিমানবন্দর থেকে গ্রেফতার করে কারাগারে নিয়ে গেছে।
স্থানীয় পৌর মুক্ত মঞ্চে অনুষ্ঠিত এই সম্মেলনে বিশেষ অতিথির ব্কৃতায় আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী এডভোকেট আনিসুল হক বলেন খালেদা জিয়া বাংলাদেশকে ধ্বংস করার পরিকল্পনা করছেন।
আর খাদ্যমন্ত্রী এডভোকেট কামরুল ইসলাম বলেন জানুয়ারী মাসে রাজপথ আওয়ামীলীগের দখলে থাকবে। বিএনপিকে মাঠে নামতে দেয়া হবেনা। আমরা সকল অপরাধের বিচার করছি। ২০১৩ সালের শেষের দিকে তারা যে পরিস্থিতি করেছিলো সে অবস্থা আবার করতে চাইছে। তা আর করতে দেয়া হবেনা। কোন অবস্থাতেই তাদেরকে আর ছাড় দেয়া হবেনা। তারেক বিদেশ থেকে আর খালেদা ফখরুল দেশে বসে একই ভাষায় কথা বলছেন। দেশের রাজনীতিকে কলুষিত করছেন। দেশে সুস্থ রাজনীতির চর্চার কারনে আজকে তাদের বিদেয় করতে হবে। তিনি বলেন বিএনপি’র সাংগঠনিক ক্ষমতা নেই। জনগন এর সাথে তাদের কোন সম্পৃক্ততা নেই। আন্দোলনের নামে তারা সন্ত্রাস করে। আসলে বিএনপি কাগুজে বাঘে পরিনত হয়েছে। আর সাংবাদিকরাই তাদেরকে বাচিয়ে রেখেছে।
আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক সাবেক মন্ত্রী আবদুল মতিন খসরু বলেন ৫ ই জানুয়ারীর নির্বাচন নিয়ে কথা বলা অবৈধ-অসাংবিধানিক। সাবেক প্রতিমন্ত্রী ক্যাপ্টেন অব: এ বি তাজুল ইসলাম বলেন আওয়ামীলীগের ছাত্রসংগঠনের হুমকীর কাছে মাথা নত করে খালেদা জিয়া গাজীপুরে যাননি।
দীর্ঘ ১০ বছর পর ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামীলীগের সম্মেলন অনুষ্টিত হলো।
জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট সৈয়দ একেএম এমদাদুল বারীর সভাপতিত্বে সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সুজিত রায় নন্দী, সংসদ সদস্য র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী ফয়জুর রহমান বাদল ও ফজিলাতুন্নেছা বাপ্পী প্রমুখ।
সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরীকে সভাপতি,পৌর মেয়র হেলাল উদ্দিনকে ১ নম্বর সহ-সভাপতি ও আল মামুন সরকারকে সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ প্রশাসক সৈয়দ এ কে এম এমদাদুল বারীকে ১ নম্বর সদস্য করে জেলা আওয়ামীলীগের নতুন কমিটি ঘোষনা করা হয়। পূর্নাঙ্গ কমিটি এক সপ্তাহ পর হবে। এজন্যে ৮ সদস্য বিশিষ্ট একটি কমিটি করা হয়েছে।











