মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ডাকসুর ভিপি হলেন কোটা আন্দোলনের নেতা নূর

news-image

নিজস্ব প্রতিবেদক : নানা অনিয়মের অভিযোগ এবং অধিকাংশ প্যানেল প্রার্থীদের ভোট বর্জনের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ভিপি পদে জয়ী হয়েছেন কোটা সংস্কার আন্দোলনকারীদের নেতা নুরুল হক নূর। তিনি পেয়েছেন ১১ হাজার ৬২ ভোট। আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন পান ৯ হাজার ১২৯ ভোট।

সোমবার অনুষ্ঠিত এই নির্বাচনে ছাত্র হলগুলোতে ছাত্রলীগ একচেটিয়া জয় পেলেও ছাত্রী হলগুলোকে জয়ী হয়েছে কোটা সংস্কারের আন্দোলনকারী স্বতন্ত্র প্রার্থীরা। এবারই প্রথম সরকারি দল সমর্থিত ছাত্র সংগঠনকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদে (ডাকসু) অধিকাংশ আসনে বিজয়ী হতে দেখা গেলেও ভিপি পদের ক্ষেত্রে আগের ধারাবাহিকতাই থাকল। স্বাধীনতার পর এবারই প্রথম ছাত্র সংগঠনগুলোর প্যানেলের বাইরে থেকে কাউকে ডাকসুর ভিপি পদে দেখার সুযোগ ঘটছে।

গতকাল সোমবার দিবাগত রাত সাড়ে ৩টার পরে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে উপাচার্য অধ্যাপক আখতারুজ্জামান বিজয়ীদের নাম ঘোষণা করেন। এ সময় উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. নাসরীন আহমেদ, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক সামাদ, চিফ রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক এস এম মাহফুজুর রহমান প্রমুখ।

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে গত বছর বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ ব্যানারে জোরাল আন্দোলনের নেতৃত্ব দিয়ে পরিচিত পান এই ফোরামের যুগ্ম আহ্বায়ক নূর। তারপর হামলা, মামলা, নির্যাতনের সয়ে ইংরেজি বিভাগের এই ছাত্র এবার শিক্ষার্থীদের প্রতিনিধি হয়ে যাচ্ছেন ডাকসুতে।

এর আগে সোমবার ভোটগ্রহণের সময় রোকেয়া হলে নূরের উপর ছাত্রলীগ হামলা চালায় বলে অভিযোগ উঠে। দুপুরের ওই ঘটনায় আহত হন এই ভিপি প্রার্থী; যদিও একে ‘নাটক’ বলেছেন ছাত্রলীগ সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী। জিএস পদে ছাত্রলীগের এই নেতা ১০ হাজার ৪৮৪ ভোট হয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের রাশেদ খান পেয়েছেন ৬ হাজার ৬৩ ভোট।

এজিএস পদে জয়ী হয়েছেন ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন ১৫ হাজার ৩০১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের ফারুক হোসেন পেয়েছেন ৫ হাজার ৮৯৬ ভোট।

রাত সাড়ে ৩টার পর সিনেট ভবনে উপাচার্য ও ডাকসুর সভাপতি অধ্যাপক আখতারুজ্জামান যখন বিজয়ীদের নাম ঘোষণা করছিলেন, তখন সেখানে ছাত্রলীগের ভিপিপ্রার্থী শোভনসহ অন্যরা উপস্থিত ছিলেন। ভিপি পদে নূরের নাম বিজয়ী হিসেবে ঘোষণার সঙ্গে সঙ্গে হৈ চৈ শুরু করেন, তারা ভিপি পদের ফল না মানার ঘোষণা দিয়ে শিক্ষক লাঞ্ছনা ও ব্যালট ছিনতাইকারীয়ের জন্য নূরকে দায়ী করে তাকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কারের দাবি জানান।

রাব্বানী বলেন, ‘সাধারণ শিক্ষার্থীদের ইমোশনকে ব্যবহার করে রোকেয়া হলের প্রভোস্টের উপর হামলা চালিয়েছে। সাধারণ শিক্ষার্থীরা মামলা করেছে। আমরা ব্যবস্থা নেওয়ার দাবি জানাই।’ নূরকে ইসলামী ছাত্রশিবির সংশ্লিষ্ট দাবি করেও স্লোগান তোলেন ছাত্রলীগের নেতাকর্মীরা।

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ২৫টি পদের ২৩টিতে ছাত্রলীগের প্যানেলের (সম্মিলিত শিক্ষার্থী পরিষদ) প্রার্থীরাই জয়ী হয়েছেন। ভিপির পাশাপাশি সমাজসেবা সম্পাদক পদে সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের আখতার হোসেন জয়ী হয়েছেন।

এর আগে এই নির্বাচনে ভোটগ্রহণ শেষ হওয়ার আগে অধিকাংশ প্রার্থীর সঙ্গে নূরুল হক নূরের প্যানেলও নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছিল। ছাত্রদল, বাম জোট ও স্বতন্ত্র প্যানেলের প্রার্থীরা ব্যাপক কারচুপির অভিযোগ তোলেন। আগে থেকে ব্যালট বাক্স ভর্তি করা হয়েছিল বলে তাদের অভিযোগ, ছাত্রলীগের বিরুদ্ধে ভোটারদের বাধা দেওয়া অভিযোগও তুলেছেন।

অন্যদিকে ছাত্রলীগ নেতাদের দাবি, নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে এবং তাদের ঠেকাতে ছাত্রদলসহ অন্য প্যানেলগুলো পরিকল্পিতভাবে ‘নাটক’ সাজিয়েছে।

এদিকে বিচ্ছিন্ন দুই-একটি ঘটনা ছাড়া সুষ্ঠু ও উৎসবমুখর নির্বাচন হয়েছে বলে উপাচার্য অধ্যাপক আখতারুজ্জামান দাবি করলেও এই নির্বাচনের প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক মাহফুজুর রহমান কুয়েত মৈত্রী হলের ঘটনায় ‘বিব্রত ও ভাষাহীন’ হওয়ার কথা বলেছেন।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক