ছাত্রলীগ কর্মী বললেন, নূর নিজেও আমাকে মারছে (ভিডিও)
নিজস্ব প্রতিবেদক : নবনির্বাচিত ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি নুরুল হক নূরসহ তার দলের নেতাকর্মীরা ফেরদৌস আলম নামে একজনকে মারধর করেছেন বলে অভিযোগ উঠেছে। ওই তরুণ নিজেকে ছাত্রলীগের কর্মী হিসেবে দাবি করেছেন।
ভুক্তভোগী ওই কর্মী বলেন, ‘আমি আত্মরক্ষার্থে ওপরে উঠেছি, সেখানে গিয়ে ওরা মারছে আমাকে। নূরু হচ্ছে ওপরের দুতলায়। প্রভাত ফেরির পাশের রুমে নূরু আছে। তারা পর্যন্ত আমাকে মেরেছে। আমাকে সম্পূর্ণ…মারতে ধরছিল। আমি আর কিছু বলব না এখন।’
নূরুসহ ছাত্রদলের লোকজন মিলে তাকে মারধর করেছেন বলেও অভিযোগ করেন তিনি। এ সময় তৌহিদুল ইসলাম নামে ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ দলের সদস্য আহত হয়েছেন বলে জানা যায়।
এদিকে, ক্যাম্পাসে আসার পর ডাকসুর নবনির্বাচিত ভিপি, কোটা সংস্কার আন্দোলনকারীদের নেতা নূরুল হক নূরের ওপর হামলা করেছে ছাত্রলীগ।
দুপুরে মিছিল নিয়ে ভিপি নূরসহ তার সমর্থকরা টিএসসি এলাকায় আসলে তাদের ওপর হামলা চালান ছাত্রলীগের নেতাকর্মীরা। পরে নূরসহ তার সমর্থকরা টিএসসির ভেতরে গিয়ে আশ্রয় নেন।
পরে এর প্রতিবাদে টিএসসির বাইরে বিক্ষোভ করেন বাম সংগঠনগুলো। তাদের বিক্ষোভের মুখে ছাত্রলীগের নেতাকর্মীরা সেখান থেকে চলে যায়। পরিস্থিতি কিছুটা শান্ত হলে নূরসহ তার দলের নেতাকর্মীরা টিএসসি থেকে বের হয়ে বাম সংগঠনগুলোর সঙ্গে বিক্ষোভে যোগ দেন।
দুপুর আড়াইটায় শেষ খবর পাওয়া পর্যন্ত ছাত্রদল বাদে ডাকসু নির্বাচন বর্জনকারী সব দল একসঙ্গে নির্বাচন বাতিলের দাবি ক্যাম্পাসে বিক্ষোভ করছে। এ সময় নেতাকর্মীদের মুখে ‘ছাত্রবন্ধু নূর ভাই কারচুপিতেও হারে নাই’ এমন নানা স্লোগান দিতে শোনা যায়।
প্রসঙ্গত, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে সহসভাপতি (ভিপি) নির্বাচিত হয়েছেন কোটা সংস্কার আন্দোলনের নেতা নুরুল হক নূর। তিনি পেয়েছেন ১১ হাজার ৬২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রলীগ সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন পেয়েছেন ৯ হাজার ১২৯ ভোট।
ডাকসু নির্বাচনের ফলাফল ঘোষণার পর থেকেই নূরকে সহসভাপতি (ভিপি) হিসেবে মানছেন না ছাত্রলীগ। এ জন্য ভিপি পদে পুনরায় নির্বাচন দাবি করে ছাত্রলীগ ক্যাম্পাসে বিক্ষোভ করে আসেছে।
https://www.facebook.com/amadersomoy/videos/2627669767304098/?t=0










