ভিপি পদে পুনঃনির্বাচন দাবি ছাত্রলীগের
নিজস্ব প্রতিবেদক : কোটা সংস্কার আন্দোলন ও বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের নেতা নুরুল হক নূরকে সহসভাপতি (ভিপি) হিসেবে মানবে না ছাত্রলীগ। এ জন্য ভিপি পদে পুনরায় নির্বাচন দাবি করছেন ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী।
ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ফলাফল ঘোষণার পর নূরের বহিষ্কারের দাবিতে গতকাল সোমবার দিবাগত রাত সোয়া ৩টার দিকে ঢাবি উপাচার্য অধ্যাপক আখতারুজ্জামানকে অবরুদ্ধ করে রাখেন ছাত্রলীগের নেতাকর্মীরা। এ সময় সাংবাদিকদের কাছে গোলাম রাব্বানী এ কথা স্বীকার করেন।
ছাত্রলীগের সাধারণ সম্পাদক বলেন, ‘আমরা বারবার বলছি, এখানে ভিপি পদে যিনি নির্বাচিত হয়েছেন, তিনি একটি ইমোশনালি ম্যানুপুলেট করেছে ইলেকশনকে। আমাদের বোনদেরকে, ভাইদেরকে বিভ্রান্ত করেছেন একে মিথ্যাচারের মাধ্যমে। যেটা তিনি প্রতারণার আশ্রয় নিয়েছেন। এ জন্য আমরা আমাদের ডাকসুর যে প্রেসিডেন্ট অনারেবল ভাইস চ্যাঞ্চেলর, তার কাছে আবেদন করছি যেন সিন্ডিকেটে কথা বলে পুনরায় এই পদটির জন্য ইলেকশন হয়, এটা শিক্ষার্থীদের দাবি।’
নির্বাচনে ভোট কারচুপি হয়েছে কিনা-এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘আমরা ভোট কারচুপির কোনো দাবি করছি না। আমরা বলছি, এখানে প্রতারণার আশ্রয় নেওয়া হয়েছে। প্রতারণা আশ্রয় নেওয়া হয়েছে মিথ্যা গুজব ছড়িয়ে।’
তাহলে ভিপি পদে পুনরায় নির্বাচন দাবি করছেন কিনা-জানতে চাইলে রাব্বানী বলেন, ‘অবশ্যই, ভিপি পদে আমরা পুনর্নিবাচন দাবি করছি।’
এদিকে সকাল থেকেই ভিপি পদের ফলাফল বাতিল চেয়ে বিভিন্ন হল থেকে দলে দলে নেতাকর্মীরা উপাচার্যের (ভিসি) বাসবভনের সামনে জড়ো হয়ে বিক্ষোভ করেন। এ সময় মিছিল থেকে নেতাকর্মীরা ভিপি পদের ফল প্রত্যাখ্যান করে স্লোগান দিতে থাকেন।
এর আগে গতকাল সোমবার দিবাগত রাত সাড়ে ৩টার পরে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে উপাচার্য অধ্যাপক আখতারুজ্জামান বিজয়ীদের নাম ঘোষণা করেন। এ সময় উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. নাসরীন আহমেদ, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক সামাদ, চিফ রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক এস এম মাহফুজুর রহমান প্রমুখ
ডাকসু নির্বাচনে নূরুর প্রাপ্ত ভোট ছিল ১১ হাজার ৬২টি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন পান ৯ হাজার ১২৯ ভোট।
নুরুল হক ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। কোটা সংস্কার আন্দোলনে নেতৃত্ব দেওয়া সংগঠন বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম আহ্বায়ক তিনি। পটুয়াখালীতে জন্ম নেওয়া এই শিক্ষার্থী এর আগে কোটা সংস্কার আন্দোলন করতে গিয়ে হামলা, মামলা ও কারাবরণের মুখোমুখি হন।










